[ রা জ নী তি ]
সংলাপের উদ্যোগ সরকারকেই নিতে হবে
প্রকাশ : ০২ মে ২০১৩, ২২:২৬
বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা গত ২৮ এপ্রিল সংসদে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে সাক্ষাত্ করেন। ২৯ এপ্রিল খবরটি দেশের প্রায় সব দৈনিকে প্রকাশিত হয়। বৈঠক শেষে রাষ্ট্রদূত মজীনা সাংবাদিকদের বলেন, তৃতীয় পক্ষের বা বাইরের কারো হস্তক্ষেপ ছাড়াই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসতে হবে এবং তাদেরকে সহিংসতা পরিহার করে সংলাপের পরিবেশ তৈরি করতে হবে। বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন । যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক সহিংসতা চায় না এবং গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত রাখতে সুষ্ঠু ও সব দলের অংশগ্রহণে নির্বাচনে বিশ্বাস করে। রাষ্ট্রদূত আরো বলেছেন, তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এ কথাই বলেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ও ছিল সেই ধারাবাহিকতার অংশ। এর আগে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন।
বৈঠকে বিএনপির অবস্থান সম্পর্কে দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, দলীয় চেয়ারপারসন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। সংলাপের প্রস্তাব সরকারের কাছ থেকেই আসতে হবে। তাছাড়া বিএনপির নেতাদের কারাগারে আটক রেখে সংলাপ হয় না বলেও মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা। খালেদা জিয়ার বক্তব্য উদ্ধৃত করে মঈন খান বলেন, ‘আমি কখনো বলিনি সংলাপে ডাকলে যাব না। কিন্তু সেই সংলাপ যেন নাটক না হয়। পরিকল্পনা যদি এই হয় যে, সবাইকে জেলে পুরে সংলাপ করবে, তবে সেই সংলাপ চলতে পারে না। আগে সরকারকে সংলাপের পরিবেশ তৈরি করতে হবে।’
সংলাপের মাধ্যমে চলমান রাজনৈতিক সংকট নিরসনের জন্য সরকার ও বিরোধী দলকে আহবান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন, ওআইসির মহাসচিবসহ আমাদের অনেক বিদেশি সুহূদ। দেশের সুশীল সমাজ ও গণমাধ্যম আলোচনার মাধ্যমে চলমান সংকটের সমাধানের জন্য সরকার ও বিরোধী দলকে বারবার অনুরোধ জানিয়ে আসছেন।
চলমান রাজনৈতিক সংকট সমাধানে সরকার ও বিরোধী দল যে সংলাপের প্রয়োজনীয়তা উপলব্ধি করছে না তা নয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম একাধিকবার বলেছেন, দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে আলোচনার কোনো বিকল্প নেই। আজ হোক কাল হোক আলাপ-আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে হবে। বিএনপি যে সংলাপের প্রয়োজনীয়তা উপলব্ধি করছেন তা দলটির চেয়ারপারসনের উপর্যুক্ত বক্তব্য থেকে অনুধাবন করা যায়।
এ যাবত্ সংলাপ অনুষ্ঠিত না হওয়ার কারণ, বিএনপি তার মূল দাবি সংসদ নির্বাচনকালীন নির্দলীয় সরকার ব্যবস্থা হতে সরে আসেনি এবং সরকার নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালের সম্ভাবনা বারবার নাকচ করে দিয়ে আসছে। তাছাড়া, বিএনপির সঙ্গে আলোচনায় বসার জন্য সরকার সামপ্রতিককালে আর একটি শর্তের উল্লেখ করছে। সেটি হলো, বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়তে হবে।
একদিকে শর্তের বেড়াজাল এবং অন্যদিকে প্রধান বিরোধী দল বিএনপির প্রধান কার্যালয়ে পুলিশের হামলা, বিরোধী জোটের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের ও কারাগারে আটক, বিরোধী জোটের হরতাল ও অবরোধ কর্মসূচি পালনকালে পুলিশের গুলিতে প্রাণহানি সরকার ও বিরোধী দলের সংলাপের পথে বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছে। এসব হচ্ছে তখন যখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিরোধী দলের সঙ্গে সংলাপ হবে বলে আশার বাণী শোনাচ্ছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে, প্রধান বিরোধী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ প্রথম সারির নেতাদের কারারুদ্ধ রাখা হলে আলোচনা হবে কার সঙ্গে?
মূলত নিম্নোক্ত কারণে সরকারকেই সংলাপের উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে।
এক. সুপ্রিম কোর্টের সংক্ষিপ্ত রায়ে পরবর্তী দুইটি জাতীয় সংসদ নির্বাচন অর্থাত্ দশম ও একাদশ সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে করার কথা থাকলেও সরকার পূর্ণাঙ্গ রায়ের জন্য অপেক্ষা না করে তড়িঘড়ি করে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ১৯৯৬ সালের মার্চে বিএনপি সরকার প্রবর্তিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে বর্তমান সংকটের সৃষ্টি করেছে। সুতরাং সংকট সৃষ্টিকারীকে সংকট সমাধানে অগ্রণী ভূমিকা নিতে হবে।
দুই. অতীতে সরকার ও বিরোধী দলের আলোচনা সব সময় সফল না হলেও আলোচনা অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছিল সরকার। ১৯৯৪ সালে প্রধান বিরোধী দল আওয়ামী লীগসহ জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন শুরু করলে প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রথম বিরোধী দলের সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করেছিলেন। তিনি বিরোধী দলের চারজন এবং সরকারি দলের পাঁচজনকে মন্ত্রিসভার সদস্য হিসেবে অন্তর্ভুক্তির প্রস্তাব করেছিলেন। প্রধান বিরোধী দল আওয়ামী লীগ খালেদা জিয়াকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে রাজি না হওয়ায় তখন উদ্যোগটি ব্যর্থ হয়। ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, ভোটার তালিকায় ভুয়া ভোটার বাদ দেয়ার ইস্যু নিয়ে সংসদ ভবনে আওয়ামী লীগের তত্কালীন সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও বিএনপির তত্কালীন মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়ার মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়। দুই দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দুই ব্যক্তির মধ্যে অনুষ্ঠিত এই সংলাপ শেষ পর্যন্ত সফলতার মুখ না দেখলেও সংলাপ অনুষ্ঠানের উদ্যোগ তত্কালীন বিএনপি সরকার নিয়েছিল।
তিন. বিএনপি সংলাপে যাবে না তা কখনো বলেনি। সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করতে আসলে তিনি (খালেদা জিয়া) সরকারের ডাকা সংলাপে যোগদানের কথা বলেছেন। তার শর্ত, সংলাপ অনুষ্ঠানের আগে ‘সরকারকে সংলাপের পরিবেশ তৈরি করতে হবে।’ সংলাপের অনুকূল পরিবেশ সৃষ্টির দায়িত্ব সরকারের। এজন্য বিএনপির আটককৃত ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ প্রথম সারির সব নেতা এবং যতদূর সম্ভব অন্যান্য পর্যায়ের নেতা-কর্মীদের জামিন দিতে হবে এবং বিএনপির গুম হওয়া নেতাদের সন্ধান প্রদান করতে হবে। যেহেতু নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে চলমান রাজনৈতিক সংকট সৃষ্টির জন্য সরকার দায়ী, সেহেতু বিরোধী দলীয় প্রতিনিধিদের সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা সরকারকেই উপস্থাপন করতে হবে।
চার. আলোচনার মাধ্যমে সংকট নিরসনের পরিবেশ সৃষ্টিতে সরকারকে সহায়তাদানে বিরোধী দল বিএনপি ইতিমধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে সাভারে জাতীয় ট্রাজেডির সময়ে সকলকে ঐক্যবদ্ধভাবে দুর্গত মানুষের পাশে দাঁড়াবার সুযোগ করে দিতে বিএনপি ২ মে আহূত হরতাল স্থগিত করে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে ধন্যবাদ জানাতে কার্পণ্য করেননি। প্রধানমন্ত্রী এমনও বলেছেন যে, বিরোধীদলের পছন্দসই যেকোনো জায়গায় সংলাপ হতে পারে। এতে মনে হয় বরফ গলতে শুরু করেছে। এটি একটি শুভ লক্ষণ। সরকারের উচিত হবে এই অনুকূল পরিবেশের সদ্ব্যবহার করা।
পাঁচ. দেশের সুশীল সমাজ, সাধারণ জনগণ ও বিদেশি সুহূদরা সরকার ও বিরোধী দল উভয়কে আলাপ-আলোচনার মাধ্যমে চলমান রাজনৈতিক সংকট সমাধানের আহবান জানালেও তারা আশা করেন সরকার এই বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করবে।
ছয়. সরকার ও বিরোধী দলের সমঝোতার মাধ্যমে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের নজির আমাদের রয়েছে। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি সরকারের পতন হলে ১৯৯১ সালের প্রথম দিকে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করে। আওয়ামী লীগ প্রধান বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়। সরকার ও বিরোধী দলের সমঝোতায় ১৯৯১ সালের সেপ্টেম্বরে সংবিধান সংশোধনের (দ্বাদশ সংশোধন) মাধ্যমে সংসদীয় সরকার পদ্ধতি পুনর্বহাল করা হয়।
সবশেষে যা বলা যায় তা হলো, সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপ ও সমঝোতার অনুকূলে যে ক্ষীণ সম্ভাবনা দেখা দিয়েছে, অন্য সবদিক ঠিক থাকলে সরকার এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে পারে। এ জন্য বিরোধী দলকেও দায়িত্বশীল আচরণ করতে হবে। সমঝোতার স্বার্থে সরকার ও বিরোধী দল উভয়কে তাদের অবস্থান থেকে কিছুটা সরে আসতে হবে। চলমান বাস্তবতায় সরকার একটু বেশি ছাড় দিয়ে হলেও সমঝোতার পথে অগ্রসর হতে পারে, যদি আদৌ সে সুযোগ থাকে । গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় এটিই নিয়ম।
লেখক :সাবেক সচিব
E-mail: latifm43@gmail.com