আইসিটি অধিদপ্তর ও মন্ত্রণালয় প্রসঙ্গে বিসিএস-এর প্রস্তাবনা

নবগঠিত আইসিটি অধিদপ্তর ও মন্ত্রণালয়ের অনুবিভাগসমূহে প্রস্তাবিত জনবল কাঠামো বাতিল এবং আইসিটি ক্যাডার সার্ভিস চালুর দাবীতে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা রাখা হয়। প্রস্তাবনায় বলা হয়, অতি সত্তর আইসিটি ক্যাডার সার্ভিস চালু করতে হবে। আইসিটি অধিদপ্তরের জন্য প্রস্তাবিত জনবল কাঠামো বাতিল করে তা তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের জন্য উপযোগী ও সম্মানজনক করতে হবে। বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে আইসিটি অনুবিভাগ/অধিশাখা/শাখার প্রস্তাবিত তথ্যপ্রযুক্তির টেকসই উন্নয়নে মোটেই সামঞ্জস্যপূর্ণ নয় বিধায় তা বাতিল করতে হবে। এ সকল মন্ত্রণালয়ে কর্মরত বিভিন্ন পর্যায়ের তথ্যপ্রযুক্তি কর্মকর্তাকে পদমর্যাদা অনুযায়ী আইসিটি ক্যাডার প্রতিষ্ঠা করে তাতে আত্তীকরণের মাধ্যমে সমন্বিত করতে হবে। বিসিসি’র ‘বেসিক আইসিটি’, ‘বাংলা গভ.’সহ অন্যান্য সরকারী প্রকল্পে চাকুরিরত কর্মকর্তাকে রাজস্ব খাতে এনে তাদেরকে আইসিটি ক্যাডারে অন্তর্ভুক্ত করতে হবে। তথ্যপ্রযুক্তি পেশাকে ‘টেকনিক্যাল পেশা’ হিসেবে ঘোষণা দিয়ে সংশ্লিষ্টদের টেকনিক্যাল ভাতা প্রাপ্তি নিশ্চিত করতে হবে। বিসিএস শিক্ষায় কম্পিউটার সায়েন্স বিষয়ের পর্যাপ্ত পদ সৃষ্টি করতে হবে। তথ্যপ্রযুক্তি পেশায় নিয়োজিত সহকারী প্রোগ্রামারের নিচের পদগুলিতে কর্মরত পেশাজীবীদের পদন্নোতির ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূর করতে হবে।