ইতিহাসের পথে চেলসি
প্রকাশ : ০৩ মে ২০১৩, ১৯:৪৪
এর মধ্যে নিষ্পত্তি হয়ে গেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের। ২৫ মে ওয়েম্বলির ফাইনালে খেলবে দুই জার্মান দল বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ড। সেমিফাইনালের লাইনআপটা বারবার মনে করিয়ে দিচ্ছে গতবারের চ্যাম্পিয়ন্স লিগের কথা। সবটা একই আছে; শুধু নেই একটি দল। গতবারের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী চেলসি। এবার তারা বাদ পড়েছে প্রথম লেগেই। তবে ইতিহাসের পথে আছে এই ইংলিশ প্রিমিয়ার লিগের দলটিও। গত বৃহস্পতিবার রাতে ব্লুজ দলটি নিশ্চিত করলো উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল। ১৫ তারিখ আমস্টারডামের ফাইনাল জিতলেই একমাত্র দল হিসেবে পরপর চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ জয়ের রেকর্ড গড়বে।
স্টামফোর্ড ব্রিজে সুইজারল্যান্ডের দল এফসি বাসেলকে ইউরোপা লিগ সেমিফাইনালের ফিরতি লেগে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে এসেছে। দুই লেগ মিলিয়ে চেলসি ৫-২ ব্যবধানে জিতে চলতি মাসেই আমস্টারডামের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পর্তুগালের দল বেনফিকাকে। অপর সেমিফাইনালে বেনফিকাও সমান ব্যবধানে হারায় তুরস্কের দল ফেনেরব্যাচকে। পর্তুগালের দলটি দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে ফাইনালে উঠেছে।
ইউরোপিয়ান চ্যাম্পিয়ন চেলসি গত সপ্তাহে সুইজারল্যান্ডে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়েছিল। তবে বৃহস্পতিবার ফিরতি লেগের খেলায় সুইস চ্যাম্পিয়নরা প্রথমার্ধের শেষ মুহূর্তে মোহাম্মদ সালাহর গোলে এগিয়ে গিয়েও সুবিধা করতে পারেনি। কারণ অন্তর্বর্তীকালীন কোচ রাফায়েল বেনিতেজ বাহিনী ঝড়ের মতো আবির্ভূত হয় দ্বিতীয়ার্ধে। বাসেলের রক্ষণভাগ ছিন্নভিন্ন করে দেয় চেলসির খেলোয়াড়রা। ৫০ থেকে ৫৯ মিনিটের মধ্যে চেলসি তিন গোল পেয়ে যায় ফার্নান্দো তোরেস, ভিক্টোর মোজেস এবং ডেভিড লুইজের কল্যাণে। কোঁকড়া চুলের অধিকারী ব্রাজিলিয়ান খেলোয়াড় লুইজ দলের তৃতীয় গোলটি করেন ২৫ মিটার দূর থেকে। ৫৯ মিনিটে লুইজের বাঁকানো শটটি প্রতিপক্ষের জাল খুঁজে নেয় সহজেই। লুইজ আগের লেগের খেলাতে অন্তিম মুহূর্তে গোল করে দলকে জয় এনে দিয়েছিলেন।
ববি টাম্বলিং (২০২ গোল) চেলসির হয়ে সবচেয়ে বেশি করেছিলেন। একটি গোল করতে পারলে ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ছুঁয়ে ফেলতেন টাম্বলিংকে। নবম মিনিটে ল্যাম্পার্ড সুযোগ পেয়েছিলেন। কিন্তু প্রচেষ্টাটি বারে লেগে ফিরে যায়। ৬৩ মিনিটে বাসেলের ফ্যাবিয়ান ফ্রিইয়ের এমন একটি সুযোগ নষ্ট হয় বারে লেগে।
আর চেলসির সামনে অপেক্ষা করতে থাকা বিরল ইতিহাসের কথা তো আগেই বলা হলো। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পরের বছর ইউরোপা লিগ শিরোপা এর আগে কোন দল জয় করতে পারেনি। আগামী ১৫ মে চেলসি শিরোপা জিতলে আরো একটি রেকর্ড হবে। উয়েফার অধীনে থাকা তিনটি (সিনিয়র ট্রফি) শিরোপা জয় করেছে এর আগে মাত্র তিনটি ক্লাব। চতুর্থ দল হিসেবে চেলসি এটা জয় করে অভিজাত তালিকায় নিজেদের নাম লেখাতে পারে।
প্রথমার্ধে পিছিয়ে থেকেও দারুণ এক জয় পাওয়ার পর নিজের দলকে সাধুবাদ জানিয়েছেন দলের কোচ রাফায়েল বেনিতেজ। স্প্যানিশ এই কোচ বলেন, ‘প্রথমার্ধে আমাদের সামনে পরিষ্কার দুইটি সুযোগ ছিল। কিন্তু আমরা সেটা কাজে লাগাতে পারিনি। আর প্রথমার্ধের শেষ মুহূর্তের গোল হজমের পরই আমরা নিজেদের ভুল বুঝতে পেরে ম্যাচে ফিরে আসি। আর এর জন্য দলের খেলোয়াড়দের অবশ্যই অভিনন্দন জানাতে হবে। তারা তিনটি গোল করেছেন এবং ম্যাচটি নিজেদের আয়ত্তে নিয়ে এসেছেন।’
এদিকে অস্কার কার্ডোজের জোড়া গোলে লিসবনে ৩-১ ব্যবধানে দারুণ জয় পেয়েছে বেনফিকা। স্বাগতিকদের হয়ে অপর গোলটি করেন নিকোলাস গাইটান। ফেনেরব্যাচের হয়ে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন সাবেক লিভারপুলের খেলোয়াড় ডার্ক কুইট।
বৃহস্পতিবারের ফলাফল
সেমিফাইনাল (ফিরতি লেগ)
বেনফিকা ৩ ফেনেরব্যাচ ১
(দুই লেগ মিলিয়ে বেনফিকা ৩-২ ব্যবধানে জয়ী)
চেলসি ৩ এফসি বাসেল ১
(দুই লেগ মিলিয়ে চেলসি ৫-২ ব্যবধানে জয়ী)
ফাইনাল
বেনফিকা-চেলসি
অ্যামস্টারড্যাম, ১৫ মে
রাত ১২:৪৫ মিনিট