পেশাদার লিগের ফুটবলারদের দলবদল

আগামী মৌসুমের জন্য এখনই নেমে পড়েছে ক্লাবগুলো

পেশাদার ফুটবল লিগের চলতি আসরের বিদায়ের রাগিনীর মধ্যেই ক্লাবগুলো আগামী মৌসুমের দল গঠনের জন্য খেলোয়াড়দের সাথে কথা বলতে শুরু করেছে। শোনা যাচ্ছে ঘর ভাঙ্গছে শেখ রাসেল ক্রীড়াচক্রের। তাদের অনেক খেলোয়াড়ই নতুন জার্সি গায়ে চাপানোর অপেক্ষায়। শেখ রাসেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় মামুনুল ইসলাম দল পরিবর্তন করে বড় অঙ্কের টাকায় শেখ জামালে খেলতে যাচ্ছেন। রাসেল ছেড়ে জামালে যাচ্ছেন লিংকন, বিজেএমসির কেষ্ট কমুার বোস, তরুণ ফুটবলার তকলিস আহমেদ। মোহামেডানের ফরোয়ার্ড সোহেল রানা, মোবারক হোসেন যাচ্ছেন জামালে। সাথে সাদাকালো দলের গোলকিপার মামুন খানকে নেয়ার চেষ্টা করছে শেখ জামাল। জানা গেছে, মামুনুল ইসলামের জন্য তারা ৩৬ লাখ টাকার চুক্তি করছে। এই দলটি আবাহনী শিবিরেও হানা দিয়েছে। স্ট্রাইকার শাখাওয়াত হোসেন রনি গোলকিপার হিমেলও আবাহনী ছেড়ে জামালের সাথে আলোচনা করে রেখেছেন বলে গতকাল সন্ধ্যায় একটি সূত্র জানায়। কিন্তু দল ভেঙ্গে যাওয়ার ব্যাপারে কোনো কথা বলতে নারাজ শেখ রাসেলের সভাপতি নুরুল আলম চৌধুরী। তার কাছে এ ব্যাপারে জানতে চাইলে শুধু বললেন, ‘দলবদল নিয়ে ভাবছি না। অন্যরা ভাবুক আমি ভাববো না’। শেখ রাসেল ভেঙ্গে যাচ্ছে বলা হলে তার উত্তর, ‘ঘর মানেই ভাঙ্গা-গড়ার খেলা। এক জায়গায় ভাঙ্গবে অন্য দিক থেকে গড়বে’। পেশাদার লিগে মোহামেডানের খেলা শেষ। তারা হয় চতুর্থ না হয় পঞ্চম হবে, এটা নিশ্চিত। এরই মধ্যে মোহামেডান সিদ্ধান্ত নিয়েছে এবার তারা বড় দল গড়বে। তাদের হাতে আছে অর্থ। কিন্তু পছন্দের খেলোয়াড় চূড়ান্ত করতে পারছে না তারা। ফুটবলারদের পারিশ্রমিক এবার চড়া। দাম হাঁকাচ্ছে সবাই। তবে দলগঠনের ব্যাপারে সরাসরি কেউ মুখ খুলছে না। মোহামেডানের পরিচালক (ইনচার্জ) লোকমান হোসেন ভুঁইয়া জানিয়েছেন তারা আগের দলটা রাখবেন। কেউ তাদের খেলোয়াড় তুলে নিতে পারেব না। বর্তমান দল থেকে কিছু খেলোয়াড় তারা বাদ দেবেন। কোন ফুটবলারদের নেয়া হচ্ছে সেটা তার কাছ থেকে জানা না গেলেও অন্য একটি সূত্র জানিয়েছে শেখ রাসেলের তিনজন এবং শেখ জামালের দু’জনসহ পাঁচ খেলোয়াড় এরই মধ্যে নিশ্চিত করেছে সাদাকালো দলে খেলার বিষয়টি। মোহামেডানের সদস্য আব্দুর রব জানান, মোহামেডান সেরা দলই গড়বে এবার। বর্তমান লিগে যারা ভালো পারফর্ম করেছে তাদের নিয়েই মোহামেডান মাঠে নামবে।’ জানা গেছে, শেখ রাসেলের ডিফেন্ডার মামুন মিয়া, স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি, রাইট উইংগার জাহিদ হোসেন, শেখ জামালের লেফট উইংগার এমিলির ভাই শাকিল আহমেদ এবং ডিফেন্ডার আরিফুল ইসলাম খেলবেন মোহামেডানে। এই পাঁচজনকে নিতেই প্রায় পৌনে দুই কোটি টাকা পারিশ্রমিক দিতে হচ্ছে বলে জানা গেছে। ফুটবলাররা কে-কোন্ দলে যাবেন তা রেজিস্ট্রেশন না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাবে না। কেননা এক ক্লাবের সাথে কথা বলেও আরো বড় ‘অফার’ পেয়ে অন্য ক্লাবে চলে যান অনেক ফুটবলারই।