এই চাপ সামলাইবার দায় নিবে কে

দেশে জ্বালাও-পোড়াও’র রাজনীতিতে পুড়ে খার হইয়া যাইতেছে অর্থনীতি। নির্বাচিত সরকারের মেয়াদ শেষ হইবার আগেই আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠান নিয়াই ঘটিতেছে যতসব কান্ডকীর্তি। যাহা আগেও হইয়াছিল। তবে এইবারে ভিন্নরূপে, ভিন্ন ফোরামও রাস্তায় নামিয়াছে। রাজনৈতিক দলের পাশাপাশি অরাজনৈতিক সংগঠনের ব্যানারেও আন্দোলন চলিতেছে। চলিতেছে মিটিং, মিছিল, অবরোধের মত ধ্বংসাত্মক কর্মসূচি। আর বিরোধী রাজনৈতিক দলগুলিও সোচ্চার হইয়া উঠিয়াছে। সরকারের মেয়াদকাল যতই কাছাকাছি আসিতেছে ততই তাহাদের আন্দোলন কর্মসূচিও বাড়িতেছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হইবে কি না, তাহা লইয়া শংকা হইতেই এমন এক পরিস্থিতির সৃষ্টি হইয়াছে, যাহা জনমনে আতঙ্ক ছড়াইয়াছে। পরপর গত দুইদিনে দেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করিলে ইহা স্পষ্ট যে, কাহারো মনেই স্বস্তি নাই। যিনি রাজনীতিতে সম্পৃক্ত, যিনি সম্পৃক্ত নন- উভয়ের জন্যই পরিস্থিতি ভীষণ পীড়াদায়ক হইয়াছে। ব্যবসায়ী, কর্মজীবী কিংবা গৃহিণীদেরও উত্কণ্ঠার শেষ নাই। নির্বিঘ্নে রাস্তায় চলাচল করিবার দু:সাহসও গত দুদিন অনেকে দেখান নাই। সবাইকে বড় ধরনের কোন দু:স্বপ্ন আচ্ছন্ন করিয়াছে। কখন না জানি কি ঘটিয়া যায়। ককটেল, ভাঙচুর না পুলিশের টিয়ারশেল-রাবার বুলেটের মুখে পড়িতে হয়, সেই দু:শ্চিন্তাতো আছেই। এই দুশ্চিন্তা-দু:স্বপ্ন দেশকে অর্থনৈতিকভাবে পিছনে ঠেলিয়া দিবার মতই। এমনিতেই আমরা বেশিদূর অগ্রসর হইতে পারি নাই। তবুও স্বাধীনতার ৪২ বছরে আমরা যতদূর অগ্রগতি লাভ করিয়াছি, তাহা হইতেও পিছাইয়া পড়িবার উপক্রম হইয়াছে। এই ধরনের কর্মসূচি অব্যাহত চলিলে আমাদের অর্থনীতি গভীর খাদে পড়িয়া যাইতে আর কতক্ষণ! খাদের কিনারে থাকা এই অর্থনীতি নিয়ে যাহারা ভাবেন, কিংবা যাহারা অর্থনীতিতে একটু একটু করে অবদান রাখিয়া আসিতেছেন; তাহাদের এখন ত্রাহি অবস্থা। ভুলিয়া যাইবার অবকাশ নাই যে, বিশ্বমন্দা পরিস্থিতি ও এক-এগারোর পর আমাদের অর্থনীতি ক্রান্তিকাল অতিক্রম করিয়াছিল। সেই পরিস্থিতি হইতে টানিয়া তুলিতে কম কষ্ট হয় নাই। সেই অর্জনও ধরিয়া রাখা কঠিন হইয়া পড়িয়াছে শুধুমাত্র অস্থির রাজনৈতিক পরিস্থিতির কারণে। ইতোপূর্বে বিশ্বব্যাংক-এডিবিও বলিয়াছে প্রবৃদ্ধি হার কমিয়া যাইবে। গত কয়েক বত্সর ধরিয়া ছয় শতাংশের উপরে আমরা প্রবৃদ্ধি অর্জন করিয়াছিলাম। এইবারে তাহা ছয় শতাংশের নিচে নামিয়া যাইবে। ইহাতে যে দারিদ্র্যের হারও বাড়িবে, তাহা বলিবার অপেক্ষা রাখে না। উপরন্তুু, দেশে শিল্পকলকারখানা বন্ধ হইয়া প্রচুর কর্মক্ষম লোক বেকার হইয়া পড়িবে। বর্তমান সরকারের ঘরে ঘরে কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যতো অর্জন হইবেই না, বরং এমন পরিস্থিতি চলিতে থাকিলে বন্ধ হইয়া যাইবে শিল্পের চাকা। শিল্প বন্ধ হইলে, লোক বেকার হইলে, আয়-রোজগার না থাকিলে ভুক্তভোগীরাও ঘরে বসিয়া থাকিবে না। তখন তাহাদের চাপ সামলাইবার দায় নিবে কে? একইভাবে ব্যবসা-বাণিজ্য মুখ থুবড়াইয়া পড়িলে উদ্যোক্তাকে সুদের উপর সুদ, চক্রবৃদ্ধি হারে সুদ গুনিতে হইবে। খেলাপি ঋণের ভারে জর্জরিত হইবে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলি। সামগ্রিকভাবে অসাড় হইয়া পড়িবে অর্থনীতি। সেই পরিস্থিতি মোটেই আমাদের কাঙ্ক্ষিত নহে। বলিয়া রাখা ভাল, অর্থনীতির এই করুণ হাল হইলে তাহার দায়ও রাজনীতিবিদদের বহন করিতে হইবে। সেই কথাটি তাহারা হয়তো বেমালুম ভুলিয়া গিয়াছেন। রাজনীতিবিদরা দেশ পরিচালনা করিয়াছেন, করিতেছেন এবং করিবেন- ইহাই স্বাভাবিক। আর সেই কারণেই তাহাদের অদূরদর্শী নেতৃত্ব দেশের মঙ্গলযাত্রা কণ্টকাকীর্ণ করুক, তাহা প্রত্যাশিত হইতে পারে না। তাই দেশের অর্থনীতির স্বার্থে দ্রুত রাজনৈতিক অচলাবস্থা দূরীভূত করিয়া অর্থনীতির গতিপ্রবাহ স্বাভাবিক রাখিবার জন্য নেতৃত্বের সুদৃষ্টি কামনা করিতেছি। ইহাও বলিয়া রাখি যে, অন্যথা হইলে রাজনীতিবিদদের জন্যও তাহা সুখকর হইবে না।