ইসলামের অপব্যাখ্যা দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করছে হেফাজত

হেফাজতে ইসলাম ধর্মের অপব্যাখ্যা দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে সাম্প্রদায়িকতা বিরোধী সাংবাদিক মঞ্চ। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক আলোচনা অনুষ্ঠান ও গণঅবস্থানে এ অভিযোগ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, হেফাজতে ইসলাম সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা চালাচ্ছে। মুসলমান নাম ভাঙিয়ে ইসলাম ধর্মকে বিকৃত করার চেষ্টা করছে। দেশ ও জাতিকে রক্ষা করতে হলে এই অপশক্তির বিরুদ্ধে সোচ্চার অবস্থান নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য শ্রমিকের জীবন মালিকপক্ষ কতটা বিপন্ন করতে পারে তার জঘন্য উদাহরণ সাভারের রানা প্লাজার দুর্ঘটনা। ঐ প্লাজার মালিকসহ দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী বলেন, হেফাজতের ১৩ দফা বাস্তবায়িত হলে দেশ মধ্যযুগের অন্ধকারে ফিরে যাবে। নারী অধিকার বাস্তবায়নের পথ রুদ্ধ হয়ে যাবে। এক্ষেত্রে সরকারকে অবশ্যই সংবিধান অনুযায়ী দৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে হবে।