‘সংখ্যালঘুদের নিরাপত্তায় বিরোধী দলেরও ভূমিকা রয়েছে’

অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে বাংলাদেশের পরিচিতি রয়েছে। তবে সম্প্রতি সংখ্যালঘুদের উপর যে হামলার ঘটনা ঘটেছে তা কাম্য নয়। সংখ্যালঘুদের নিরাপত্তায় সরকারের পাশাপাশি বিরোধী দলেরও ভূমিকা রয়েছে। সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতায় সরকারের সঙ্গে সঙ্গে বিরোধী দলও দায় এড়াতে পারে না। সমপ্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি মিলনায়তনে ফ্রান্সস্থ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ‘মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে আজকের বাংলাদেশ এবং করণীয়’ শীর্ষক আলোচনা সভায় আলোচক ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক এডভোকেট সুলতানা কামাল, সুপন চক্রবর্তী ও দেবেশ বড়ুয়া প্রমুখ। ঢাকায় প্রাপ্ত খবরে এ তথ্য জানা যায়। দুই পর্বের সভার প্রথম পর্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন রজত রায় রাজু। অনুষ্ঠানের শুরুতে সাভারের ভবন ধসের ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মানবাধিকার সংগঠনগুলোর ভূমিকা নিয়ে আলোচনা করেন। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান। তারা বলেন, সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধে যেমন সরকারের দায়িত্ব রয়েছে তেমনি বিরোধী দলও উস্কানিমূলক বক্তব্য না দিয়ে এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নাগরিক সমাজের বিশাল ভূমিকা রয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, দেশের জনগণকে অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ও অপরের মতের প্রতি সহনশীল হবার জন্য জনগোষ্ঠীকে সচেতন করা দরকার। এ সচেতনতার দায়ভার নাগরিক সমাজেরই।