বার্সেলোনাকে ‘কলঙ্কিত’ করার জন্য ক্ষমা চাইলেন বেকেনবাওয়ার
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৩, ২২:০১
বেফাস কথা বলার জন্য বায়ার্ন মিউনিখের সাবেক প্রেসিডেন্ট ফ্রেঞ্জ বেকেনবাওয়ার শেষ পর্যন্ত চাপের মুখে নতী স্বীকার করতে বাধ্য হয়েছেন। আজ বুধবার নূ ক্যাম্প অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচকে সামনে রেখে তিনি দলকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন যে বার্সেলোনা, ‘ছল-চাতুরি দিয়ে উত্তেজিত করার চেষ্টা করবে।’ গত সপ্তাহে অনুষ্ঠিত প্রথম লেগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৪-০ গোলে পরাজিত হয়ে দেয়ালে পিঠ ঠেকে যায় কাতালানদের। এমন পরিস্থিতিতে সোমবার বায়ার্নকে উপদেশ দিতে গিয়ে তিনি বলেন যে, তাদের ওই গৌরবকে ধুলোয় মিশিয়ে দিতে বায়ার্নের বিপক্ষে কুট কৌশলের আশ্রয় নিতে পারে বার্সা। বেকেনবাওয়ারের ওই বক্তব্যে বার্সেলোনা অখুশি হতে পারে ভেবে গতকাল মঙ্গলবার ক্ষমা প্রার্থনা করেন জার্মানের ওই ফুটবল কিংবদন্তী। যাতে দুই ক্লাবের মধ্যে কোন প্রকার বিরূপ পরিবেশের সৃষ্টি না হয়। ব্যক্তিগত ওয়েবসাইটে বায়ার্নের সাবেক এই অধিনায়ক ও কোচ লিখেছেন, ‘আমার বক্তব্যের ভুল ব্যাখ্যার জন্য আমি দুঃখিত। আমি বলতে চেয়েছি যে বার্সেলোনা বায়ার্নকে চেপে ধরবে। তবে ‘কোন অবৈধ পন্থায় নয়।’