আমরা সেরা কলেজের স্বীকৃতি কুড়াতে ব্যতিব্যস্ত নই
প্রকাশ : ০৩ মে ২০১৩, ১৭:৩২
‘আমরা কেবল বাছাইকৃত মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নিয়ে সেরা কলেজের স্বীকৃতি কুড়াতে ব্যতিব্যস্ত নই। আমাদের ব্যস্ততা, যাচাই-বাছাই মূলত গুণগত মানের মেধাবী শিক্ষক সংগ্রহ নিয়ে। যাদের তত্ত্বাবধানে সাধারণ শিক্ষার্থীরাই হয়ে উঠেবে অসাধারণ এবং প্রকৃত মেধাবী। বিশেষ করে আমাদের সার্বিক প্রয়াস; জ্ঞানভিত্তিক শিক্ষানুশীলনকে কেন্দ্র করে। ফলাফল নির্ভর মেধাবী তৈরির বিষয়টিকে আমরা অনুত্সাহিত করি। বড় চাকরি পেয়ে অর্থনৈতিক সাবলম্বিতা অর্জন নয়, বরং প্রকৃত মানবিকতার উন্মেষ ঘটিয়ে একজন পরিপূর্ণ মানুষ হওয়ার নামই শিক্ষা—এই দীক্ষাই প্রথমত এখানে দেওয়া হয়।’ শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য প্রসঙ্গে এসব কথা বলেন তেজগাঁও কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশীদ। ১৯৬১ সালে প্রথম ঢাকা নাইট কলেজ নামের কলেজটিই আজকের ঐতিহ্যবাহী তেজগাঁও কলেজ। বৃহত্তম তেজগাঁওয়ে উন্নত উচ্চশিক্ষা এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এটি। ১৯৯৮ সালে বর্তমান অধ্যক্ষ মো. আব্দুর রশীদ দায়িত্ব নেওয়ার পর হাতে নেওয়া হয় কলেজটির আধুনিকায়নসহ নানামুখী উন্নয়ন কার্যক্রম। তত্কালীন পরিচালনা পর্ষদের সভাপতির সহযোগিতা ও প্রেরণায় তিনি কলেজের উন্নয়নে অহনির্শ কাজ করেন। এভাবে ১৯৯৮ থেকে কলেজটি পদার্পণ করে উন্নয়নের মহাসড়কে। অবকাঠামোগত উন্নয়ন ও কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের মধ্য দিয়ে খুব সীমিত সময়ের ব্যবধানে তেজগাঁও কলেজ পরিগণিত হয় দেশের অন্যতম শীর্ষ কলেজে। ছাত্র-ছাত্রীদেরকে এখানে সত্ ও আদর্শবান নাগরিক এবং কর্মমুখী জনসম্পদে রূপান্তর করতে পুঁথিগত জ্ঞানার্জনের পাশাপাশি অধিকতর জ্ঞানভিত্তিক শিক্ষাদানের মাধ্যমে আত্মসচেতন তথা কর্মতত্পর হতে সহায়তা করা হয়। ছাত্র-ছাত্রীদের মেধা ও স্বকীয়তা বিকাশের লক্ষ্যে এ প্রতিষ্ঠানের সকল শ্রেণীর সুযোগ্য শিক্ষক-শিক্ষিকাগণ অত্যন্ত আন্তরিকতার সাথে পাঠ দান করেন। এ উদ্দেশ্যে সকল শ্রেণীর সিলেবাস পরীক্ষার বিভিন্ন পর্ব অনুযায়ী এবং শিক্ষার্থীদের আত্মস্থকরণ শক্তি বিবেচনা করে নির্দিষ্ট ভাগে ভাগ করে নেওয়া হয়। প্রথমবর্ষে অধ্যয়নকালে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে কমপক্ষে ৭৫% ভাগ ক্লাসে উপস্থিত থাকতে হয়। অন্যথায় তাকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ করা হয় না। একজন ছাত্র-ছাত্রীর জন্য সবগুলো ব্যবহারিক ক্লাস করা আবশ্যক। প্রথম বর্ষের কোনো ছাত্র-ছাত্রী যদি প্রতিটি সপ্তাহে ব্যবহারিক ক্লাসগুলো করে সম্পূর্ণ ল্যাব-রিপোর্ট জমা না দেয়, তবে সে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয় না। সেমিস্টার, ফাইনাল ইত্যাদি সকল পরীক্ষার ফলাফল সম্বলিত একটি পত্র নির্দিষ্ট সময়ে প্রত্যেক অভিভাবককে সরাসরি হস্তান্তর করা হয়। সাধারণত পরীক্ষা সমাপ্ত হওয়ার ২০ দিন পর এই ফলাফল দেওয়া হয়। এ ছাড়া যেকোনো পরীক্ষার খাতা ফলাফল প্রকাশের এক সপ্তাহের মধ্যে আবেদন পত্রের মাধ্যমে কলেজে এসে অভিভাবকদের দেখার সুযোগ রয়েছে। এখানকার উল্লেখযোগ্য সুযোগসুবিধাগুলো হচ্ছে, মেধাবীদের জন্য স্ট্যাইপেন্ড প্রদান, উন্নত শ্রেণী কক্ষ, ল্যাব, লাইব্রেরি এবং কলেজ পাঠাগারে প্রয়োজনমতো লেখাপড়ার সুযোগ। কলেজটি সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় :১৬ ইন্দিরা রোড, ফার্মগেট, ঢাকা। অথবা কথা বলতে পারেন ৮১১৬০৬৬, ০১৯১১৩৩১২৯৯ এই নম্বরগুলোতে। এই কলেজের শ্রেণী/বিভাগগুলো হচ্ছে :একাদশ-দ্বাদশ শ্রেণী, অনার্স :বিবিএ ও সিএসই প্রোগ্রাম, ডিগ্রি (পাস) :বিএ, বিবিএস, বিএসএস ও বিএসসি এবং মাস্টার্স শ্রেণী। মাস্টার্সের বিভাগগুলো হচ্ছে—হিসাববিজ্ঞান, মার্কেটিং, ব্যবস্থাপনা, ফিন্যান্স, বাংলা, ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, গণিত, প্রাণরসায়ন, মনোবিজ্ঞান ও ভূগোল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত এসব বিভাগের শেষপর্বে এখন ২০১০-১১ সেশনের ভর্তি ফরম বিতরণ চলছে।