বিতর্কে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জয়

এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসির যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা বিএসবি ক্যামব্রিয়ান স্টুডেন্ট পার্লামেন্ট ‘যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় কোনো অসচ্ছতা নেই’ এই প্রস্তাবের উপর গত ৫ এপ্রিল (শুক্রবার) বসুন্ধরায় এটিএন বাংলার স্টুডিওতে অনুষ্ঠিত হয়ে গেল বিএসবি ক্যামব্রিয়ান আন্তঃবিশ্ববিদ্যালয় সংসদীয় ধারার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির মধ্যকার প্রথম পর্বের বিতর্ক প্রতিযোগিতা। এই বিতর্ক প্রতিযোগিতায় ছায়া সংসদে প্রস্তাবের পক্ষে সরকারি দল হিসেবে সিটি ইউনিভার্সিটি এবং প্রস্তাবের বিপক্ষে বিরোধী দল হিসেবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। এর আগে ৩০ লক্ষ শহীদের আত্মার প্রতি এবং ২ লক্ষ নির্যাতিত মা-বোনের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিযোগিতার উদ্বোধন এবং ছায়া সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও বাংলাদেশের বিতর্ক আন্দোলনের পথিকৃত্ হাছান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঞ্জুরুল আহসান বুলবুল সাবেক সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন; শওকত মাহমুদ মহা-সচিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন; কবির হোসেন শিশির পরিচালক, ডিবেট ফর ডেমোক্রেসি। অন্যান্য অতিথিদের মধ্যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে উপস্থিতি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এবং আইন অনুষদের চেয়ারম্যান সহকারী অধ্যাপক শামীম আরা।