শম্বুক গতিতে চলছে পিবিআই

যাত্রা শুরুর পাঁচ মাসের মাথায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) সেলের কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ মামলা একজন অতিরিক্ত পুলিশ সুপার তদন্ত করবেন-এমন উদ্যোগ নিয়েই এই সেলের যাত্রা শুরু হয়। কিন্তু এখন পর্যন্ত তেমন কোন গুরুত্বপূর্ণ মামলার তদন্ত সম্পন্ন করতে পারেনি পিবিআই। পিবিআই’তে কর্মরত পুলিশ সদস্যদের কোন সুযোগ-সুবিধা ও লজিষ্টিক সাপোর্ট (বিভাগীয় সহায়তা) না থাকায় বর্তমান সরকারের সময় বিশেষ উদ্যোগে গঠিত এ সেলটির কার্যক্রম থেকে কোন সুফল পাচ্ছে না পুলিশ। শম্বুক গতিতে চলছে নতুন চালু হওয়া পুলিশের এই তদন্ত সেল। পুলিশ এ্যাক্ট ১৮৬১ এর সেকশন ১২ এর ক্ষমতাবলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশক্রমে পিবিআই গঠিত হয় গত ডিসেম্বরে। প্রাথমিকভাবে প্রায় এক হাজার জনবল দিয়ে পিবিআই’র যাত্রা শুরুর পরিকল্পনা নেয়া হয়। পিবিআই’র প্রধান হবেন একজন অতিরিক্ত আইজিপি। এর কয়েকটি অঞ্চল থাকবে, যার দায়িত্বে থাকবেন অতিরিক্ত ডিআইজি। এছাড়া পুলিশসুপার বিভাগীয় দায়িত্বে এবং অতিরিক্ত পুলিশসুপার জেলা পিবিআইয়ের প্রধান দায়িত্ব পালন করবেন। প্রাথমিকভাবে এক হাজার জনবলের মধ্যে আড়াইশ জনবল দিয়ে পিবিআই সেলের কার্যক্রম শুরু হয়েছে। দেশের বিভিন্ন স্থানে অত্যন্ত স্পর্শকাতর, জনগুরুত্বপূর্ণ এবং যেসব মামলার সঙ্গে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নির্ভর করে-ঐসব মামলা তদন্ত করবে পিবিআই। নবাব আব্দুল গণি রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমের দ্বিতীয় তলায় অস্থায়ীভাবে কার্যক্রম শুরু করেছে পিবিআই। বৃহস্পতিবার সেখানে গিয়ে দেখা যায়, মাত্র ৩/ ৪টি কক্ষে গাদাগাদি করে বসে আছেন পিবিআই’র যোগদানকৃত কর্মকর্তাগণ। তাদের বসার জায়গা নেই। মামলার ফাইল রাখার মতো ন্যূনতম সুবিধাও নেই। পুলিশ সদর দফতরের যন্ত্রপাতি ও পরিবহন শাখা জানায়, পিবিআইয়ের জন্য ৬৪ টি জেলার জন্য ৬৪টি ডাবল কেবিন পিকআপ গাড়ি বরাদ্দ রয়েছে। তবে এই বরাদ্দের মধ্যে মাত্র ২০টি গাড়ি সরবরাহ করা হয়েছে। তবে এই ২০ গাড়ির জন্য এখন পর্যন্ত কোন চালককে পদায়ন করা হয়নি। ঢাকায় অবস্থিত পিবিআই সদর দফতরে কোন গাড়ি নেই। ফলে এই শাখার অতিরিক্ত পুলিশ সুপারগণ পাবলিক বাসে চড়ে অফিসে যাতায়াত করেন। পিবিআই’র একজন শীর্ষ কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে এবং পুলিশকে আধুনিকায়ন করার জন্যই পিবিআই গঠন করা হয়। কিন্তু পুলিশের কতিপয় শীর্ষ কর্মকর্তা চান না যে, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত ডিবি বা সিআইডি’র পরিবর্তে পিবিআই তদন্ত করুক। এজন্য পুলিশ সদর দফতর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও প্রয়োজনীয় সাপোর্ট পাওয়া যাচ্ছে না বলে ঐ কর্মকর্তা জানান। এ ব্যাপারে পুলিশের অতিরিক্ত আইজি (প্রশাসন ) একে এম শহীদুল হক বলেন, পিবিআইয়ের অফিসের অবস্থা প্রকৃতপক্ষে শোচনীয়। সেখানে কর্মকর্তাদের বসারও জায়গা নেই। এজন্য ঐ অফিসটি স্থানান্তরের জন্য উত্তরায় একটি বাড়ি ভাড়া করার চেষ্টা চলছে। অফিসের জন্য যে গাড়ি দেয়া হয়েছে তাও পর্যাপ্ত নয়। তবে সম্প্রতি পুলিশ সদর দফতরের যন্ত্রপাতি ও পরিবহন শাখা থেকে পিবিআইয়ের জন্য আরো গাড়ি বরাদ্দ পাওয়া গেছে। পিবিআইয়ের জনবল বাড়ানো যায় কিনা- সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।