আর্ত-মানবতার সেবায় যুব সমাজকে উদ্বুদ্ধ করতে হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আর্ত মানবতার সেবায় নিয়োজিত করতে আমাদের যুব সমাজকে উদ্বুদ্ধ করতে হবে। উদ্বুদ্ধকরণের মাধ্যমে যুবসমাজকে আর্ত মানবতার সেবায় নিয়োজিত করা গেলে আমাদের সামাজিক অপরাধসমূহ কমে যাওয়ার পাশাপাশি সমাজে শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে। সামাজিক বন্ধনও সুদৃঢ় হবে। কারণ মানবতার কল্যাণে নিবেদিত ব্যক্তিরা সামাজিক অপরাধ করতে পারে না। 

বুধবার রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ মিলনায়তনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আইনমন্ত্রী এ সব কথা বলেন। 

তিনি বলেন, আর্ত-মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যেই রয়েছে জীবনের স্বার্থকতা। জীবনের উদ্দেশ্য শুধু নিজেকে সুখী করা নয় বরং উদ্দেশ্য হওয়া উচিত অন্যকে সুখী করা। পৃথিবীতে দান করে কিংবা মানবসেবা করে কেউ কখনো গরিব হয়নি, বরং গরিব মানসিকতার মানুষরাই কখনো কারো জন্য কিছু করতে পারেনি। পৃথিবীতে সেই মানুষগুলোই সবচেয়ে সুখের কাছাকাছি যেতে পেরেছে, যারা নিজেদেরকে আর্তমানবতার সেবায় বিলিয়ে দিতে সক্ষম হয়েছে। নিজের জন্য নয় সমাজ ও মানুষের সেবা করার মাঝেই রয়েছে সবচেয়ে বড় আনন্দ। 

আরো পড়ুন: আগামীতে ট্যাক্স না দিয়ে কেউ থাকতে পারবে না: অর্থমন্ত্রী

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সোসাইটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. হাবিবে মিল্লাত এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ্ কামাল বক্তৃতা করেন।

ইত্তেফাক/এমআই