আলোকপাত

হরতাল ও পরীক্ষার্থীদের মানসিক চাপ

আজ নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে হয় এই কারণে যে, ছাত্রকালীন সময় (১৯৫৬-১৯৬২) হরতাল-অররোধ বা কোন দুর্ভোগ অথবা কোন দৈব-দুর্বিপাকে পড়তে হয়নি। অত্যন্ত নীরবে-নির্বিঘ্নে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষাগুলো সম্পন্ন হয়ে গেছে এবং যথারীতি ও যথাসময়ে ফলাফলও প্রকাশিত হয়েছে। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছি মুক্তির আনন্দে। বর্তমান অস্থির পরিবেশ ও পরিস্থিতির শিকার— বিশেষ করে পরীক্ষার্থীদের করুণ দশা দেখে একজন শিক্ষক হিসাবে বিচলিত না হয়ে পারি না। বর্তমান নৈরাজ্যকর পরিস্থিতিতে পরীক্ষা তো দূরের কথা, জীবনের ঝুঁকি নিয়েই যেন শিক্ষার্থীদেরকে চলাফেরা করতে হয়। বিভিন্ন সংগঠনের ডাকা হরতাল, অবরোধ, বিক্ষোভ, ভাঙচুর, বিশৃঙ্খল সহিংসতা প্রভৃতির কথা চিন্তা করে এবং শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধের দিনে গ্রহণ করতে হচ্ছে। খুবই ব্যথিত হই পরীক্ষার সময় প্রস্তুতি নিয়েও শিক্ষার্থিগণ যখন নির্ধারিত সময়ে পরীক্ষা দিতে পারছে না। যা হোক, প্রতিটি শিক্ষার্থীই সারা বছর পরীক্ষার সময়টিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। পরীক্ষায় অবতীর্ণ হওয়ার মানসিকতা তখন তাদের মধ্যে পূর্ণ মাত্রায় বিদ্যমান থাকে। কিন্তু সেই মন-মানসিকতা ভেঙ্গে চুরমার হয়ে যায় যখন নির্ধারিত সময়সূচি অনুযায়ী-পরীক্ষা দিতে পারে না। শুধু তাই নয়, স্থগিত পরীক্ষা কবে হবে তাও থাকে অনিশ্চিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থিগণ কিছুটা নিজেদের খাপ-খাওয়ানোর ক্ষমতা থাকার ফলে বাধ্য হয়ে তা মেনে নেয়-কিন্তু কোমলমতি স্কুল শিক্ষার্থিগণ চরমভাবে আশাহত হয়ে পড়ে। জীবনের প্রথমেই হোঁচট খায়, অভিভাবকগণ হয়ে পড়ে ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত। নিয়মিত ক্লাস করেও যেখানে সময়মত পরীক্ষার ফলাফল প্রকাশ করা সম্ভব হয় না-সেখানে এসব জটিলতা জীবন প্রতিষ্ঠায় শুধু বিঘ্নিত করে পিছিয়ে দেয় না অনিশ্চিতও করে তুলে। পরীক্ষায় অবতীর্ণ হয়ে ফেল করার চাইতে পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে না পারাটা শুধু অনিশ্চিয়তার মুখে ঠেলে দেয় না— কোন কোন সময় মন হতাশাগ্রস্ত হয়ে পড়ে। শিক্ষার প্রতি জাগে অনীহা-হতাশা। পরীক্ষার অনিশ্চিয়তা সর্বক্ষণ শিক্ষার্থীদের কুরে কুরে খায় যা কোন ওষুধে উপশম হওয়ার নয়। আমি গুরুত্ব দিয়ে শুধু ভাবি শিক্ষার্থীদের মানসিক চাপের বিষয়টি। একবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তৃতীয়বর্ষ অনার্স ফাইনাল পরীক্ষার দিন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডীন বহিঃপরীক্ষক ইংরেজি অধ্যাপক টেলিফোন করে জানান যে, আজ তিনি ভাইভা নিতে আসতে পারবেন না। ছাত্রদের যেন আমি নির্ধারিত সময়ের পূর্বেই তা অবহিত করে দেই। অত্যন্ত বিনীতভাবে বলি, স্যার জানি না- অন্তিম মুহূর্তে এই সংবাদ তারা কিভাবে গ্রহণ করবে? তবে আমার মনে হয় পরীক্ষা নিয়ে নেয়াটাই ভালো। স্যার বিকালের ফ্লাইটে এসে যান অথবা অন্য কাউকে পাঠিয়ে দিন। তিনি অনীহা প্রকাশ করেন। অগত্যা বাধ্য হয়ে ঘরোয়া পোশাকে পরীক্ষার জন্য অপেক্ষাকৃত ছাত্রদেরকে খবরটা পরিবেশন করলে তারা উত্তেজনায় ফেটে পড়ে এবং প্রশাসনিক দুর্বলতাকে কটাক্ষ করে সমালোচনা করতে থাকে। যা হোক শেষ পর্যন্ত নির্ধারিত দিনেই পরীক্ষা হয়। পরীক্ষাকে হরতালের আওতামুক্ত করে রাখা আজ সময়ের দাবী। সকল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক বিদ্বজন একযোগে একত্র হয়ে তাদের ন্যায্য গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে এক ভিন্নধর্মী আন্দোলন গড়ে তোলা আশু প্রয়োজন। যে সংগঠন পরীক্ষাকে হরতাল আওতামুক্ত রাখবে না তাদেরকে সম্পূর্ণ বর্জন করার দৃঢ় পদক্ষেপ নিতে হবে। লেখকঃ সাবেক অধ্যক্ষ,এমসি কলেজ, সিলেট।