সাফল্যের কারিগর কোচ মারুফ

শেখ রাসেল ক্রীড়া চক্রের কোচরা কখনোই স্বাধীন ছিলেন না। ক্লাব সভাপতি নুরুল আলম চৌধুরি ছিলেন অনুশীলন মাঠের সর্বেসর্বা। ম্যাচের দিন সেরা একাদশ চূড়ান্ত হতো তার কথায়। কাকে মাঠ থেকে তুলে নিতে হবে আর কাকে নামাতে হবে। সবই তার সিদ্ধান্ত। কিন্তু ফুটবল অঙ্গনে প্রচলিত এই কথাগুলো এবার আর মিলেনি। কোচ মারুফুল হক দায়িত্ব নিয়ে নিজের মতো করেই দল চালিয়েছেন। নিভৃতচারী এই অভিজ্ঞ কোচ এবার স্বাধীনভাবেই সিদ্ধান্ত নিয়ে দল পরিচালনা করে অনেকের কাছে উদাহরণ হয়েছেন। নির্ভার হয়ে কাজ করতে পেরে তিনি এখন আর শেখ রাসেল ছাড়তে রাজি না। নাম না উচ্চারণ (মোহামেডান, আবাহনী) করেও ইঙ্গিতে বললেন ‘পূর্ব আর পশ্চিমের ক্লাবে যাবো না।’ নিজের ক্যারিয়ারে পাঁচ বছরের মধ্যে পঞ্চম শিরোপা জিতলেন তিনি। মোহামেডান দিয়ে শুরু হয়েছিল। প্রথম বছরই সুপার কাপ জিতেছিলেন। পঞ্চম মৌসুমে এসে ‘ট্রেবল’ জিতলেন মারুফ। কেমন ছিল এই মৌসুম, জানতে চাইলে বললেন, ‘অনেক স্বাধীন কাজ করেছি। কর্মকর্তারা জানতে চাইত এই প্লেয়ারটা কেন নামালাম। ঐ প্লেয়ারটা কেন নামালাম না। আমি তাদের বুঝাতে সক্ষম হয়েছি। তারাও সন্তুষ্ট।’ মারুফের সাফল্যতে অনেকেই ঈর্ষা করছে। লিগ চ্যাম্পিয়ন হয়ে নিন্দুকদের মুখে ছাই দিয়ে তিনি বলেন, ‘লিগ সাফল্যে আমার যদি বিন্দুমাত্র অবদান থাকে তাহলে তার সবটুকু তাদের জন্য উত্সর্গ করতে চাই যারা আমাকে কোচ বলে মনেই করতো না।’ চ্যাম্পিয়ন হওয়ার রাতে খেলোয়াড়দের মুখে কোচের কথাই বেশি ঝরল। কোচকেই সাফল্যের সব কৃতিত্ব দিলেন খেলোয়াড়রা। সব কৃতিত্বই কোচের-এমিলি, জাহিদ, মামুনুল ইসলামদের কথাটা এমনই। মামুনুল ইসলাম বললেন, ‘উনিই (কোচ) আমাদের এতোটা পথ নিয়ে এসেছেন। খেলাটা আদায় করে নেয়ার দারুণ ক্ষমতা রয়েছে মারুফ ভাইয়ের। লিগের শুরুতে এমিলির খেলাটাই আসছিল না। তার মনোবল বাড়িয়ে ভেতর থেকে খেলা আদায় করেছেন কোচ।’ কোচের প্রসংশা এমিলির মুখেও। তিনি বললেন, ‘আমাদের একটা শিরোপা দরকার ছিল। কমিটমেন্ট ছিল এবছর আমরা সব কয়টি শিরোপা জিতব। আমরা সফল হয়েছি। এখন আরো উত্সব করতে পারতাম। কিন্তু সাভার ট্র্যাজেডির কারণে করছি না। আমরা শিরোপা তাদের উদ্দেশ্যে উত্সর্গ করছি।’ অধিনায়ক বিপ্লব বলেন, ‘এই শিরোপা আমার জন্য বিরাট। কারণ আমার ক্যারিয়ারে অধিনায়ক হিসাবে ট্রেবল জয়ের সাফল্য সংযুক্ত হয়েছে।’