পেছালো বার্সার শিরোপা উত্সব
প্রকাশ : ০৫ মে ২০১৩, ২২:০৮
ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে রিয়াল মাদ্রিদ গত শনিবার রিয়াল ভ্যালাডোলিডের বিরুদ্ধে ৪-৩ ব্যবধানে জিতলেও তাতে পিছিয়ে গেল লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার শিরোপা উত্সব। সান্তিয়াগো বার্নাব্যুতে শ্বাসরুদ্ধকর খেলায় রোনালদো হেডে গোল দুটি করলেও তার নৈপুণ্যকে ছাপিয়ে যায় ম্যানেজার হোসে মরিনহোর বিরুদ্ধে সমর্থকদের অসন্তোষের ঘটনায়। মরিনহোকে দুয়ো ধ্বনি শুনতে হয়েছে এই রাতে।
রোনালদো এ নিয়ে লিগে ৩৩ গোল করলেন। ৪৪ গোল করে শীর্ষে রয়েছেন বার্সেলোনা স্ট্রাইকার লিওনেল মেসি।
রিয়াল মাদ্রিদ এ খেলায় হারলে বার্সেলোনা কাল রাতে রিয়াল বেটিসের বিরুদ্ধে খেলাটিতে নামার আগেই শিরোপা নিশ্চিত করে ফেলতে পারতো। কিন্তু নিজেদের মাঠে টানা নবম লিগ ম্যাচ জয়ে প্রতীক্ষায় থাকতে হলো কাতালান দলটিকে। ফলে এ সপ্তাহে বার্সেলোনার আর শিরোপা উত্সব করা হলো না। বার্সেলোনার চাইতে দ্বিতীয় স্থানে থাকা মাদ্রিদ এখনো আট পয়েন্টে পিছিয়ে রয়েছে। বেটিসের খেলাটি হয়ে যাবার পরও কোচ টিটো ভিলানোভার দলের লিগে চারটি ম্যাচ খেলতে হবে। তাই শিরোপার জন্য অন্ততপক্ষে আরো এক সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে বার্সেলোনাকে।
এদিকে তৃতীয়স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদ স্বাগতিক ডিপোর্টিভো লা করুনার সাথে ড্রয়ের সুবাদে নিশ্চিত করে ফেলল পরবর্তী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ। ভ্যালেন্সিয়া ৪-০ গোলে নয়জনের ওসাসুনাকে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষ চারের মধ্যে থাকার সম্ভাবনা জোরালো করে তুলেছে। মালাগা ১-০ গোলে গ্রানাডার বিপক্ষে হেরে ভ্যালেন্সিয়া থেকে তিন পয়েন্টে পেছনে পড়ল। মালাগা অবস্থান করছে ষষ্ঠস্থানে।
মাদ্রিদ-ভ্যালাডোলিডের খেলাটি শুরুর আগে থেকেই মরিনহোকে ব্যঙ্গ বিদ্রূপ করেন গ্যালারির দর্শকরা। তার সাম্প্রতিক এক বক্তব্যের কারণেই তোপের মুখে রয়েছেন পর্তুগীজ এই কোচ। মরিনহো বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফিরতি খেলাটির পর বলেছিলেন যেখানে ভালোবাসা নেই অমন ক্লাবে তিনি থাকবেন না। এই বক্তব্যে চটেছে মাদ্রিদ সমর্থকরা। এ জন্য সমর্থকরা তাকে তিরস্কার করতেও ছাড়েননি।
রিয়াল মাদ্রিদ জয় বঞ্চিত (ড্র) হলেই শিরোপা জয়ের সম্ভাবনা ছিল বার্সেলোনার। কারণ বার্সা রবিবার জিতলে ১৩ পয়েন্টে এগিয়ে যেতে পারতো। পরে বাকি থাকতো লিগের চার ম্যাচ। আর চার ম্যাচে ১২ পয়েন্টের বেশি তুলে নেয়া সম্ভব নয় রিয়াল মাদ্রিদের। ৩৪ ম্যাচে মাদ্রিদ ৭৭ পয়েন্ট তুলতে পেরেছে।
ভ্যালাডোলিডের সাথে জয়ের পর রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার পেপ বলেন, ‘আমরা কাজ করে যাচ্ছি। আমরা জানি কঠিন প্রশ্ন। কিন্তু আমরা গুরুত্বপূর্ণ একটি ক্লাবকে উপস্থাপন করছি এবং আমরা এই জার্সিকে সম্মান করব শেষ পর্যন্ত।’
ম্যাচে সফরকারীরা আট মিনিটে অস্কার গনজালেসের গোলে এগিয়ে যায়। মাদ্রিদের অ্যাঞ্জেল ডি মারিয়া ২৬ মিনিটে গোলটি শোধ করে দেন। ৩২ মিনিটে রোনালদো ব্যবধান বাড়ালেও তিন মিনিট পরেই ভ্যালাডোলিডের জাভি গুয়েরা সমতা আনেন ম্যাচে গোল করে। ৪৯ মিনিটে ব্রাজিলের কাকা মাদ্রিদকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন। ৭০ মিনিটে রোনালদো আবারো হেড থেকে গোল করলে ব্যবধান হয়ে যায় ৪-২। কিন্তু ৮৭ মিনিটে ম্যাচ জমিয়ে তুলেন ভ্যালাডোলিডের বদলি খেলোয়াড় লুইস সেস্ত্রে দারুণ গোল করে। নাটকীয় কিছু ঘটেনি অবশ্য মাদ্রিদ জয় নিয়েই মাঠ ছেড়েছে।