লিভারপুলই আমার ভবিষ্যত্ :সুয়ারেজ
প্রকাশ : ০৫ মে ২০১৩, ২২:১১
উরুগুয়ের বিতর্কিত স্ট্রাইকার লুইস সুয়ারেজ বলেছেন, নিকট ভবিষ্যতে তো নয়ই বরং সারাজীবনেও লিভারপুল ছাড়ার ইচ্ছা নেই তার! ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সানকে দেয়া এক সাক্ষাত্কারে সুয়ারেজ এসব কথা বলেন।
বল পায়ে দুর্দান্ত সব পারফরমেন্সের পাশাপাশি মাঠে নানা কর্মকাণ্ডের জন্যও নিয়মিতই খবরের শিরোনাম হতে দেখা যায় তাকে। ২০১০ বিশ্বকাপের কথাই ধরা যাক। পুরো টুর্নামেন্টেই ছিলেন দুর্দান্ত। ডিয়েগো ফোরলানের সঙ্গে তার জুটিই মূলত উরুগুয়েকে শেষ চারে পৌঁছে দেয়। কোয়ার্টার ফাইনালে ঘানার নিশ্চিত একটা গোলকে হাত দিয়ে ঠেকালে লাল কার্ড দেখতে হয় তাকে। তার এই ‘কীর্তি’ দলকে সেমিফাইনালে তুললেও সমালোচকরা ঠিকই এক হাত নেন তাকে।
তাতে বয়েই গেছে সুয়ারেজের! ২০১১ সালের জানুয়ারিতে প্রায় দুই কোটি ৩০ লাখ পাউন্ডে অ্যানফিল্ডে যোগ দেয়ার পরও ঘটিয়ে যাচ্ছেন অভিনব সব ঘটনা। যার সর্বশেষটি হচ্ছে চেলসির বিরুদ্ধে প্রিমিয়ার লিগ ম্যাচে ডিফেন্ডার বানিস্লাভ ইভানোভিচকে কামড়ে দেয়ার ঘটনা। এই ঘটনার শাস্তিস্বরূপ ২৬ বছর বয়সী এই তারকাকে নিষিদ্ধ করা হয়েছে ১০ ম্যাচের জন্য। এ ঘটনার পর সংবাদ মাধ্যমে গুঞ্জন ওঠে, ইংল্যান্ড ছেড়ে এবার অন্যকোথাও দৃষ্টি দিচ্ছেন সুয়ারেজ। কারণ এর আগেও তার বিরুদ্ধে বর্ণবাদ এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে।
তবে ক্লাবের হয়ে এখনো পর্যন্ত ৯৬টি ম্যাচ খেলে ৫১ গোল করা এই তারকা সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। দলের প্রতি তার নিবেদনের কথা জানিয়ে তিনি দ্য সানকে বলেন, ‘লিভারপুলের সঙ্গে আমার একটা চুক্তি আছে এবং এটাই আমার বর্তমান ও ভবিষ্যত্।’
প্রিমিয়ার লিগে এ মৌসুমে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এই স্ট্রাইকার নিষেধাজ্ঞার কারণে গতকাল মিস করেছেন এভারটনের বিরুদ্ধে মার্সিসাইড ডার্বিও। ডার্বি খেলতে না পেরে নিজের হতাশার কথা জানিয়ে প্রিমিয়ার লিগে এ মৌসুমে ২৩টি গোল করা সুয়ারেজ বলেন, ‘আমি যেদিন এখানে এসেছি সেদিন থেকেই বুঝতে পেরেছি ‘ডার্বি’ জিনিসটা কতটা তাত্পর্যপূর্ণ। এটা খেলতে না পারাটা দারুণ হতাশার। তবে আমাদের দারুণ একটা দল আছে। আমাকে ছাড়াই তারা যথাযথভাবে কাজটা করতে পারবে।’