কাতালানদের লজ্জা!

বায়ার্ন মিউনিখ গত বুধবার নু ক্যাম্পে ফিফা বর্ষসেরা খেলোয়াড় লিওনেল মেসিবিহীন বার্সেলোনাকে ফিরতি লেগে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের ফাইনালে উঠলো। চার বছরের মধ্যে এই নিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছাল জার্মান জায়ান্টরা। সম্প্রতি বুন্দেসলিগা শিরোপাধারী বায়ার্ন অবিশ্বাস্যভাবে দুই লেগ মিলিয়ে সাবেক চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ৭-০ ব্যবধানে হারিয়ে লজ্জায় ডুবিয়ে দেয়। বায়ার্নের এই জয়ে অল জার্মান ফাইনাল নিশ্চিত হয়। কারণ আগেরদিন মঙ্গলবার আরেক স্প্যানিশ দল রিয়াল মাদ্রিদ ২-০ গোলে বরুশিয়া ডর্টমুন্ডকে হারালেও কোন লাভ হয়নি। প্রথম লেগে যে হোসে মরিনহোর দল ৪-১ ব্যবধানে হেরে যায়। বার্সেলোনার প্রথম একাদশে ছিলেন না লিওনেল মেসি। ফলে অসম্ভব যাত্রা জয় করে ফেরাটা আরো কঠিন হয়ে যায় বার্সেলোনার। জার্মানিতে বার্সেলোনা প্রথম লেগে ৪-০ গোলে হেরে ফিরেছিল। ফিরতি লেগে আবারো দারুণ জয় তুলে নিয়ে বায়ার্ন প্রমাণ করলো প্রথম লেগে যা হয়েছে তা দুর্ঘটনাবশত কিছু নয়। নিয়ন্ত্রিত আধিপত্য দেখিয়েছে ইয়ুপ হেইঙ্কসের দল। আরিয়েন রোবেন বায়ার্নকে এগিয়ে দেন ৪৮ মিনিটে চিরচেনা বাঁ পায়ের জোরালো শটে গোল করে। বার্সেলোনার রক্ষণভাগের খেলোয়াড় জেরার্ড পিকে ৭২ মিনিটে আত্মঘাতী গোল করলে বায়ার্ন ২-০ ব্যবধানে এগিয়ে যায়। চার মিনিট পরেই থমাস মুলার গোল করে বার্সেলোনা থেকে ব্যবধান আরো বাড়িয়ে দেন। আগামী ২৫ মে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বরুশিয়া ডর্টমুন্ড ও বায়ার্ন মিউনিখ ফাইনালে মুখোমুখি হবে। পাঁচ বছর পিকে এই ক্লাবের সাথে রয়েছেন। ম্যাচ শেষে তিনি জানান, এমন কঠিন রাত তিনি আর অতিবাহিত করেননি। তিনি বলেন, ‘সম্ভবত বার্সেলোনায় এটাই আমার সবচেয়ে তিক্ত রাত।’ সার্জিও বুসকেটস এবং জর্দি আলবা ইনজুরি ও নিষেধাজ্ঞার জন্য ছিলেন না। এর উপর মেসিকে ছাড়াই নামতে হয় তাদের। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে প্যারিস সেইন্ট জার্মেইনের বিপক্ষে প্রথম লেগের খেলায় মেসি হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। বায়ার্নে বিপক্ষে আগের লেগে খেললেও এই লেগে আর পারলেন না। চোটগ্রস্ত মেসি সাইড বেঞ্চে বসে দলের অসহায় আত্মসমর্পণ দেখেন।