ঘুষ নেয়ার অভিযোগে হ্যাভেলাঞ্জের পদত্যাগ

ঘুষ নেয়ার অভিযোগ উঠায় জোয়াও হ্যাভেলাঞ্জ ফিফার সম্মানিক প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন। ফিফার পরিচালনা পর্ষদ গতকাল মঙ্গলবার এক ঘোষণায় এ খবরের সত্যতা নিশ্চিত করে। বর্তমানে দেউলিয়া ঘোষিত সুইজারল্যান্ডভিত্তিক বিপণন সংস্থা আইএসএল’র সঙ্গে বিশ্বকাপের টেলিভিশন স্বত্ব নিয়ে সৃষ্ট বিতর্কে হ্যাভেলাঞ্জের সংশ্লিষ্টতা খুঁজে পায় ফিফা। মূল ঘটনা খুঁজে বের করতে গঠন করা হয় একটি ‘এথিক্স কমিটি’। আর এই কমিটির রিপোর্টে ফিফার সম্মানিক প্রধান হিসেবে হ্যাভেলাঞ্জের কর্মকাণ্ডকে নৈতিকতাবিরোধী বলে উল্লেখ করা হয়। কমিটির প্রধান হ্যান্স জোয়াকিম একার্ট তার রিপোর্টে বলেন, ‘নৈতিকতার বিচারে তার (হ্যাভেলাঞ্জের) কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ।’ ধারণা করা হচ্ছে বর্তমানে ৯৬ বছর বয়সী হ্যাভেলাঞ্জ ফিফার সপ্তম প্রধান হিসেবে ১৯৭৪ থেকে ১৯৯৮ সালের মেয়াদকালে তিনি অন্যায়ভাবে অর্থ গ্রহণ করেছেন। অভিযোগ না উঠলেও এথিক্স কমিটির প্রতিবেদনে উঠে এসেছে বর্তমান সভাপতি সেপ ব্লাটারের নামও। কারণ হ্যাভেলাঞ্জের বরাবর আইএসএল’র প্রায় ১৬ লাখ ডলার পাঠানোর ব্যাপারটা ব্লাটার জানতেন। তবে জেনেও এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেননি তিনি। কমিটি ব্লাটারের বিষয়টিকে ‘বেআইনি’ নয়, বরং ‘অগোছালো’ বলে আখ্যায়িত করেছে। এই প্রতিবেদনের বক্তব্যকে স্বাগত জানিয়ে ব্লাটার বলেন, ‘ফিফার এথিক্স কমিটির প্রধান হ্যান্স জোয়াকিম একার্টের প্রতিবেদনের সারাংশ আমি পড়েছি। যে বিষয়টি আমার দৃষ্টি আকর্ষণ করেছে তা হলো হ্যান্স প্রতিবেদনের শেষে উল্লেখ করেছেন আইএসএল’র সঙ্গে সম্পর্কিত এই বিষয়টিতে অন্য কোন কর্মকর্তা জড়িত নন।’