শ্রমিকদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করুন: প্রধানমন্ত্রী
প্রকাশ : ০২ মে ২০১৩, ২১:৩৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের কল্যাণ ও তাদের কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য শিল্পমালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ব্যবসা-বাণিজ্য সুন্দরভাবে পরিচালনা করতে হলে অবশ্যই শ্রমিকদের কল্যাণ ও তাদের কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট নীতি-নৈতিকতা মেনে চলতে হবে। একই সঙ্গে তিনি দেশের অর্থনীতির জন্য আত্মঘাতী কোন ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত এবং মিথ্যা প্রচারণায় বিপথগামী না হতে কল-কারখানার শ্রমিকদের প্রতি আহবান জানিয়ে বলেন, এ ধরনের কর্মকাণ্ড দেশের অর্থনীতির জন্য আত্মঘাতমূলক।
গত বুধবার মহান মে দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সাম্প্রতিক সময়ে যেসব শ্রমিক কলকারখানা ভাংচুরের সঙ্গে যুক্ত হয়েছেন, ভিডিও চিত্র দেখে অবিলম্বে তাদের গ্রেফতার করার জন্য প্রধানমন্ত্রী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন। একইসাথে তিনি প্রকৃত শ্রমিকদের প্রতি নিজেদের স্বার্থে দেশের শিল্প খাতের সুরক্ষায় বহিরাগত ষড়যন্ত্রকারীদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করার আহবান জানিয়ে বলেন, সরকার শ্রমিকদের জন্য সম্ভাব্য সবকিছু করবে। তবে কোন ধরনের নৈরাজ্য সহ্য করা হবে না।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ইস্রাফিল আলম, আইএলও’র উপ-মহাপরিচালক গিলবার্ট ফোসান হোয়াংবো, জাতীয় শ্রমিক লীগ সভাপতি শুক্কুর আহমেদ, বাংলাদেশ এমপ্লয়ার্স এসোসিয়েশনের সভাপতি এম ফজলুল হক, মন্ত্রণালয়ের সচিব মিখাইল শিফার প্রমুখ।