এবার আমেরিকায় শেখ মানসুর
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৩, ২১:৫৯
ম্যানচেস্টার সিটির মালিক দুবাইয়ের শেখ মানসুর এবার নতুন চ্যালেঞ্জ নিচ্ছেন । ইংলিশ লিগের পর দশ কোটি ডলার বাজেট নিয়ে এবার আমেরিকার মেজর লিগ সকারে (এমএলএস) দল কিনতে যাচ্ছেন তিনি। স্পোর্টস মেইলের বরাতে জানা গেছে এ তথ্য।
ম্যান সিটির এই ধনকুবের মালিক এমএলএস কর্তৃপক্ষের সঙ্গে নতুন দল ক্রয় নিয়ে আলোচনা করছেন। তবে সেই আলোচনা চলছে একেবারেই গোপনীয়তার সঙ্গে। ধারণা করা হচ্ছে চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে দুই পক্ষই। আর শেখ মানসুরের দল আগামী মাসের শেষ দিকে চেলসির বিরুদ্ধে নিউইয়র্কে একটি প্রদর্শনী ম্যাচ খেলতে আসলে তখনই খোলাখুলিভাবে সব বিষয় জানানো হবে। তবে সিটির কোন খেলোয়াড় বা কোচই এখনই এ বিষয়ে মুখ খুলতে নারাজ। কারণ চুক্তি স্বাক্ষরের আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে।
এই ব্যাপারটার সঙ্গে জড়িত ব্যক্তিরা জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে নতুন ক্লাবটি ম্যান সিটির সঙ্গে একীভূত হবে এবং নিউইয়র্কের কুইন্সে হবে ক্লাবটির ঠিকানা। এমএলএস’র ২০১৬ মৌসুমে মাঠে নামার লক্ষ্য নিয়ে সাজানো হবে দলটি। যদিও দলের নাম এখনো ঠিক করা হয়নি। তবে স্পোর্টস মেইলের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে দলের নাম হতে পারে নিউইয়র্ক সিটি এফসি।
আমেরিকান ফুটবলের সঙ্গে শেখ মানসুরের যুক্ত হওয়াটা দেশটির ফুটবলে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে। ইউরোপের অন্যতম সেরা একটি ক্লাবের মালিক আমেরিকার ঘরোয়া ফুটবলে যুক্ত হলে সেটা লিগের গ্রহণযোগ্যতা এবং বাণিজ্যিক মূল্যকে বহুগুনে বাড়িয়ে দেবে বলেই সবাই মনে করছেন।