বা ং লা দে শ গে ম স

নৌবাহিনী দলকে সংবর্ধনা দিলেন নৌ প্রধান

অষ্টম বাংলাদেশ গেমসে অংশগ্রহণকারী বাংলাদেশ নৌবাহিনী সাঁতার, বাস্কেটবল ও অ্যাথলেটিক্স দলকে গত রবিবার নৌ সদর দফতরে সংবর্ধনা প্রদান করেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব। নৌবাহিনী দল বাংলাদেশ গেমসের সাঁতারে ৩৮টি ইভেন্টের মধ্যে ২২টিতে সোনা জয় করে শ্রেষ্ঠত্ব লাভ করে। প্রতিযোগিতায় মাহফিজুর রহমান চারটি নতুন জাতীয় রেকর্ডসহ মোট সাতটি সোনা জয় করে অসামান্য কৃতিত্ব দেখান। তিনি ৫০, ১০০, ২০০ ও ৪০০ মিটার ফ্রি স্টাইলে চারটি নতুন জাতীয় রেকর্ড করেন। নৌবাহিনী দলের মহিলা সাঁতারু নাজমা খাতুন সাতটি সোনা ও তিনটি রৌপ্য জয় করে মেয়েদের মধ্যে একক আধিপত্য স্থাপন করেন। পাশাপাশি সোনিয়া আক্তার টুম্পা ১০০ মিটার বাটারফ্লাইয়ে নতুন জাতীয় রেকর্ডসহ মোট ছয়টি সোনা ঘরে তোলেন। এছাড়া মাহফুজা খাতুন শীলা পাঁচটি ও লিমা আক্তার লাকী তিনটি সোনা জয় করেন। অন্যান্য ইভেন্টে অনিক ইসলাম চারটি, শরিফুল ইসলাম ও রুবেল রানা তিনটি করে এবং নজরুল ইসলাম একটি সোনা জয় করেন। বাংলাদেশ গেমসের বাস্কেটবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নৌবাহিনী। এছাড়া এ্যাথলেটিক্সের পোলভোল্টে হুমায়ুন কবির, ২০ কি.মি. হাঁটায় রুবেল রানা, উচ্চলাফে সজিব হোসেন ও দীর্ঘ লাফে আল আমিন একটি করে স্বর্ণপদক লাভ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে সহকারী নৌ প্রধান (পার্সোনেল) কমডোর এম মকবুল হোসেনসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। - প্রেস বিজ্ঞপ্তি