কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কটিয়াদীতে চলন্ত বাসে নার্সকে ধর্ষণ করে হত্যার প্রতিবাদ ও ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন এবং সড়ক অবরোধ করেছে বিক্ষুদ্ধরা। পাকুন্দিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতৃত্বে কিশোরগঞ্জ টু ঢাকা সড়কে পাকুন্দিয়া উপজেলা পরিষদ গেটের সামনে বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়।
পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোকলেছুর রহমান এসে বিক্ষুব্ধ জনতার দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং যান চলাচল স্বাভাবিক করে দেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তারেক হাসনাত তারেক, উপজেলা ছাত্রলীগ নেতা মো. পারভেজ মিয়া, পাকুন্দিয়া সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি প্রার্থী সাকিবুল হাসান মুন্না।
আরও পড়ুন: চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় ইবনে সিনা হাসপাতালের নার্স শাহীনুর আক্তার তানিয়া ঢাকার বিমান বন্দর স্টেশন থেকে স্বর্ণলতা পরিবহনের একটি বাসযোগে নিজ বাড়ি কটিয়াদী উপজেলার লোহাজুরি ইউনিয়নের বাহেরচর গ্রামে আসার পথে রাত ৮টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে গজারিয়া জামতলী এলাকায় ধর্ষণের শিকার হন। বাসের ড্রাইভার ও হেলপার তাকে ধর্ষণ করে হত্যা করে রাস্তায় ফেলে দেয়।
ইত্তেফাক/বিএএফ