চেলসির সাথে মরিনহোর সমঝোতা চূড়ান্ত !

হোসে মরিনহো চেলসিতে যোগদানের ব্যাপারে চুক্তি করতে সম্মত হয়েছেন। শুধু তাই নয় তাকে ১ জুলাই ইংলিশ প্রিমিয়ার লিগের দলটিতে ফিরতে দেখা যাবে। এ খবর দিয়েছে বৃটেনের ডেইলি মেইল। পত্রিকাটির অনলাইন সংস্করণে বলা হয় রিয়াল মাদ্রিদের ম্যানেজার পর্তুগীজ কোচ মরিনহো সম্প্রতি পশ্চিম লন্ডনের এক ইতালীয় রেস্তোরাঁয় চেলসি মালিক রোমান আব্রামোভিচের সাথে নৈশভোজে যোগ দেন। সেখানে তিনি বার্ষিক এক কোটি পাউন্ড বেতনের প্রস্তাবে সম্মতি দেন বলে দাবি করে ডেইলি মেইল। পত্রিকাটি তাদের বৃহস্পতিবারের সংস্করণে আরো দাবি করে রিয়াল মাদ্রিদ থেকে তাকে ছাড়িয়ে আনতে আব্রামোভিচকে এক কোটি ২০ লাখ পাউন্ড দিতে হবে। চেলসি তাদের প্রাক মৌসুম সফরে দূরপ্রাচ্যে খেলতে যাওয়ার আগে এ ব্যাপারে ঘোষণা দিতে পারে। এমনটা হলে পুরানো ক্লাবের হয়ে মরিনহোর প্রথম খেলা হবে ১৭ জুলাই থাইল্যান্ডে সিঙ্ঘা অল স্টার্স একাদশের বিরুদ্ধে প্রীতি ম্যাচটি। মরিনহোর সাবেক সহকারী অ্যান্দ্রে ভিলাস বোয়াস বৃহস্পতিবার জানিয়েছেন তার ধারণা দু’পক্ষের মধ্যে ইতোমধ্যেই চুক্তি চূড়ান্ত হয়ে আছে। টটেনহ্যাম হটস্পারের বর্তমান ম্যানেজার ভিলাস বোয়াস চেলসিতে মরিনহোর ব্যাপক সাফল্যের সময় তার সহকারী হিসাবে কাজ করেছেন। শুধু চেলসিতেই নয় পোর্তো এবং ইন্টার মিলানেও মরিনহোর সহকারী হিসাবে কাজ করেছেন আরেক পর্তুগীজ ভিলাস বোয়াস। কাজেই সাবেক বসকে তারই ভাল জানার কথা। সে কারণেই স্পার্স ম্যানেজার বলছেন ফেরার ব্যবস্থা নিশ্চিত না করে মরিনহো এতটা জোর দিয়ে রিয়াল মাদ্রিদ ছাড়া এবং ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার কথা বলতেন না। পর্তুগীজ এই কোচ বলেন,‘আমি যথেষ্ট নিশ্চিত যে সিদ্ধান্ত নেয়া হয়ে গেছে। মনে হচ্ছে তিনি (মরিনহো) ইংল্যান্ডে ফিরতে যাচ্ছেন বলে আনন্দিত। তাছাড়া ম্যানেজার খুঁজছে এমন ক্লাবগুলোর মধ্যে চেলসি অন্যতম। তাই তার সেখানে যাওয়াটাই সবচেয়ে স্বাভাবিক।’ শেষ পর্যন্ত মরিনহো যদি চেলসিতে ফেরেন তাহলে ইংলিশ প্রিমিয়ার লিগে এর কি প্রভাব পড়বে? বিষয়টি জানতে চাইলে ভিলাস বোয়াস বলেন,‘এই লিগে তার দারুণ একটা ইতিহাস আছে এবং আমি মনে করি তাকে ফিরে পাওয়াটা হবে দারুণ।’