শান্তিপূর্ণ নির্বাচন হবে কি?
প্রকাশ : ০৫ মে ২০১৩, ২১:৪২
শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে মনে হয় না
একটি গণতান্ত্রিক দেশে হরতাল যেমন কাম্য নয় তেমনি পুলিশ বাহিনীকে দলীয় কাজে ব্যবহারও সঠিক সিদ্ধান্ত নয়। বহু ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীন দেশটিতে দেশ প্রেমিকের বড়ই অভাব। বর্তমান রাজনীতির অস্থিরতায় মনে হয় নির্বাচন না হাওয়ার সম্ভাবনাই পরিলক্ষিত হয়। হঠাত্ রাজনৈতিক সহিংসতায় খুন হচ্ছে অনেক নিরীহ মানুষ—কে নিবে এ দায়ভার? একতরফা নির্বাচন কোন দেশেই শান্তিপূর্ণ হতে পারে না। বৃহত্ দলগুলোর সমঝোতাই পারে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে। সাধারণ মানুষ প্রতিহিংসায় বিশ্বাসী নয়। তারা তাদের ভাগ্যের পরিবর্তন চায়। দেশের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিরা যখন ক্ষমতার মায়ায় মত্ত— তখন দেশের গণতন্ত্র কোন দিকে যেতে পারে। নাশকতাই কি গণতন্ত্র? নির্বাচন প্রক্রিয়া অবশ্যই ব্যয়বহুল। বাংলাদেশের মত একটি দরিদ্র দেশের নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয় তার ক্ষতির বোঝা জনগণকেই বইতে হবে। তাই সব রাজনৈতিক দলকেই ভাবতে হবে ব্যক্তির চেয়ে যেমন দল বড়, তেমনি দলের চেয়ে দেশ বড়। আসুন আমরা সবাই মিলে দেশ বাঁচাই।
মো. বখতিয়ার রানা
এম.এ (আইএসএলএম), ঢাকা বিশ্ববিদ্যালয়
দেশবাসী আশা করে একটি গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন অনুষ্ঠান
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশে বিরাজ করছে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতা। জাতীয় সংসদ নির্বাচন আসন্ন হলেও কি পন্থায় একটি স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ, আন্তর্জাতিক মানসম্পন্ন ও জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো নির্বাচন সম্পন্ন হবে তার রূপরেখা নিয়ে দুটি প্রধান রাজনৈতিক দল সমঝোতায় আসতে পারছে না। ইতোমধ্যে ক্ষমতাসীনরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে এবং দলীয় সরকারের অধীনে যেনতেনভাবে একটি নির্বাচন করে ক্ষমতায় আসীন থাকতে দৃঢ়প্রতিজ্ঞ। বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে যাচ্ছে। বিরোধী দলের দাবি তত্ত্বাবধায়ক ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই তারা যেকোনো মূল্যে তত্ত্বাবধায়ক পুনঃপ্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। নির্বাচনকালীন সরকারের রূপরেখা ইস্যুতে সরকার ও বিরোধী দলের কঠোর বিপরীতমুখী মনোভাবের কারণে হরতাল, খুন, রাহাজানি ও পাল্টাপাল্টি সংঘর্ষে দেশের অর্থনীতি জননিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা, আইনের শাসন আজ বিপর্যস্ত। দেশ গভীর সংকটে নিপতিত। ধ্বংসস্তূপ আর রক্তপাত ঘটিয়ে হলেও যেকোনো মূল্যেই ক্ষমতা হস্তগত করতে চায় সরকার ও বিরোধী দল। সরকারের সীমাহীন দুর্নীতি-ব্যর্থতা, তত্ত্বাবধায়ক ইস্যু। যুদ্ধাপরাধীদের বিচার, শাহবাগ আন্দোলন, নাস্তিক ব্লগার ইস্যু, রাজনীতিতে ইসলামপন্থিদের প্রাধান্য বিস্তারের চেষ্টা ইত্যাদি সবকিছু মিলিয়ে জতি আজ কঠিন সময় পার করছে। দেশ আজ দু’ভাগে বিভক্ত, যা একটি স্বাধীন দেশে কখনোই প্রত্যাশিত নয়। তাই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে প্রতিটি রাজনৈতিক দল বিশেষ করে বৃহত্ দুটি দল যদি ক্ষমতার লোভ পরিহার করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের রূপরেখা নিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারে তবেই জাতি একটি অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আশা করতে পারবে।
মো. আবদুল্লাহ আল মামুন
২য় বর্ষ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ
আলাওল হল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
দেশের অবস্থা দেখে মনে হয় না যে নির্বাচন অনুষ্ঠিত হবে
বাংলাদেশে আজ ভয়াবহ অবস্থায় চলছে। রাজনৈতিক প্রভাব আজ পাল্টাপাল্টি কর্মসূচিতে দেশ চলছে, যাতে বাংলাদেশের ক্ষতি ছাড়া কিছু হচ্ছে না, যেটা আগামীতে বাংলাদেশের ক্ষতি পোহাতে হবে। যে সরকারই আসুক, বর্তমানে যেভাবে বাংলাদেশকে ক্ষতির দিকে ঠেলে নিয়ে যাচ্ছে বা দিনে দিনে বেড়েই চলেছে তাতে নিম্নতম মানুষহতে শুরু করে ব্যবসায়ী, কর্মজীবী, রিকশাচালক, গাড়িচালক, আরো অন্য কর্মজীবী মানুষ ঠিকভাবে খেয়েপরে জীবন কাটাবেন, তা তারা পারছেন না। এতে মানুষের ঋণের বোঝা দিন দিন ভারি হচ্ছে। মানসিক টেনশন বেড়ে সকল ফ্যামিলির ক্ষতি হচ্ছে, এইভাবে রাজনৈতিক কর্মকান্ডের কারণে মানুষ আজ বেশি ক্ষতিগ্রস্ত। সরকারকে নির্বাচিত করেন জনগণ ভোট দিয়ে। তাহলে তাদের দিকে খেয়াল রেখেই তো সকল রাজনৈতিক দলকে কাজ করতে হবে। আগামী নির্বাচনে জনগণকে ভালবেসে কিভাবে করা যায় সেটাই করা দরকার। হরতাল-মারামারি কাটাকাটি দিয়ে কি লাভ হচ্ছে। আমার তো মনে হয় বাংলাদেশের সম্পদ নষ্ট ছাড়া কিছুই হচ্ছে না।একটা কথা মনে রাখতে হবে যে, জমিনের বুকে কেউ চিরস্থায়ী হয়ে থাকতে আসিনী এবং থাকা সম্ভবও নয়। সবাইকে পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে। নেক আমল ছাড়া, ভাল কাজ করা ছাড়া কিছুই সাথে নিতে পারবো না বা যাবেও না। পরোকালের কথা চিন্তা করে সেভাবে কাজ করলে ১০০ ভাগ নিশ্চিত যে, শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে ইনশাআল্লাহ।
মো. মোশারফ হোসেন সোহাগ
বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম
রাজনৈতিক সংকট দূর হলেই একটি শান্তিপূর্ণ নির্বাচন হওয়া সম্ভব
বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি। নানা সমস্যায় ঘিরে রেখেছে এই দেশটাকে। এদেশের রাজনৈতিক সহিংসতা দিন দিন বেড়েই চলেছে। প্রত্যেক মানুষ স্বপ্ন দেখে একটি সুন্দর ও আধুনিক দেশে বসবাস করার জন্য। আমাদের দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা সবচেয়ে বড় বাধা। এভাবে চলতে থাকলে অচিরেই এই দেশটা আরও পিছিয়ে পড়বে। দেশের চলমান সংকটের সবচেয়ে বড় কারণ হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে লঙ্কাকান্ড শুরু হয়ে গেছে। একটি গণতান্ত্রিক দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যেক নাগরিক আশা করে। দেশের প্রভাবশালী দুইটি রাজনৈতিক দল ইচ্ছা করলে এই চলমান সংকট নিরসন করতে পারে। তাদের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা হতে পারে। যে নির্বাচনকে ঘিরে এতসব কর্মকাণ্ড সেই নির্বাচন পরিচালনাকারী নির্বাচন কমিশন অনেক বড় ভূমিকা পালন করতে পারে। একটি গাছের গোড়া যদি শক্ত থাকে তাহলে সেই গাছে যতই ঝড় লাগুক না কেন ভেঙ্গে পড়বে না। আর যদি গাছের গোড়া নরম থাকে তবে একটু বাতাসেই নড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তেমনি নির্বাচন কমিশন যদি তার অবস্থানগত দিক থেকে ঠিক থাকে তাহলে কোন শক্তিই তাকে দুর্বল করতে পারবে না। একটি দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পিছনে নির্বাচন কমিশন তার দক্ষতা প্রমাণ করতে পারে। দেশের জনগণ যদি তাদের ভালবাসার জায়গা থেকে এ সমস্ত চলমান রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে উঠতে পারে তাহলে একটি গণতান্ত্রিক দেশে সুষ্ঠুও শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব।
চঞ্চল কুমার মন্ডল
বিবিএ (অনার্স) হিসাব বিজ্ঞান বিভাগ, ২য় বর্ষ
ধামরাই সরকারি কলেজ, ধামরাই, ঢাকা