গরমেও আরামের পোশাক
প্রকাশ : ০৩ মে ২০১৩, ১৭:৩০
গ্রীষ্মের তপ্ত রোদ যখন হঠাত্ একখণ্ড মেঘের আড়ালে মুখ লুকায়, একটু প্রশান্তি যেন নেমে আসে শরীর ও মনে কিংবা গাছের ছায়ায় শীতল পাটির আবেশে ক্লান্তিটুকু ঝেড়ে ফেলতে ইচ্ছা হয়। কিন্তু আমাদের নাগরিক জীবনে ছায়াময় সবুজ প্রকৃতির ছোঁয়া আসলেই দুর্লভ। তবুও নিজেকে একটু সজীব এবং সতেজ রাখতে আমাদের চেষ্টার শেষ নেই। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাই পোশাক পরিচ্ছদ, সাজসজ্জাতেও এসেছে অনেক পরিবর্তন। এ সময়ে তরুণরা পোশাক নিয়ে কী ভাবছে চলুন দেখে আসি এক আড্ডায়।
রিফাত :বৈশাখের খরতাপ জানান দিচ্ছে প্রকৃতি কী রুক্ষ হতে পারে! প্রতি বছরের তুলনায় এবার গরম একটু তাড়াতাড়িই চলে এসেছে। আর আবহাওয়া পরিবর্তনের ছোঁয়া লেগেছে জনজীবনেও।
প্রমা :এ সময় অস্বস্তিকর গরমের সঙ্গে সঙ্গে দেখা দিচ্ছে বিভিন্ন অসুখ। তাই এ সময় চাই নিয়ন্ত্রিত জীবন পদ্ধতি ও বাড়তি সতর্কতা। গরমকে এড়ানো সম্ভব নয়; কিন্তু একে সহনীয় পর্যায়ে আনতে হাতের কাছে যা আছে সেগুলোই কাজে লাগাতে হবে।
আয়েশা :তোমরা ঠিকই বলেছ, গ্রীষ্মকালীন হালকা-পাতলা আরামদায়ক সুতি কাপড়গুলো আবার স্থান করে নিয়েছে আমার ওয়ারড্রবের তাকগুলোতে।
রায়মা :গ্রীষ্মের রোদেলা দিনে হালকা রঙের পোশাক ব্যবহার আরামদায়ক এবং স্বাচ্ছন্দ্যময়। এ সময় সুতি কাপড় নির্বাচন করাই বুদ্ধিমানের কাজ। গরমে ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি করা হয় বিশেষ ধরনের কাপড়। যেমন ভেজিটেবল বা ন্যাচারাল ডাইংয়ের কাপড়।
প্রমা :আমাদের দেশে এখন বেশকিছু ফ্যাশন হাউস ন্যাচারাল ডাইংয়ের পোশাক তৈরি করে থাকে। এ ধরনের পোশাক যেমন আরামদায়ক তেমনি ফ্যাশনেবল।
মুনতাসির :ন্যাচারাল ডাইংয়ের কাপড়ে রয়েছে ভিন্ন এক আমেজ। রুচিশীলতা প্রকাশে এর জুড়ি নেই। নিজেকে সুন্দরভাবে প্রকাশের জন্য আমি ন্যাচারাল ডাইংয়ের কাপড় প্রথমে বেছে নেব। আর রঙের বৈচিত্র্যের ক্ষেত্রে এ ধরনের কাপড় সবচেয়ে বেশি উল্লেখযোগ্য।
রিফাত :ফ্যাশন হাউসগুলো ছেলেমেয়েদের জন্য ভিন্ন ধরনের পোশাক তৈরি করে থাকে। মেয়েদের জন্য শাড়ি, ফতুয়া, সালোয়ারের পাশাপাশি ছেলেদের জন্য শার্ট, পাঞ্জাবি, ফতুয়া, টি-শার্ট ইত্যাদি তৈরি করা হয়। এ ছাড়াও ন্যাচারাল ডাইংয়ের থান কাপড়, কাঁথা, বেডসিট, বেডকভার এখন বাজারে পাওয়া যাচ্ছে।
রায়মা :ন্যাচারাল ডাইংয়ের কাপড় আমাদের দেশে অনেকটাই নতুন। এর ফ্যাশনের দিকটাকেও নতুনই বলা যায়। আমাদের দেশের তরুণ-তরুণীরা সম্প্রতি ন্যাচারাল ডাইংয়ের কাপড়ের সঙ্গে পরিচিত হচ্ছে। তবে তাদের আগ্রহ দিন দিন বাড়ছে।
প্রমা :পায়ে হালকা স্যান্ডেল পরে আমি আরাম পাই গরমে। রাস্তায় বের হলে ব্যবহার করা দরকার সানস্ক্রিন।
আয়েশা :আর তুমি ঘাড়ের ওপর চুল ফেলে না রেখে বেঁধে রাখবে প্রমা, দেখবে গরম কম লাগবে। আরামদায়ক পোশাক ও অর্নামেন্টস বেছে নিতে হবে।
মুনতাসির :রোদ থেকে ঘুরে এসে অনেকেরই অভ্যাস থাকে অতিরিক্ত ঠাণ্ডা বা ফ্রোজেন ফুডস, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার। সাময়িকভাবে আরাম দিলেও শরীরের জন্য তা ভালো নয়। কারণ বডি টেম্পারেচারে হঠাত্ তারতম্য ঘটায় ঠাণ্ডা লেগে যেতে পারে।