উত্তরায় এক ফ্যানে দুই গৃহকর্মীর ঝুলন্ত লাশ

একই ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল দুই গৃহকর্মীর লাশ। গলায় প্যাঁচানো ছিল ওড়না। একজনের নাম শিউলি অন্যজন জেরিন। দু’জনের বয়স ১৫ থেকে ১৭ বছর। তবে হত্যা না আত্মহত্যা নিশ্চিত করতে পারেনি পুলিশ। পুলিশ বৃহস্পতিবার রাজধানীর উত্তরার সেক্টর-৭, রোড-২৪ এর ২০ নম্বর বাড়ির এ/৪ নম্বর ফ্ল্যাট থেকে তাদের লাশ উদ্ধার করে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশের সুরতহার রিপোর্টে বলা হয়, দু’জনের গলায় ওড়না জড়ানো ঝুলন্ত অবস্থায় ছিল। শিউলির গলায় ফাঁসের দাগ ছাড়া শরীরের অন্য কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে জেরিনের কোমরে কালচে দাহ এবং গোপন অঙ্গে অস্বাভাবিক কিছু দেখা গেছে। পুলিশের ধারণা এর পেছনে ধর্ষণের কোন ব্যাপার থাকতে পারে। তবে ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত পরিষ্কার করে কিছু জানাতে পারেনি পুলিশ। বাসার গৃহকর্তা আরিফুর রহমান জানিয়েছেন, কাজের বুয়া সরবরাহকারী দালালের মাধ্যমে কিছুদিন আগে শিউলি ও জেরিনকে তিনি বাসায় এনেছেন। তাদের গ্রামের বাড়ি রাজশাহী। কিন্তু কোথায় তা তিনি জানেন না। তার ধারণা, বুধবার রাতে দুইটার পর কোনো এক সময় দুই গৃহকর্মী আত্মহত্যা করেছে। ডিএমপির উত্তরা বিভাগের ডিসি নিশারুল আরিফ জানিয়েছেন, বাসার দুই কাজের মেয়ে ঘুমাতো রান্নাঘরে। সকালে বাসার লোকজন গিয়ে দেখতে পান, একই ফ্যানে গলায় ওড়না জড়ানো অবস্থায় দু’জন ঝুলে আছে। এরপর তারা উত্তরা পশ্চিম থানায় খবর দেয়। খবর পেয়ে তিনি নিজেও ঘটনাস্থল পরির্দশন করেছেন। তিনি আরও বলেন, এটি আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পরই সবকিছু পরিষ্কার হবে। এরপরই এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে কাউকে আটক করা হয়নি।