এএফসি’র নতুন সভাপতি শেখ সালমান

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাহরাইনের শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা। বিতর্কিত সাবেক সভাপতি মোহাম্মদ বিন হাম্মামের পরিবর্তে শেখ সালমান বৃহস্পিতবার এশিয়ান ফুটবলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে ইউসুফ আল সেরকাল এবং থাইল্যান্ডের ওরাউই মাকুদিকে হারিয়ে শেখ সালমান নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। মালয়েশিয়ায় অনুষ্ঠিত প্রথম রাউন্ডের ভোটিংয়ে শেখ সালমান ৪৬টি ভোটের মধ্যে ৩৩টি ভোট পেয়ে প্রয়োজনীয় দুই তৃতীয়াংশ সমর্থন অর্জন করেন। তবে শেখ সালমানের জয়ের ব্যাপারে এশিয়ান ক্রীড়াঙ্গনে অন্যতম শক্তিশালী সংগঠন অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার পক্ষ থেকে অভিযোগ উত্থাপন করা হয়েছে যে শেখ সালমানের জয়ের পিছনে মোহাম্মদ বিন হাম্মামেরও হাত রয়েছে। যদিও ঘুষ গ্রহণের দায়ে হাম্মামকে সব ধরনের ফুটবলীয় কার্যক্রম থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। বুধবার শেষ মুহূর্তে প্রার্থিতা প্রত্যাহার করে নেয়া সৌদী আরবের হাফিজ ইব্রাহিম আল মেডলে জানিয়েছেন সভাপতি নির্বাচনের প্রক্রিয়ায় ফিফার আরো সক্রিয় ভূমিকা পালন করা উচিত ছিল। এদিকে সামাজিক অধিকার রক্ষার সাথে জড়িত কিছু সংগঠন অভিযোগ করে বলেছে ২০১১ সালে বাহরাইনে গণতন্ত্রের স্বপক্ষে বিরোধীতাকারী সংঘর্ষে খেলোয়াড় এবং কর্মকর্তাদের জড়িত থাকার নেপথ্যে মুখ্য ভূমিকা পালন করেছিলেন শেখ সালমান। নব নির্বাচিত সভাপতি শেখ সালমান ২০১৫ সালে মোহাম্মদ বিন হাম্মামের জন্য নির্ধারিত সময় পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন। ঘুষ গ্রহণের অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় মোহাম্মদ বিন হাম্মামকে বিশ্ব ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়েছিল। অবশেষ দীর্ঘ লড়াইয়ের পরে গত বছর কাতারী এই ধনকুবের এএফসি’র সভাপতির পদ থেকে সড়ে দাঁড়ান। -বাসস/এএফপি