বরেণ্য চলচ্চিত্রকার আমজাদ হোসেনের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার শারীরিক অবস্থা বারবার পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এখন পুরো বিষয়টি চিকিত্সকরা তত্ত্বাবধান করছেন।—এমনটাই জানিয়েছেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এসএ হক অলিক।
এদিকে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে আমজাদ হোসেনের মৃত্যুর খবর। এই বিষয়টি সম্পূর্ণ গুজব।
সপ্তাহখানেক আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় ঢাকার তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে ভর্তি করা হয় আমজাদ হোসেনকে। হাসপাতালে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। শুরু থেকেই তাকে কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। আমজাদ হোসেনের চিকিত্সার জন্য ৪২ লাখ ৩৫ হাজার টাকা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে।