শেখ রাসেল আজ ড্র করলেই চ্যাম্পিয়ন

শেখ রাসেল ক্রীড়াচক্র আজ বুধবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাথে ড্র করলেই বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা জয় করবে। অপরদিকে উল্টো ফল হলে শিরোপা জয়ের আশা জিইয়ে রাখতে পারবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শিরোপা প্রত্যাশী শেখ রাসেল আজকের লড়াইয়ে নামার আগ পর্যন্ত ১৪ খেলায় ৩২ পয়েন্ট পেয়েছে। সমান ম্যাচে শেখ জামালের অর্জন ২৮ পয়েন্ট। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী এদের চেয়ে একটি বেশি খেলে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকলেও তাদের আর কোন আশা নেই। আবাহনীর খেলা আছে কেবল একটি। অপরদিকে শেষ পর্যায়ে এসে পড়া পেশাদার লিগটিতে শেখ রাসেল ও শেখ জামালের এখনো দু’টি করে খেলা বাকি। তাই আজ এক পয়েন্ট পেলেই শিরোপা জয়ের স্বাদ পাবে শেখ রাসেল। অপরদিকে শেখ রাসেল এ ম্যাচে হেরে গেলেও নিজেদের শেষ ম্যাচে সকার ক্লাবের বিরুদ্ধে জিতলে ৩৫ পয়েণ্ট নিয়ে চ্যাম্পিয়ন হবে। শেখ জামাল যদি চ্যাম্পিয়ন হতে চায় তাহলে আজ তাদের জিততেই হবে। শুধু এ জয়ই যথেষ্ট হবে না, অবশিষ্ট খেলায় ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে পুরো তিন পয়েন্ট পাওয়ার পাশাপাশি অপেক্ষায় থাকতে হবে যেন শেখ রাসেল লিগ নিজেদের শেষ খেলায় পরাস্ত হয়। তাইলেই কেবল সম্ভব শেখ জামালের চ্যাম্পিয়ন হওয়া। অংকের হিসেবে এমনটা সম্ভব হলেও বাস্তবে শেখ জামালে চ্যাম্পিয়ন হওয়া কঠিন। তার মধ্যে দলটি ফেনীতে গিয়ে অবনমনের শংকার মধ্যে থাকা স্বাগতিক সকার ক্লাবের কাছে হেরে লড়াই থেকে পিছিয়ে গেছে। এরকম প্রেক্ষাপটের মধ্যেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেল এবং শেখ জামালের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হবে বিকাল পাঁচটায়। শেখ রাসেল যদি আজ শিরোপা জিতে নেয় সেটি হবে এক মৌসুমে তাদের ‘ট্রেবল’ বা তৃতীয় টুর্নামেন্ট জয়। শেখ রাসেল ইতোপূর্বে চলতি মৌসুমের ফেডারেশন কাপ এবং স্বাধীনতা কাপ জিতে নিয়েছিল। তৃতীয় শিরোপার দ্বারপ্রান্তে দাঁড়িয়েও শেখ রাসেল ক্রীড়াচক্র আগে থেকে চ্যাম্পিয়নশিপ জয়ের আনন্দ করতে নারাজ। ক্লাবটির সভাপতি নুরুল আলম চৌধুরী গতকাল জানিয়েছেন তারা আগাম কোনো প্রস্তুতিও নেননি। তিনি বাস্তবতার বাইরে যেতে চান না। জানতে চাইলে শেখ রাসেল সভাপতি বলেন, ‘আগে চ্যাম্পিয়ন হই তারপরে উত্সব নিয়ে ভাবব।’ এ প্রসঙ্গে তিনি ইতিহাস টেনে বলেন, ‘অতীতে অনেক দলই শেষ ধাপে এসে ড্র করলেই চ্যাম্পিয়ন হয়। কিন্তু সেটা হয়নি।’ এরকম একটা ঘটনা ঘটেছিল ১৯৯৭ সালের প্রিমিয়ার লিগে। সেবার মিরপুর স্টেডিয়ামে লিগের শেষ ম্যাচে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ড্র করলেই মোহামেডান চ্যাম্পিয়ন হবে বলে উত্সবের প্রস্তুতি ছিল ম্যানেজার ইমতিয়াজ সুলতান জনির। কিন্তু সেই ম্যাচে ইমতিয়াজ আহমেদ নকিবের জোড়া গোলে শিরোপা ছিনিয়ে নিয়েছিল মুক্তিযোদ্ধা সংসদ। এসব ঘটনা মনে আছে শেখ রাসেল ক্লাবের সভাপতির। তাই তিনি আগাম উত্সবের প্রস্তুতি নাকচ করে দেন। আজকের খেলা শেখ রাসেল ঃ শেখ জামাল, বঙ্গবন্ধু স্টেডিয়াম, বিকাল ৫টা।