ওয়ালকটের নৈপুণ্যে তৃতীয় স্থানে আর্সেনাল
প্রকাশ : ০৫ মে ২০১৩, ২২:১০
থিও ওয়ালকটের দ্রুততম গোলে আর্সেনাল গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে স্বাগতিক কুইন্স পার্ক রেঞ্জার্সকে ১-০ ব্যবধানে হারায়। চলতি প্রিমিয়ার লিগ মৌসুমে মাত্র বিশ সেকেন্ডে করা ওয়ালকটের গোলটি সবচেয়ে দ্রুততম। এই জয়ে আর্সেনাল প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে আসে। তবে উইগান ৩-২ গোলে ওয়েস্টব্রুমউইচ আলবিয়নের সাথে জয় তুলে নেয়ায় অবনমন অঞ্চল থেকে বের হওয়ার সুযোগ রয়েছে।
ওয়ালকট লফটাস রোড স্টেডিয়ামে দ্রুততম গোলটি করেন অবনমন অঞ্চলে যাওয়া দলটির বিপক্ষে। এই গোলটি ছায়ায় ঢেকে দিল সাবেক আর্সেনাল তারকা রবিন ফন পার্সির গড়া কৃতিত্বকে। বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা পার্সি গত নভেম্বরে ওয়েস্টহ্যামের বিপক্ষে ৩৩ সেকেন্ডে গোল করেছিলেন। চলতি মৌসুমে এটি ওয়ালকটের ২০তম গোল।
প্রিমিয়ার লিগের যুগ শুরু হয় ১৯৯২ সালে। এই যুগে প্রিমিয়ার লিগ ফুটবলে সবচেয়ে দ্রুততম গোলটি করেছেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার লেডলি কিং। ২০০০ সালের ডিসেম্বরে ব্রাডফোর্ড সিটির বিপক্ষে তিনি ৯.৯ সেকেন্ডে গোল করেছিলেন।
আর্সেনাল ৩৬ খেলা শেষে ৬৭ পয়েন্ট তুলতে পেরেছে। ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির দ্বৈরথটি ছিল গতকাল রবিবার। চেলসি জয় পেলে চতুর্থ স্থান থেকে আবারো তৃতীয় স্থানে উঠে আসবে। কিন্তু ড্র করলে আর্সেনাল থেকে যাবে তৃতীয় স্থানেই। টটেনহ্যামও পয়েন্ট টেবিলে চেলসিকে ছুঁয়ে ফেলেছে। গ্যারেথ বেলের দারুণ গোলে সাউদাম্পটনকে ১-০ ব্যবধানে হারায় টটেনহ্যাম। চলতি মৌসুমে এটি বেলের ২৫তম গোল। প্রিমিয়ার লিগে তিনি ২০ গোল করে গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। বেল ম্যাচ শেষে গোলটি সম্পর্কে বলেন, ‘আমি দেখলাম জায়গা ফাঁকা রয়েছে এবং বাইরে থেকে ভালভাবে শট নিতে পেরেছি। এই তিন পয়েন্টের কারণে আমাদের চ্যাম্পিয়ন্স লিগের আশা বেঁচে আছে।’
এদিকে টটেনহ্যাম চেলসি থেকে এক ম্যাচ বেশি খেলেছে। দুটি দলেরই সমান ৬৫ পয়েন্ট। টটেনহ্যাম পঞ্চম স্থানেই রয়েছে।
ম্যানচেস্টার সিটি স্বাগতিক সোয়ানসি সিটির সাথে গোলশূন্য ড্র করেছে। দ্বিতীয় স্থানে থাকা দলটি থেকে আর্সেনাল পাঁচ পয়েন্ট ব্যবধানে পেছনে। আর্সেনাল থেকে সিটি এক ম্যাচ কম খেলেছে। শনিবার লিগের অন্যান্য ম্যাচে রিডিং ৪-২ গোলে ফুলহ্যামকে, অ্যাস্টন ভিলা ২-১ গোলে নরউইচ সিটিকে, উইগ্যান অ্যাথলেটিক ৩-২ গোলে ওয়েস্ট ব্রমউইচকে ও টটেনহ্যাম ১-০ গোলে সাউদাম্পটনকে হারায়। অন্যদিকে ওয়েস্টহ্যাম ইউনাইটেড ও নিউক্যাসলের ম্যাচ দুটি গোলশূন্য ড্র হয়।