সিংড়ায় আলেম ওলামাদের সঙ্গে পলকের মতবিনিময় সভা

সিংড়ায় আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জুনাইদ আহমেদ পলক এম,পি। নাটোরের সিংড়া পৌর কমিউনিটি সেন্টারে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ সিংড়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিংড়া উপজেলা ও পৌর এলাকায় বসবাসরত আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক, ইমাম, মোয়াজ্জিন, মাদ্রাসা-মসজিদ কমিটির সভাপতি-সাধারণ সস্পাদক, হাজী সাহেবরা উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব এ্যাড. জুনাইদ আহমেদ পলক এমপি।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট আলেম মাওলানা আলী আকবর, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা আব্দুর শাকুর, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর ওলামালীগের সভাপতি মাওলানা ইদ্রীস আলী সুমন, সাধারণ সম্পাদক নুর আলম, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম দুলু, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার ইসলামের খেদমত করে যাচ্ছেন। যার কারনে তিনি কওমী জননী উপাধি পেয়েছেন। বঙ্গবন্ধু ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, যেখানে ইসলামের প্রচার প্রসার এবং প্রায় ৮০ হাজার আলেমদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। 

তিনি আরো বলেন, আওয়ামী লীগ আমলে কোন মসজিদ, মাদ্রাসা বন্ধ হয়নি বরং উন্নয়ন হয়েছে। দাড়ি টুপি খুলতে হয়নি, আযান বন্ধ হয়নি। এজন্য সকল অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান তিনি। 

সভায় বক্তারা আগামী নির্বাচনে জুনাইদ আহমেদ পলককে নৌকা প্রতিকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য ঐক্যমত পোষণ করেন। উন্নয়ন, শান্তি ও নিরাপদ সিংড়া গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

ইত্তেফাক/নূহু