ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২০

টিকটকে পরিচয়ের পর মানিকগঞ্জের এক স্কুলছাত্রীকে ঢাকায় এনে আটকে রেখে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চীনা নাগরিক চেন ইয়ংয়ের (৪১) বিরুদ্ধে এবার বেরিয়ে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানিয়েছে, ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে গত তিন মাসে অন্তত ১৫ জন নারীর সঙ্গে একই কায়দায় প্রতারণামূলক সম্পর্ক গড়ে তুলেছেন তিনি।

প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে, টিকটকের মাধ্যমে বিভিন্ন কিশোরী ও অবিবাহিত নারীর সঙ্গে পরিচিত হয়ে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন চেন ইয়ং। একপর্যায়ে বিয়ের প্রস্তাব দিয়ে স্ট্যাম্পে বিয়ের ভুয়া কাগজপত্র তৈরি করে তাঁদের বিশ্বাস অর্জন করতেন এবং পরে ঢাকার বিভিন্ন এলাকার ভাড়া বাসায় নিয়ে আটকে রেখে ধর্ষণ করতেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে চেন ইয়ংয়ের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন বয়সী নারী মানিকগঞ্জ সদর থানায় ছুটে আসেন; যাদের মধ্যে সাভারের এক নারী তাকে নিজের স্বামী বলে দাবি করেন।

মানিকগঞ্জ সদর থানার সাব-ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, প্রাথমিক অনুসন্ধান ও চেন ইয়ংয়ের ব্যবহৃত মুঠোফোনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অন্তত ১৫ জন নারীর সঙ্গে তার এমন প্রতারণামূলক সম্পর্কের তথ্য পাওয়া গেছে। এসব সম্পর্কের প্রকৃত ধরন, বিয়ের সংখ্যা এবং অন্য কোনো নারী তার দ্বারা ধর্ষণ বা নির্যাতনের শিকার হয়েছেন কি না, তা অধিকতর তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চেন ইয়ং দাবি করেছেন, তিনি বাংলাদেশে ব্যবসায়িক যোগাযোগ গড়ে তোলার উদ্দেশ্যে এসেছেন এবং চীনে তাঁর একটি ছোট অটোগ্যারেজ থাকার পাশাপাশি তিনি গাড়িচালক হিসেবেও কাজ করতেন। তবে ১২ আগস্ট ভ্রমণ ভিসায় বাংলাদেশে আসার পর স্থানীয় কোনো নাগরিকের সঙ্গে তাঁর আর্থিক লেনদেন বা প্রতারণা চক্রে অন্য কেউ জড়িত আছে কি না, তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সংস্থা খতিয়ে দেখছে।

স্কুলছাত্রী উদ্ধার ও গ্রেপ্তারের ঘটনাপ্রবাহ

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে মানিকগঞ্জ সদর উপজেলার এক শিক্ষার্থী নিখোঁজ হলে পরদিন তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। মঙ্গলবার রাতে ওই শিক্ষার্থী মুঠোফোনে তার বড় বোনকে জানায় যে, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয় এবং বিয়ের আশ্বাসে মানিকগঞ্জের একটি রেস্তোরাঁয় ডেকে নেওয়ার পর তাকে ঢাকায় নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে।

বড় বোনের দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মানিকগঞ্জ সদর থানা-পুলিশ ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে একটি চীনা পাসপোর্ট ও দুটি মুঠোফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়। মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জুলুস খান পাঠান জানান, বুধবার (২৫ নভেম্বর) বিকেলে চেন ইয়ংকে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দোলন বিশ্বাস তাঁকে মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ইত্তেফাক/এএম