আহতদের দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
প্রকাশ : ০২ মে ২০১৩, ২১:৪১
রাষ্ট্রপতি আবদুল হামিদ গতকাল ন্যাশনাল ইন্সটিটিউট অব ট্রমাটলোজি এন্ড অর্থপেডিক রিহ্যাবিলিটেশান (এনআইটিওআর) ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ডিএমসিএইচ) সাভারে রানা প্লাজা ধসে আহতদের দেখতে যান। সেখানে ওই ভবন ধসে গুরুতর আহতদের চিকিত্সা চলছে।
প্রথমে রাষ্ট্রপতি এনআইটিওআর-এ যান। সেখানে তিনি রানা প্লাজা ধসে আহতদের খোঁজ-খবর নেন। আহতদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রপতি আশ্বাস দেন যে, তাদের চিকিত্সা ও পুনর্বাসনে রাষ্ট্র সকল দায়িত্ব বহন করবে। পঙ্গু হাসপাতালের পরিচালক খন্দকার আবদুল আওয়াল রিজভি আহতদের চিকিত্সা সম্পর্কে রাষ্ট পতিকে অবহিত করেন। আহতদের যথাযথ চিকিত্সা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিতে রাষ্ট্রপতি হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। পরে রাষ্ট্রপতি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। সেখানে তিনি চিকিত্সাধীন আহতদের স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ-খবর নেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এ এফ এম রুহুল হক, মোস্তফা জালাল মহিউদ্দিন এমপি, ডিএমসি অধ্যক্ষ ডা. দীন মোহাম্মদ ও ডিএমসিএইচ পরিচালক ডা. মুস্তাফিজুর রহমান এসময় উপস্থিত ছিলেন।