শিরোপা খোয়ানো আবাহনী আজ নেপাল যাচ্ছে
মুক্তিযোদ্ধার কাছে হার গেলবারের চ্যাম্পিয়নদের
প্রকাশ : ০২ মে ২০১৩, ২১:৫৫
মাত্রই শিরোপা খোয়ানো আবাহনী পেশাদার ফুটবল লিগে এর আগে কখনো মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কাছে না হারলেও গতকাল বৃহস্পতিবার তাই হয়েছে। ফলে হার দিয়ে এবারের লিগ শেষ করলো আবাহনী। অবশ্য এর মধ্যেই দলটি আজ এএফসি প্রেসিডেন্ট কাপ ফুটবলে বাছাই পর্ব খেলতে নেপাল যাচ্ছে।
মুক্তিযোদ্ধা সংসদ কাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৪-১ গোলে হারায় গতবারের লিগ চ্যাম্পিয়নদের। জয় দিয়ে লিগ শেষ করলো কোচ শফিকুল ইসলাম মানিকের দল মুক্তিযোদ্ধা সংসদ। ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালেও উঠতে পারেনি আবাহনী। লিগ শিরোপাও ধরে রাখতে পারলো না। সে হিসেবে আবাহনী শূন্য হাতে বাড়ি ফিরল।
উভয় দল এদিন নিজেদের ১৬তম ম্যাচ খেলে সবার আগে লিগ অভিযান শেষ করল। আবাহনী ১৬ খেলায় (৮ জয়, ৫ ড্র, ৩ হার) ২৯ পয়েন্ট নিয়ে এখন দ্বিতীয় স্থানে রয়েছে। রানার্সআপ স্থানটি থাকবে কিনা সে নিয়েও আশংকা রয়েছে। কারণ শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১৫ খেলায় ২৮ পয়েন্ট নিয়ে বর্তমানে তৃতীয় স্থানে থাকলেও তাদের শেষ ম্যাচ ব্রাদার্সের বিরুদ্ধে। সেই ম্যাচে জিতলে লিগ রানার্সআপ হবে শেখ জামাল। ব্রাদার্সের কাছে জামাল হারলে আবাহনী রানার্সআপ হওয়ার সুযোগ পাবে। তবে ব্রাদার্স রেলিগেশনের আশংকায় থাকায় খেলাটিতে মরিয়া লড়াই চালাতে পারে। আবাহনীর সামাদ ইউসুফ, সুজন, প্রাণতোষ, মিশু ইনজুুরিতে, তৌহিদের জ্বর। এদের ছাড়া আবাহনী গতকাল মুক্তিযোদ্ধার বিরুদ্ধে খেলতে নেমে ম্যাচের দুই মিনিটে গোল হজম করেছে। আবাহনী তিন গোল হজম করে একটি শোধ করে। মুক্তিযোদ্ধার নাইজেরিয়ান ফুটবলার যোসেফ ওজুরুম্বা দুটি, জাহেদ পারভেজ এবং বিদ্যুত্ একটি করে গোল দেন। প্রধামার্ধে মুক্তিযোদ্ধা ২-১ গোলে এগিয়ে ছিল।
মুক্তিযোদ্ধা ১৬ খেলায় (৫ জয়, ৪ ড্র, ৭ হার) ১৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থান পেল। কোচ মানিক বললেন, ‘তারা সন্তুষ্ট। দুই দিন আগে খেলোয়াড়রা স্যালারি পেয়েছে। এই মোটিভেশনটা আগে হলে ভালো হতো।’
গত ম্যাচে বিজেএমসির কাছে ৩-১ গোলে হারের পর আবাহনীর ইরানী কোচ আরদেশির পরণামাথ সাংবাদিকদের জানিয়েছিলেন পরের খেলায় তিনি আসবেন না। তিনি না আসায় অধিনায়ক ওয়ালী ফয়সাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, ‘মাঝে অনেক দিন খেলা বন্ধ ছিল তাই এমনটা হয়েছে। এভাবে খেললে নেপালে গিয়েও রেজাল্ট খারাপ হবে।’ ইনজুরির কথা বললেও হারের দায় খেলোয়াড়দের উপর চাপিয়ে তিনি আরো বললেন, ‘খেলোয়াড়রা যদি সত্তর আশি ভাগ ভালো খেলতো, তাহলেও এমন রেজাল্ট হয় না।’ ওয়ালী ফয়সাল জানালেন, নেপালে গিয়ে ভালো খেলবে তার দল। এই নিয়ে পঞ্চমবার প্রেসিডেন্ট কাপ খেলছে আবাহনী।
আজকের খেলা ঃ বিজেএমসি-আরামবাগ, বঙ্গবন্ধু স্টেডিয়াম, ৫টা।