ফুটবলে সেরা বিকেএসপি

বিকেএসপির খেলোয়াড়রা গতকাল শনিবার অষ্টম বাংলাদেশ গেমসের সবচেয়ে আকর্ষণীয় প্রতিযোগিতাগুলোর একটি ফুটবলে স্বর্ণ জয়ের সাথে সাথেই আনন্দে আত্মহারা হলো। ফাইনালে বরিশালকে ২-১ গোলে হারানোর পর তারা একে অপরের গায়ের উপর হুমড়ি খেয়ে পড়েন। আনন্দে দৌড়ে ছিটকে পড়েন ঘাষের উপর। তাদের এমন আনন্দের কারণ প্রথমবার গেমস ফুটবলে খেলতে এসেই স্বর্ণপদক জয়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বিকেএসপির পক্ষে গোল দুটি করেন রোহিত সরকার। বরিশালের নোমান এক গোলে পিছিয়ে পড়ার পর তিন মিনিটের মধ্যে দলকে সমতা ফেরালেও জয়ের সুযোগ কাজে লাগাতে পারেনি। গেমস ফুটবলে গ্রুপ পর্যায়ের ম্যাচেও বিকেএসপি ১-০ গোলে হারিয়েছিল বরিশালকে। গতকাল ফাইনালে শোধ নেয়ার সুযোগ পেয়েও বরিশাল ব্যর্থ হয়েছে তা কাজে লাগাতে। গোল হজম করে খেলায়ও ফিরেছিল দলটি। কিন্তু সেটা ধরে রাখতে পারেনি তারা। বরিশালের কোচ সাবেক ফুটবলার স্বপন দাস বলেন, ‘মাত্র তিন দিনের অনুশীলন করে আমরা এসেছি গেমস ফুটবলে খেলতে। এটা একটা দলের জন্য যথেষ্ট নয়।’ বিকেএসপির ছেলেরা নমব ও দশম শ্রেণীর ছাত্র। কোচ পরিতোশ দেওয়ান এবং হাসান আল মাসুদ দলটাকে গড়ে তুলেছেন। মাসুদ জাতীয় দলের সাবেক ফুটবলার হাসান আল মামুনের ভাই। দুই বছর ধরে মাসুদ বিকএসপিতে ফুটবল কোচ হিসেবে কাজ করছেন। কাল ফাইনাল শেষে তিনি জানালেন দুই মাসের প্রশিক্ষণ নিয়ে খেলতে নামে বিকেএসপি। বরিশালের ফুটবলাররা প্রথম বিভাগ লিগে খেলছে। কিছু জুনিয়র ফুটবলার রয়েছেন দলে। প্রশিক্ষণের জন্য দলটা পর্যাপ্ত সময় পেলে আরো ভালো ফল করতে পারতো বলেই মনে হয়েছে কাল। বরিশাল গ্রুপ ম্যাচে হেরেছিল বলে কাল প্রতিশোধ পালায় মাঠে নেমে ২৮ মিনিটেই গোল হজম করে। বিকেএসপির রেহিত সরকার গোল করেন ১-০। তিন মিনিট ব্যবধানে গোলটা ফিরিয়ে দিয়ে বরিশালকে খেলায় ফেরান নোমান ১-১। ৭৪ মিনিটে রোহিত সরকারের দ্বিতীয় গোল বিকেএসপিকে স্বর্ণপদক জয়ের সুযোগ করে দেয়। বরিশালকে সন্তুষ্ট থাকতে হয় রৌপ্য জয়েই। অপরদিকে কমলাপুর স্টেডিয়ামে ঝিনাইদহ ২-১ গোলে নোয়াখালী জেলাকে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে। গতকাল ফাইনাল খেলা শেষে পুরস্কার বিরতণ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিকেএসপি ঃ মাহফুজ, ঊষা চিং, শাহিন,জয়নাল, মঞ্জুরুর, বাইবেক মণ্ডল, কবিরুল ইসলাম, মোজাহিদ, রোহিত সরকার, রাতুল ইসলাম, সাদ্দাম হোসেন, রুবেল হোসন, মাসদু, মোহাইমিমুল, ফয়সাল, শাহরিয়ার, আকাশ, সজিব। বরিশাল ঃ টিটু, রহিম, মামুন, জুয়েল, ইভান, নোমান, রিমন, জুয়েল, রাকিব, মৃদুল, শিমুল, ফেরদৌস, মিরাজ, সাব্বির, রাজ্জাক, জাহিদুল, জুম্মন, আজাদ।