সু ম না স র কা র
প্রভাষক, নাট্যকলা ও সংগীত বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশ : ০৫ মে ২০১৩, ২০:০০
শৈশবে ‘আমি কান পেতে রই’ বড়বোন সূচনা সরকারের কণ্ঠে রবীন্দ্রনাথের গানে। তারপর দিদির কাছে বায়না ধরে প্রতিদিন রবীন্দ্রনাথের গান শুনতে শুনতে ঘুমাতেন সুমনা সরকার। তারপর গীতবিতান পাঠ, সঞ্চয়িতা পাঠ অভাবিতভাবে প্রভাবিত করে। সেই থেকে জড়িত হন রবীন্দ্রপাঠে।
রবীন্দ্রভক্ত বাবা কবিতা শোনাতেন, দিদি গাইতেন রবীন্দ্রনাথের গান আর মা শেখাতেন রবীন্দ্রনাথের কবিতা ও নাটকের অভিনয়। কৈশোরেই গোবিন্দগঞ্জ থিয়েটারে যুক্ত হন বাবুলাল চৌধুরীর হাত ধরে। রবীন্দ্রনাথের গানে নাচও করতে থাকেন। রবীন্দ্রনাথের বিভিন্ন নাটকে থানা-জেলা-বিভাগ-জাতীয় ও আন্তর্জাতিক (ভারত) অভিনয় প্রতিযোগিতায় স্থান করে নেন। সুমনা সরকারের শতাধিক কৃতিত্বের সনদ রয়েছে শৈশব-কৈশোরে অভিনয়ের স্বাক্ষররূপে। রবীন্দ্রনাথ তার কাছে ঋষি। সকল সমস্যার সমাধান। এভাবেই তিনি মনে প্রাণে ধারণ করেন রবীন্দ্রনাথকে।
আমাদের সাহিত্য চর্চায় প্রজন্ম প্রেরণায় বর্তমান সময়ে রবীন্দ্রনাথ কতটুকু আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘বর্তমান প্রজন্মের সমস্ত চিন্তার প্রশস্ত পথ আছে রবীন্দ্রনাথে। রবীন্দ্রসাহিত্যচর্চায় নিবিষ্ট একজন মানুষ নিজেই হয়ে উঠবে পরিশুদ্ধ। তাই বর্তমান প্রজন্মের জীবনচর্চায় রবীন্দ্রসাহিত্যচর্চা অনিবার্য মনে করি। তবেই মুক্তি মিলবে আলোয় আলোয়।’ এরপর তার কাছে জানতে চেয়েছিলাম রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের জানার ও চেনার প্রচেষ্টায় রাষ্ট্রীয় ও জাতিগত উদ্যোগ কি যথেষ্ট? উত্তরে সুমনা সরকার বলেন, ‘মোটেও না। যে রাষ্ট্রের জাতীয় সংগীত রবীন্দ্রনাথ ঠাকুরের সে দেশে রবীন্দ্রচর্চা নগণ্য। এটা খুব বিস্ময়ের ব্যাপার। বাংলাদেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে রবীন্দ্রসংগীত একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে চালু হওয়া উচিত। রবীন্দ্র অধ্যাপক, রবীন্দ্রগবেষক পদসৃৃষ্টি হওয়া উচিত। হওয়া উচিত রবীন্দ্র ইনস্টিটিউট, রবীন্দ্র একাডেমী, রবীন্দ্র কলেজ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।’
এই প্রজন্মের কাছে রবীন্দ্রচর্চার তাগিদ সম্পর্কে তিনি বলেন, ‘রাজনীতির দূষণযুক্ত এই হাওয়ায় বাংলাদেশের বর্তমান প্রজন্মের জন্য রবীন্দ্রচর্চা অত্যন্ত জরুরি মনে করি। কেননা অসাম্প্রদায়িকতা, প্রগতিশীলতা, দেশপ্রেম, শিক্ষাভাবনা, রাজনীতিচেতনাসহ পুরো একটি জীবনের জন্য রবীন্দ্রচর্চার বিকল্প নেই।’
এই প্রজন্মের কাছে রবীন্দ্রনাথ শুধুই কী দিবস ভিত্তিক কী না জানতে চাইলে সুমনা বলেন, ‘তাই মনে করি। তবে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশতজন্মবর্ষ উপলক্ষে সরকার গৃহীত পদক্ষেপকে সাধুবাদ জানাই। রবীন্দ্রনাথ হওয়া উচিত প্রতিক্ষণের।’
সুমনে সরকারের ভবিষ্যতের স্বপ্ন, শিক্ষকতার পাশাপাশি রবীন্দ্রনাথের নাটকে আজীবন কাজ করা, এতদ্বিষয়ে কাজ করাতে চান এবং রবীন্দ্রচর্চাকে আঁকড়ে ধরতে চান আমৃত্যু।
সুমনা সরকার
ডাক নাম :মনা
জন্ম তারিখ ও স্থান :১১ ফেব্রুয়ারি, ফুলছড়ি, গাইবান্ধা
মায়ের নাম :গায়ত্রী বট্টাচার্য
বাবার নাম :গোপাল সরকার
প্রথম স্কুল :ফুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলছড়ি, গাইবান্ধা
প্রিয় মানুষ :রবীন্দ্রনাথ ঠাকুর
প্রিয় উক্তি :ভালো-মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে
প্রিয় পোশাক :সুতি দেশি শাড়ি
অবসর কাটে যেভাবে :রবীন্দ্র গানে, কবিতায় আর কল্পনা করে।
সাফল্যের সংজ্ঞা :নিজেকে চিনতে পারা এবং মানুষ হওয়াটাই জীবনের সাফল্য মনে করি।