শিরোপার অপেক্ষায় বার্সা

বার্সেলোনার মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা বিশ্বাস করেন যত তাড়াতাড়ি সম্ভব লা লিগা শিরোপা জয় হতে পারে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের সাথে বাজেভাবে হেরে যাওয়ায় যে ক্ষত সৃষ্টি হয়েছে তার মোক্ষম প্রলেপ। জার্মানির শক্তিশালী দল বায়ার্ন গত বুধবার নূ ক্যাম্পে স্বাগতিক বার্সেলোনাকে ৩-০ গোলে হারিয়ে দেয়। দুই লেগ মিলিয়ে বার্সেলোনাকে ৭-০ ব্যবধানে হারায় বাভারিয়ানরা। ইউরোপের ইতিহাসে বার্সার সবচেয়ে বাজে হার ছিল। বার্সা টিভিকে ইনিয়েস্তা বলেন, ‘দুটি লেগই ছিল কঠিন সেটা অনুভূতি এবং ফলাফলের দিক দিয়েও। যোগ্য দাবিদার হিসেবে বায়ার্ন ফাইনালে উঠেছে। এই দলটি সেরা ফর্ম খুঁজে পেয়েছে এবং এটা মাঠে প্রতিফলিত হচ্ছে। মনে হয়েছে তারা আমাদের চেয়ে ভাল দল। বাস্তবতা কষ্ট দেয়। আমাদের সবাই উজাড় করে দিয়েছে সেখানে ও এখানে এবং আবারো আমরা ফাইনাল থেকে এক ধাপ দূরে থাকতে বিদায় নিলাম।’ বার্সেলোনা পাঁচ বছরের মধ্যে চতুর্থ লা লিগা শিরোপার কাছে অবস্থান করছে। সেক্ষেত্রে আজ বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে জয় বঞ্চিত হতে হবে ভ্যালাডোলিডের সাথে। তাহলে আগামীকাল রবিবার রিয়াল বেটিসকে হারালে শিরোপা নিশ্চিত হবে বার্সেলোনার। ইনিয়েস্তা বলেন, ‘আমাদের একটি ম্যাচ রয়েছে খুব তাড়াতাড়িই এবং একটি ব্যাপার আরেকটি থেকে আলাদা নয়। লিগ শেষ পর্যায়ে এবং সেখানেই বড় একটি ধাক্কা, কিছু সময় কঠিন হয়ে যায় আলাদা করা। অন্য দিন হলে আমি বলতাম যে মৌসুমটা খারাপ না যদি আপনি লিগ জিতে নেন। আশা করি আমরা এটা যত তাড়াতাড়ি সম্ভব জিতে নেবো আবারো খুশির অনুভূতির জন্য।’ লিওনেল মেসি বৃহস্পতিবার সকালে অনুশীলন করেছেন। হ্যামস্ট্রিং ইনজুরি তিনি সেরে উঠছেন। এই ইনজুরির জন্য তিনি গত বুধবার ফিরতি লেগে সাইড লাইনে বসে থাকতে বাধ্য হন। বেটিসের বিপক্ষেও মেসিকে নিয়ে হয়তো ঝুঁকি নিতে চাইবেন না বার্সেলোনা ম্যানেজার টিটো ভিলানোভা। সার্জিও বুসকেটস এবং এরিক আবিদালও অনিশ্চিত ইনজুরির জন্য। কিন্তু নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরতে পারেন জর্দি আলবা। রিয়াল মাদ্রিদও এক বুক হতাশা নিয়ে লা লিগার ম্যাচ খেলতে নামবে আজ। গত মঙ্গলবার তারা আরেক জার্মান দল বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-০ গোলে জয় তুলে নিলেও ফাইনালে যেতে পারেনি কারণ প্রথম লেগে হোসে মরিনহো বাহিনী ৪-১ ব্যবধানে হেরে গিয়েছিল। চ্যাম্পিয়ন্স লিগে সার্জিও র্যামোস গোল করেছিলেন। পেশিতে সমস্যা হওয়ায় আজ তিনি অনেকটা অনিশ্চিত। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোও উরুর সমস্যায় ভুগছেন। বার্সেলোনা ৩৩ খেলা শেষে ৮৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। দ্বিতীয়স্থানে থাকা মাদ্রিদ থেকে বার্সা ১১ পয়েন্টে এগিয়ে। তৃতীয়স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৬৮।