বার্সেলোনায় নাদালের অষ্টম শিরোপা
প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৩, ২১:৪৭
বার্সেলোনা ওপেনে নিজের অষ্টম শিরোপা জয় করলেন রাফায়েল নাদাল। টুর্নামেন্টের ফাইনালে গত রবিবার তিনি ৬-৪, ৬-৩ গেমে হারান স্বদেশি স্প্যানিয়ার্ড নিকোলাস আলমেগ্রোকে।
ফাইনালের আগেই নাদাল বলেছিলেন, টুর্নামেন্টে তার অতীত রেকর্ড যাই হোক না কেন আলমেগ্রোর সঙ্গে লড়াইটা ভালই জমবে তার। ম্যাচের প্রথম তিনটি গেমই জিতে নিয়ে কঠিন এক লড়াইয়েরই ইঙ্গিত দেন আলমেগ্রো। তবে এরপরই ম্যাচে ফিরে আসেন নাদাল। দুর্দান্ত কিছু সার্ভের পাশাপাশি দারুণ কিছু ব্যাকহ্যান্ড-ফোরহ্যান্ড খেলে বুঝিয়ে দেন কেন এই টুর্নামেন্টে গত এক দশক ধরে অপরাজিত তিনি। ৬-৪ গেমে এই সেটটি জিতে নেয়ার পরে ৬-৩ গেমে দ্বিতীয় সেটটিও নিজের করে নেন তিনি। এই টুর্নামেন্টে এটি নাদালের টানা ৩৯ তম জয়। ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত টানা পাঁচটি আসরে শিরোপার পরে ২০১০ সালে নাদাল ইনজুরির কারণে খেলতে পারেননি। তবে এনিয়ে সর্বশেষ তিনটি শিরোপা জিতে বার্সেলোনায় আবারো একাধিপত্য বিস্তার করলেন তিনি।
ইনজুরি থেকে ফেরার পরে এবছর এটি নাদালের চতুর্থ শিরোপা। আর ক্যারিয়ারের ৫৪ তম। মন্টে কার্লোতে টানা নয় বছর রাজত্ব করার পরে গত সপ্তাহে নোভাক জোকোভিচের সাম্রাজ্য হারান সাবেক বিশ্বসেরা খেলোয়াড়টি। বার্সেলোনার শিরোপাটা নাদালকে হয়তো সেই দু:খ ভুলতে কিছুটা হলেও সাহায্য করবে। জয়ের পরে ২৬ বছর বয়সী এই খেলোয়াড় বলেন, ‘আমি খুবই আনন্দিত। এখানে শিরোপা জেতাটা ছিল আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে কঠিন সময়ের মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে তার পরে এটি খুবই আনন্দদায়ক।’