পিরলোর অবসর ভাবনা
প্রকাশ : ০৩ মে ২০১৩, ২১:২৫
আগামী বছরের বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ইটালির অভিজ্ঞ প্লে মেকার আন্দ্রেয়া পিরলো। ইটালিকে ২০১২ সালের ইউরো চ্যাম্পিয়নশীপের ফাইনালে তুলতে অসামান্য অবদান রাখা জুভেন্টাসের এ মিডফিল্ডার বৃহস্পতিবার বলেন, ‘২০১৪ সালে আমি জাতীয় দল থেকে বিদায় নেব। আমি মনে করি জাতীয় দলের জার্সি পরে বিশ্বকাপই হবে আমার শেষ আন্তর্জাতিক ম্যাচ। তরুণ খেলোয়াড়দের দলে সুযোগ দেয়া দরকার।’ ব্রাজিলে অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপে পিরলোর বয়স হবে ৩৫ বছর।
নিজের খেলোয়াড়ী জীবন সম্পর্কে আলোচনাকালে পিরলো আরো বলেন, ‘যেহেতু ফুটবলের প্রতি এখনো আমার ভালবাসা আছে তাই যতদিন সম্ভব আমি ক্লাব ফুটবল চালিয়ে যাব। নতুবা অবসরে যাওয়া প্রথম ব্যক্তি হব আমি।’
পালেরমোকে আগামী ম্যাচে হারাতে পারলে একনাগাড়ে দ্বিতীয়বার সিরিএ শিরোপা নিশ্চিত করতে পারে জুভেন্টাস এবং আগামী চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জয়ের ব্যাপারে এখনো আশাবাদী পিরলো।
তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগটাই হচ্ছে স্বপ্ন, আশা করছি আগামী বছর আমরা এটা জিততে পারবো।’ - বাসস/এএফপি