বুলাওয়েতেই সমতায় ফিরল জিম্বাবুয়ে

নিজেদের পরিচিত কন্ডিশন, পরিচিত মাঠ, তবুও যেন বুলাওয়ের কুইন্স ক্লাব মাঠটিকে বড়ই অচেনা লাগছিল জিম্বাবুয়ের কাছে। বাংলাদেশের বিপক্ষে প্রায় চার বছর ধরে এই মাঠে জয় অধরাই থেকে গেছে স্বাগতিকদের কাছে। অবশেষে সেই স্বস্তির জয় এল জিম্বাবুয়ের ঘরে। কাল বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে বুলাওয়ের ‘অপয়া’ মাঠের বদনাম ঘুচিয়েছে তারা; পাশাপাশি সিরিজেও নিজেদের ফিরিয়ে এনেছে। সিরিজে এখন সমতা (১-১)। স্বাভাবিকভাবেই বুধবারে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি হয়ে গেল ‘ফাইনাল ম্যাচ’। বাংলাদেশ এই ম্যাচে ব্যাটিংয়ে যাচ্ছে। তাই শুরু করলেও জয়ের স্বপ্ন দেখতে পাচ্ছিল। সেই স্বপ্ন ‘নষ্ট করেছেন’ স্বাগতিক দলের দুই মিডল অর্ডার শন উইলিয়ামস ও ম্যালকম ওয়ালার। এই দুইজন ৮২ বলে ৮৬ রানের পার্টনারশীপে ভেঙ্গে যায় বাংলাদেশের ২৫২ রানের চ্যালেঞ্জ। উইলিয়ামস তো নিজের ৪৯তম ওয়ানডে ম্যাচে ক্যারিয়ার সেরা (অপরাজিত ৭৮) ইনিংস খেলে ফেলেছেন। বাংলাদেশের বিপক্ষে এটি তার ষষ্ঠ এবং ক্যারিয়ারে ১২তম ফিফটি। ১১ রানের জন্য ফিফটি পাননি ওয়ালার। তার জন্য অবশ্য দুঃখ নেই তার। মাত্র ক’দিন আগে জিম্বাবুয়ে নিউজিল্যান্ডের ৩২৯ রানের পাহাড় টপকেছে ওয়ালারের ৯৯ রানের কারণে। কালও দলের জয়ে বড় ভূমিকা ছিল তার ৩৯ রানের ইনিংসটির। এই দুই ব্যাটসম্যানের কাজটি সহজ করে দিয়েছেন অবশ্য বাংলাদেশি ফিল্ডাররা। চমত্কার সূচনা করেও শফিউল ইসলাম ছাড়া জিয়াউর রহমান ও রবিউল ইসলাম শেষদিকে ছিলেন বেশ নিষ্প্রভ। স্পিনারদের বোলিংয়েও কাল তেমন ধার ছিল না। ব্যাট হাতে জিম্বাবুয়ের বোলারদের চোখের পানি ফেললেও বল হাতে ব্যাটসম্যানদের কাবু করতে পারেননি আব্দুর রাজ্জাক। আর ইনজুরি থেকে ফিরে এখনো নিজের ছন্দের খোঁজ পাননি সাকিব আল হাসান। অথচ বাংলাদেশের ভাঙ্গাচোরা ইনিংসকে দুর্দান্তভাবে মেরামত করে রাজ্জাক আলোর মুখ দেখিয়েছিলেন। বাংলাদেশ হারলেও দিনশেষে তার সেই কীর্তি ঢাকা পড়ে যায়নি। বরং ২২ বলে পাঁচ ছয়ে ৫৩ রান কালকের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সবচেয়ে আলোচিত অধ্যায় হয়ে রইল। ৪৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ১৮৫! সেখান থেকে শেষ ৬ ওভারে মুশফিকরা পেয়েছে ৬৮ রান। আর এটি সম্ভব হয়েছে রাজ্জাকের প্রথম ওয়ানডে ফিফটির কারণে। নাসির হোসেন কালও ধারাবাহিকতার প্রমাণ দিয়েছেন। করেছেন দ্বিতীয় সর্বোচ্চ (৩৬)। তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল, মোমিনুল হক, মুশফিকুর রহিমদের আউটগুলোর মধ্যে জিম্বাবুয়েন বোলারদের অবদান ছিল কম। বরং অসংখ্য ক্যাচ মিসের কারণে বাংলাদেশের স্কোর আড়াইশ ঘরে ছুঁয়েছে। ২১ রানের মাথায় হাফ সেঞ্চুরিয়ান রাজ্জাক তো একবার লাইফও পেয়েছেন। ফিল্ডাররাও ফিল্ডিং মিস করেছেন। এসব টুকিটাকি ভুল জিম্বাবুয়ের জয় আটকাতে পারেনি। শেষ পর্যন্ত দলকে জিতিয়ে হাসি মুখেই মাঠ ছেড়েছেন অধিনায়ক ব্রেন্ডন টেইলর। \ স্কো র কা র্ড বাংলাদেশ ব্যাটিং: তামিম ক টেইলর ব চাতারা ৬ আশরাফুল ক টেইলর ব জার্ভিস ৮ মমিনুল ক জার্ভিস ব চিগাম্বুরা ২৪ মুশফিকুর এলবিডব্লিউ ব চিগাম্বুরা ২৬ সাকিব এলবিডব্লিউ ব উতসেয়া ৩৪ নাসির ক টেইলর ব চাতারা ৩৬ মাহমুদুল্লাহ ক জার্ভিস ব চিগাম্বুরা ৩১ জিয়াউর ক টেইলর ব শিঙ্গি ১২ রাজ্জাক অপরাজিত ৫৩ সফিউল রান আউট (জার্ভিস/ মাসাকাদজা) ৪ রবিউল অপরাজিত ০ অতিরিক্ত(বাই ৪, লেগ বাই ৬, ওয়াইড ৭, নো বল ১) ৩২ মোট ( ৯ উইকেট, ৫০ ওভার) ২৫২ উইকেট পতন:১-১০ (তামিম), ২-১৬ (আশরাফুল), ৩-৬০ (মুশফিক), ৪-৮৮ (মমিনুল), ৫-১২৪ (সাকিব), ৬-১৬০ (নাসির), ৭-১৮৫ (জিয়াউর), ৮-২১৩ (মাহমুদুল্লাহ), ৯-২২৪ (শফিউল। বোলিং: চাতারা: ১০-২-৩৩-২, জার্ভিস: ১০-০-৫২-১, চিগাম্বুরা: ১০-০-৩৯-৩, শিঙ্গি: ১০-০-৬৪-১, উতসেয়া: ৮-০-৪৭-১, মাসাকাদজা: ২-০-৭-০। জিম্বাবুয়ে ব্যাটিং: মাসাকাদজা ব শফিউল ১৫ সিবান্দা এলবিডব্লিউ ব সাকিব ৪৯ রাজা ক সাকিব ব শফিউল ২৩ টেইলর ক মমিনুল ব জিয়াউর ৩৭ উইলিয়ামস অপরাজিত ৭৩ ওয়ালার অপরাজিত ৩৮ অতিরিক্ত (লেগ বাই ৫, ওয়াইড ৭) ১২ মোট (চার উইকেট, ৪৭.৫ ওভার) ২৫৩ উইকেট পতন: ১-২৯ (মাসাকাদজা), ২-৯৪ (সিবান্দা), ৩-৯৪ (রাজা), ৪-১৬৭ (টেইলর)। বোলিং: সফিউল: ৯-০-৫১-২, রবিউল: ৯.৫-০-৫১-০, রাজ্জাক: ৯-০-৪৪-০, জিয়াউর: ৭-০-৪২-১, সাকিব: ৯-০-৪২-১, মাহমুদুল্লাহ: ৪-০-১৮-০। ফল: জিম্বাবুয়ে ছয় উইকেটে জয়ী। সিরিজ: ৩ ম্যাচ সিরিজ ১-১ এ সমতায়। ম্যান অফ দ্য ম্যাচ: শন উইলিয়ামস।