রংপুর-৬ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিজের মনোনয়নপত্র জমা দিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর-৬ আসনের সহকারী রিটার্নিং অফিসার ও পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এমএ মমিনের কাছে প্রথমে প্রধানমন্ত্রীর ও পরে নিজের মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র দাখিল শেষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের জানান, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রংপুর-৬ আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছি। এরপর আমিও মনোনয়নপত্র দাখিল করলাম। এখানে আমার ব্যক্তিগত কোনও বিষয় নেই। দল সিদ্ধান্ত নেবে এ আসনে কে নির্বাচন করবেন। দলের সিদ্ধান্তই চূড়ান্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সিদ্ধান্ত দেবেন কে নির্বাচন করবে।
আরও পড়ুন: কোটালীপাড়ায় শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র দাখিল
এদিকে মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় জা রওশন আরা ওয়াহেদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, পীরগঞ্জ পৌর মেয়র থানজিবুল ইসলাম শামীম, আওয়ামী লীগ নেতা শাহাদত হোসেন পিন্টু, আজিজুর রহমান রাঙ্গা, মোনায়েম সরকারসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যবৃন্দ।
আরও পড়ুন: গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রীর মনোনয়নপত্র দাখিল করা হচ্ছে আজ
ইত্তেফাক/বিএএফ