ইংল্যান্ডকে সতর্কবার্তা নিউজিল্যান্ডের
প্রকাশ : ০৩ মে ২০১৩, ২১:২৫
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজ সিরিজকে মূল লড়াই হিসেবে ধরে নিয়ে এর আগে তার দলকে অনুশীলনের জন্য বিবেচনা না করতে ইংল্যান্ডকে সতর্ক করে দিয়েছেন নিউজিল্যান্ড দলের কোচ মাইক হেসন।
এ বছরের শেষ দিকে অনুষ্ঠেয় অ্যাশেজ সিরিজের আগে নিজ মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট খেলবে ইংল্যান্ড। লর্ডসে ১৬ মে প্রথম এবং লিডসে ২৪ মে দ্বিতীয় টেস্ট শুরু হবে।
হেসনের উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ‘এ টেস্ট ম্যাচ দুটি আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা টেস্ট দল হিসাবে আমরা উন্নতি করছি এবং আমরা অবশ্যই এ বছরের শেষ দিক মূলপর্বের আগে কারো প্রস্তুতির জন্য আসিনি। সামপ্রতিক সময়ে নিজ মাঠে ইংল্যান্ডের রেকর্ড বেশ সমৃদ্ধ। সফরের জন্য এটা একটা কঠিন জায়গা এবং আমরা জানি সেরা খেলাটাই আমাদেরকে খেলতে হবে।’
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে নিউজিল্যান্ড।
নিজ মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে আন্ডারডগ হিসাবে তিন ম্যাচের টেস্ট সিরিজ ড্র করার দু’মাসের মধ্যেই এ সিরিজ খেলতে এসেছে ব্ল্যাক ক্যাপরা। তবে সে কথা মনে রাখতে রাজি নন হেসন। তিনি বলেন, ‘সত্যি বলতে কি আমি সে সিরিজের কথা ভুলে গেছি। বিশেষ করে সিরিজটা শেষ হওয়ার পর।’
ওই সিরিজে ১-০ ম্যাচে সিরিজ জয়ের হাতছানি সত্ত্বেও শেষ ম্যাচের অন্তিম দিনে তা হতে দেয়নি ইংল্যান্ড।
হেসন বলেন, ‘আমি মনে করি সে ম্যাচে আমরাই প্রাধান্য বিস্তার করেছিলাম। সম্পূর্ণ ভিন্ন দিক থেকেই এ টেস্ট ম্যাচ দু’টি হবে অত্যন্ত কঠিন। আমাদের অনেক বেশি আত্মবিশ্বাস জন্মেছে। কিন্তু সিরিজটি ছিল আমাদের জন্য হতাশার। আমরা এ অবস্থা থেকে বেরিয়ে আসতে চাই। ’
হাঁটুর ইনজুরির কারণে সে সিরিজে তৃতীয় ম্যাচে খেলেননি ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেন। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছেন পিটারসেন যা নিউজিল্যান্ডের জন্য একটা সুসংবাদ ।
স্কাই স্পোর্টস নিউজকে হেসন বলেন, ‘আমাদের বিরুদ্ধে প্রথম দু’টেস্টে খেলেছে কেপি। কিন্তু তৃতীয় ম্যাচ খেলতে পারেননি। সত্যি কথা বলতে গেলে তাতে আমরা অখুশী ছিলাম না।’ বাসস