সাভার ট্র্যাজেডির প্রভাব পড়ছে ক্রেতাদের মধ্যে

সাভারের রানা প্লাজা ধসে প্রায় ৪ শতাধিক শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ধাক্কা খেতে শুরু করেছে পোশাক রপ্তানি খাত। চীনের একটি বড় ক্রেতা প্রতিষ্ঠান বাংলাদেশের সাথে ব্যবসা করার চিন্তা করলেও সামপ্রতিক এই ঘটনায় তারা পিছিয়ে যাচ্ছে। গত মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউজ অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ রকম আরো ঘটনা ঘটার আশংকা করছে এই সংগঠন। সংগঠনের ভাইস প্রেসিডেন্ট আনোয়ার সহিদ উদাহরণ টেনে বলেন, সমপ্রতি চীনের একটি পোশাক আমদানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশের সাথে ব্যবসা করার আগ্রহ দেখিয়েছিলেন। তাদের বার্ষিক ৩৫০ কোটি ডলারের (৩.৫ বিলিয়ন ডলার) ব্যবসা বাংলাদেশের সাথে করার বিষয়ে কথাবার্তা চলছিল। কিন্তু সাভারের ঘটনা তাদের হতাশ করেছে। এখন তারা জানিয়েছে, আমাদের সাথে দরাদরির আগে বাংলাদেশে তারা আরো পরীক্ষা-নিরীক্ষা করবে। এই অবস্থায় বায়ারদের সাথে বসে তাদের বুঝানোর জন্য আরো তত্পর করতে বিদেশে অবস্থানরত বাংলাদেশি মিশনগুলোকে আরো তত্পর করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিজিবিএ। সংগঠনের সভাপতি কাজী ইফতেখার হোসেন বলেন, বায়ারদের মধ্যে সাভারের ঘটনার পর উদ্বেগ কাজ করছে। তারা নানামুখি প্রশ্নের মধ্যে রয়েছে। এই ঘটনা বাংলাদেশের গার্মেন্টস খাতে শ্রমিকদের নিরাপত্তা, কারখানার কমপ্লায়েন্ট (কর্মপরিবেশ) নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এই অবস্থায় বায়ারদের সাথে মিশনগুলোর বসতে হবে। তাদেরকে বুঝাতে হবে এই ঘটনায় সরকার কী কী পদক্ষেপ নিয়েছে। এই সংকট উত্তরণে সংগঠনের পক্ষ থেকে কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরা হয়। বিল্ডিং কোড ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে আইনের যথাযথ প্রয়োগ করার সুপারিশ করা হয়। এছাড়া ছোট ও মাঝারি মানের উদ্যোক্তারা কর্মপরিবেশ উন্নত করার জন্য তাদের লজিস্টিক সহায়তা দেয়া, পোশাক খাতের জন্য আলাদা মন্ত্রণালয় তৈরি করা, অগ্নিকাণ্ড ও ভবন ধসে আহত শ্রমিকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ও তাদের ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে আইনি সহায়তা দেয়ার সুপারিশ তুলে ধরা হয়।