কলম কম্পিউটার ও হাতের লেখা

কম্পিউটারের দাপট যখন জীবন জুড়িয়া অলংঘনীয় হইয়া উঠিয়াছে, তখনও বিশ্বের কোথাও, কোনো দেশে হাতের লেখাকে অপরিহার্য বিবেচনা করা হইয়া থাকে, এমনটি বিশ্বাস করা কঠিন। অবিশ্বাস্য হইলেও সত্য এই যে, ফ্রান্সে এখনও চাকুরীতে নিয়োগের জন্য চূড়ান্ত নির্বাচন সম্পন্ন হইয়া থাকে হাতের লেখা বিচার-বিশ্লেষণ করিয়া। প্রাথমিক নির্বাচনের জন্য পরীক্ষা যে প্রক্রিয়াতেই গ্রহণ করা হউক না কেন, চূড়ান্ত বাছাইয়ের সময় চাকুরী প্রার্থীদের স্বহস্তে পত্র লিখিতে বলা হয়। আর সেই হস্তলিপি বিশ্লেষণ করিয়াই নিয়োগ কর্তৃপক্ষ প্রকৃত যোগ্য প্রার্থী বা প্রার্থীদের খুঁজিয়া বাহির করেন। হাতের লেখাই বলিয়া দেয় প্রার্থীর চারিত্র্য বৈশিষ্ট্য তথা ব্যক্তিত্বের স্বরূপ। বিবিসি’র বরাত দিয়া সম্প্রতি এই খবর প্রকাশিত হইয়াছে পত্র-পত্রিকায়। এই রিপোর্টে আরও বলা হয় যে, শুধু যোগ্য প্রার্থী বাছাই করিতেই নহে, ফ্রান্সের বিভিন্ন অফিসে এখনও অনেক নথিপত্র হাতে লিখিয়া সম্পন্ন করা হইয়া থাকে। বিষয়টি কৌতূহল উদ্দীপক নিঃসন্দেহে। হাতের লেখার সহিত সম্পর্ক কলমের। কালি ও কলমের প্রচলন এইকালে উঠিয়াই গিয়াছে প্রায়। বাংলাদেশের মতো উন্নয়নগামী দেশসমূহে স্কুল-কলেজে ছেলে-মেয়েরা এখনও কলমের ব্যবহার করিলেও ঝোঁক তাহাদের কম্পিউটারের দিকে। কর্মক্ষেত্রে এবং জীবনের অন্যসব জায়গায় কলম গৌণ হইয়া গিয়াছে। চিঠি লেখা উঠিয়াই গিয়াছে। আপনজনের নিকট এখন আর কেহ নিজের হাতে নিজের কলম দিয়া সুন্দর হস্তাক্ষরে পত্র লেখেন না। হূদয়ের কথা বলিতে ব্যাকুল যে জন, সেও এখন আর কলমের ধার ধারেন না। যোগাযোগের জন্য ই-মেইল, ফেইস বুকই যথেষ্ট। মোবাইল ফোন তো আছেই, ক্ষুদে বার্তা পাঠাইয়া নিমিষেই যোগাযোগ করা যায় একসঙ্গে বহুজনের সহিত। এমতাবস্থায় ডাক বিভাগেরও অস্তিত্ব রক্ষা দায় হইয়া পড়িয়াছে। হয়তো সেদিন বেশি দূরে নহে, যেদিন কলম ও মানুষের হাতে লেখার জায়গা হইবে জাদুঘরে। ভবিষ্যতের মানুষ অবাক বিস্ময়ে দেখিবে যে, তাহাদের পূর্ব-পুরুষেরা কলম নামক এক প্রকার কাঠি দ্বারা লিখিয়া মনের ভাব প্রকাশ করিত। তাহার পরও প্রশ্ন, সত্যিই কি সেইরকম দিন আসিবে কখনও! সত্যিই কি কলম ও হাতের লেখা বলিয়া আর কোন কিছুর অস্তিত্ব থাকিবে না! যত প্রশ্ন, যত শংকার উদয় হউক না কেন, ধর্ম-দর্শন ও বিজ্ঞান সাক্ষ্য দেয় যে, কলম অনিঃশেষ। মানুষের হাত, হাতের রেখা এবং হস্তলিপির মধ্যে যে বিস্ময়কর জ্ঞান ও রহস্য নিহিত রহিয়াছে, মানুষ তাহা অতিক্রম করিবে কোন মন্ত্র বা যন্ত্র দিয়া। নির্জন হেরা গুহায় মহান আল্লাহতায়ালা নবী মোহাম্মদের (সা.) নিকট বাণী পাঠাইয়া যখন পাঠ করিবার নির্দেশ দিলেন, তখনই জানাইয়া দেওয়া হয় যে, তিনি মানুষকে শিক্ষা দিয়াছেন কলমের সাহায্যে। সেই শিক্ষা (জ্ঞান) যাহা মানুষ জানিত না। পবিত্র কোরআনে ‘কলম’ নামে একটি পৃথক সূরাও রহিয়াছে। কলমের মাহাত্ম্য বর্ণিত হইয়াছে ইঞ্জিল শরীফেও। বস্তুত কলমের মাধ্যমেই জগত্ সংসারে জ্ঞানের বিকাশ ঘটিয়াছে। বিজ্ঞান-প্রযুক্তির মূলেও রহিয়াছে কলম। কলম দ্বারা মানুষ লেখে, আর লেখার মাধ্যমে বলা হইয়া থাকে যে, মানবিক জ্ঞান পূর্ণতার দিকে অগ্রসর। হাতের রেখা যেমন স ষ্টার এক রহস্যময় ও বৈশিষ্ট্যপূর্ণ সৃষ্টি, তেমনই হাতের লেখাও বৈশিষ্ট্যপূর্ণ। প্রত্যেকের হাতের রেখা ও লেখা আলাদা। হাতে লেখা বর্ণ, বর্ণের আয়তন ও কলমের চাপ বিশ্লেষণ করিয়া হস্তলিপি বিশেষজ্ঞগণ ব্যক্তির ব্যক্তিত্বের স্বরূপ বুঝিতে পারেন। অন্যদিকে আজ পর্যন্ত জগতে যত মানুষের জন্ম হইয়াছে, যত মানুষ জন্মগ্রহণ করিবে, তাহাদের প্রত্যেকের হাতের রেখা ও ছাপ আলাদা আলাদা। একজনের সহিত আরেকজনের ছাপ কোনোভাবেই মিলিবে না। এ এক অপার বিস্ময়। সেজন্যই অপরাধ বিজ্ঞানে হাতের ছাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এফবিআই, স্কটল্যান্ড ইয়ার্ড, ইন্টারপোলের মতো প্রতিষ্ঠান অপরাধী শনাক্ত করিতে হাতের ছাপ, হস্তলিপি ইত্যাদির নমুনা ব্যবহার করিয়া থাকে। এই বাস্তবতায় কলম ও হাতের লেখার কোনো বিকল্প হইতে পারে না। কলমের রূপান্তর ঘটিয়াছে। আজকের কম্পিউটার কলমের রূপান্তর কিনা, তাহাও অবশ্য ভাবিয়া দেখিবার বিষয়। সে যাহাই হউক না কেন, কলম ও হাতের লেখাকে বর্জন করিবার কোনো সুযোগ নাই। বিজ্ঞানের সহিত এই দুইয়ের কোনো বিরোধও নাই।