নমনীয় টিভি-স্মার্টফোন নিয়ে আসছে এলজি

ডিসপ্লে প্রযুক্তিতে গত এক দশকে ঘটে গেছে যুগান্তকারী সব পরিবর্তন। সেই চিরচেনা সিআরটি ডিসপ্লে’র পর একে একে এসেছে এলসিডি, এলইডি, ওএলইডি ডিসপ্লে। এ ছাড়া মোবাইল ডিভাইসগুলোর জন্য ডিসপ্লেতে এসেছে টাচস্ক্রিনসহ আরও নানা প্রযুক্তি। এর ধারাবাহিকতায় গত কয়েকবছর ধরেই আলোচনায় রয়েছে নমনীয় ডিসপ্লে। নমনীয় ডিসপ্লে’র স্মার্টফোন আর ট্যাবলেট পিসি বাজারে নিয়ে আসার চেষ্টা করছে অনেকেই। তবে তাদের পেছনে ফেলে বোধহয় এলজিই সর্বপ্রথম নমনীয় স্মার্টফোন নিয়ে আসতে পারবে। আগামী মাসেই নমনীয় ডিসপ্লে’র ওএলইডি টেলিভিশন বাজারজাত করার মাধ্যমেই নমনীয় ডিসপ্লে’র সাথে বিশ্বকে প্রথমবারের মতো পরিচয় করিয়ে দেবে এলজি বাণিজ্যিকভাবে। দক্ষিণ কোরিয়ায় আাাগামী মাস থেকে এই টেলিভিশন বাজারজাত করা শুরু করবে তারা। এলজি সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৫৫ ইঞ্চি আকৃতির মডেলের নমনীয় ওএলইডি টেলিভিশনের দাম তারা রাখবে সাড়ে ১৩ হাজার ডলার। এর আগে অবশ্য স্যামসাং এবারের কনজ্যুমার ইলেকট্রনিক্স শোতে প্রদর্শন করে এরকম নমনীয় ওএলইডি টেলিভিশনের একটি প্রোটোটাইপ প্রদর্শন করে। তবে এখনও পর্যন্ত এই টেলিভিশন স্যামসাং বাজারে নিয়ে আসার বিষয়ে কোনো দিনক্ষণ ঘোষণা করতে পারেনি। তাদের টেক্কা দিয়েই এলজি বাজারে প্রথম নিয়ে আসছে এই টিভি। এলজি জানিয়েছে, তাদের এই টেলিভিশনের পুরুত্ব মাত্র ৪.৩ মিলিমিটার এবং ওজন ১৭ কেজি। পাঁচ বছরেরও বেশি সময় ধরে এলজি এই টিভি নিয়ে গবেষণা করে আসছে। এতে আই-ম্যাক্স সিনেমার মতো অনুভূতি পাওয়া যাবে। এদিকে নমনীয় ডিসপ্লে’র এই টেলিভিশনের পর এলজি চলতি বছরেই নমনীয় স্মার্টফোন নিয়ে আসার পরিকল্পনা করেছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। স্মার্টফোনের বাজারে স্যামসাংয়ের রাজত্বে এলজি খুব বেশি সুবিধা না করতে পারলেও এই নমনীয় স্মার্টফোন বাজারে আনতে পারলে তা তাদের অবস্থাকে কিছুটা উন্নত করবে বলেই ধারণা করা হয়েছে এই প্রতিবেদনে। আর এই প্রযুক্তি স্মার্টফোনের বাজারকে আরও জনপ্রিয় করে তুলবে বলেই ধারণা এলজি’র।