[ সা ভা র ট্র্যা জে ডি ]
সাভার ম্যাসাকার ঃ একটি ‘গণহত্যা’ নয় কি?
প্রকাশ : ০৫ মে ২০১৩, ২২:২৪
সেপ্টেম্বর আমেরিকার নিউইয়র্ক শহরের টুইন টাওয়ার ধসে পড়ার ঘটনাটি ‘নাইন-ইলেভেনের’ ঘটনা বলে আখ্যায়িত। গত ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে পড়ার ঘটনাকে সেভাবেই ‘চার-চব্বিশের’ ঘটনা বলে আখ্যায়িত করা যেতে পারে। সেই ‘চার-চব্বিশে’ ঘটে গেল সাভার ম্যাসাকার। সাভার বাজার বাসস্ট্যান্ডে অবস্থিত রানা প্লাজা নামের নয়তলা ভবন ধসে প্রাণ হারালো শত শত আদম সন্তান, আহত হলো কয়েক হাজার মানুষ। এরা প্রায় সবাই রানা প্লাজায় অবস্থিত ৫টি পৃথক গার্মেন্ট কারখানার শ্রমিক। এটি কোনো দুর্ঘটনা ছিল না, ছিল একটি হত্যাকাণ্ড। ইংরেজিতে এটিকে ‘ডিজাস্টার’ বা ‘একসিডেন্ট’ না বলে ‘ম্যাসাকার’ বলাটাই সঠিক। দৈব দুর্বিপাকে নয়, মানুষের হাতেই ঘটেছে এই বিপুল প্রাণহানি।
আমেরিকার নিউইয়র্ক শহরের টুইন টাওয়ার ধসে মৃত্যু হয়েছিল ২,৭৯৩ জন মানুষের। নাইন-ইলেভেনের মনুষ্য সৃষ্ট ম্যাসাকারের পরিপ্রেক্ষিতে আমেরিকার সেনারা আফগানিস্তান ও ইরাক দখল করে নিয়েছে, সাদ্দাম-বিন লাদেনদেরকে হত্যা করেছে, আল কায়দা-তালেবান-বাথ পার্টির কর্মীদের নির্বিচারে হত্যা করে এই দলগুলোকে নিশ্চিহ্ন করার ব্যবস্থা করেছে, কোলেটারাল-ড্যামেজ নাম দিয়ে লক্ষ-লক্ষ বেসামরিক নারী-পুরুষ-শিশু-বৃদ্ধ মানুষকে হত্যা করেছে। নাইন-ইলেভেনের মৃতের সংখ্যার চেয়ে সাভারে ‘চার-চব্বিশের’ মৃতের সংখ্যা, এক তৃতীয়াংশ না হলেও, নিশ্চিতভাবে তার এক-চতুর্থাংশ ছাড়িয়ে যাবে। সে হিসেবে এটি একটি বিশাল ম্যাসাকার। কিন্তু তা নিয়ে যে পরিমাণ তোলপাড় হওয়া উচিত ছিল, তা হয়নি। অর্থমন্ত্রী বলেছেন ‘এটি একটি সামান্য ঘটনা’। মৃত্যুর ঘটনার এমন বিশালতায় তেমন দুঃখ নেই বিজিএমইএ-এরও। বরঞ্চ সাভার নিয়ে যে যত্সামান্য প্রচারণা মিডিয়াতে ঘটেছে, বিজিএমইএ-এর মতে তা নাকি অতিরিক্ত এবং জাতীয় ভাবমূর্তি ক্ষুণ্নকারী। সেরূপ কাজের জন্য তারা মিডিয়াকে অভিযুক্ত করেছে।
৬৫ বছর আগে সাভারের গেণ্ডা গ্রামে পৈতৃক ভিটায় আমার জন্ম হয়েছিল। জ্ঞান হওয়ার পর থেকে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করলেও বছরে এক-আধবার নৌকায়-লঞ্চে সাভার যাওয়া পড়তো। জ্ঞান হওয়া অবধি জেনেছি যে, সাভার প্রসিদ্ধ তার কবিরাজদের জন্য এবং মিষ্টির (বিশেষতঃ রসগোল্লার) জন্য। সেই মিষ্টি ও কবিরাজির প্রসিদ্ধি ছাপিয়ে সাভার এখন পরিচিতি লাভ করেছে তৈরি পোশাক (রেডিমেড গার্মেন্ট) শিল্পের একটি প্রধান কেন্দ্র হিসেবে। দেশের নানা জেলার নিভৃত পাড়াগাঁ থেকে লক্ষ লক্ষ অল্পবয়সী ছেলে-মেয়ে এখন গার্মেন্ট কারখানায় শ্রমিক হিসেবে কাজ করার জন্য সাভারবাসী হয়েছে। এদের মধ্যে অধিকাংশ হলো তরুণী।
বাইরে থেকে একই সাথে এসেছে একদল প্রভাবশালী বিত্তবানের দলও। কাঁচা টাকার লোভ দেখিয়ে তারা সুযোগ মতো কিনে নিয়েছে স্থানীয়দের বিক্রিযোগ্য জমিজমা। সরকারি খাস জমিও তারা কায়দামতো হাত করে নিয়েছে। অনেকে জোচ্চুরি করে বা জবরদস্তি করে দখল করেছে জমিজমা। এসব জমিতে কোনরকমভাবে বিল্ডিং তুলে স্থাপিত হয়েছে একের পর এক গার্মেন্ট কারখানা। বন-জঙ্গল, ডোবা-নালা, লাল মাটির ‘ট্যাক’ ও চরের ‘নামা জমি’ এবং পায়ে হাঁটা মেঠো পথের সেই ছেলেবেলার সাভার এখন আর নেই। সাভার এখন হয়ে উঠেছে একটি পুরোদস্তুর শিল্পাঞ্চল।
গার্মেন্ট শিল্পের সবচেয়ে মর্মান্তিক ম্যাসাকারগুলো ঘটেছে এই সাভারেই। কারখানা থেকে আতঙ্কিত হয়ে দ্রুত বের হতে যেয়ে বন্ধ গেইটের কাছে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে অসংখ্য। ঘটেছে অনেক ছোট-খাটো অগ্নিকাণ্ড ও অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা। ২০০৫ সালে বাইপাইল এলাকায় স্পেক্ট্রাম কারখানা ধসে মৃত্যু হয়েছে ৬৮ জন শ্রমিকের। এরপরে হামিম কারখানায় আগুনে পুড়ে মৃত্যু হয়েছে। পাঁচ মাস আগে ২০১২-এর ২৪ নভেম্বর জামগড়ার তাজরিন কারখানায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ১১১ জন (মতান্তরে ১২৪ বা কারো মতে ২শ’র কাছাকাছি) শ্রমিকের। দু’সপ্তাহ আগে ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে মৃত্যু ঘটেছে ৬ শতাধিক (এখনো পর্যন্ত সরকারি হিসেব অনুযায়ী) মানুষের। একেকটি মৃত মানুষ শুধু সংখ্যাতত্ত্বে নতুন একটি সংযোগ নয়, প্রতিটি নিহত মানুষকে কেন্দ্র করে একেকটি অনন্ত ভুবন। প্রেম-প্রীতি-ভালবাসা-দুঃখ-বেদনা-স্বপ্নের সেসব শত শত ভুবন মুহূর্তে নিঃশেষ হয়ে গেল। ’৭১-এর ৩০ লক্ষ মানুষের অতুলনীয় বিশাল গণহত্যার কথা বাদ দিলে এতো বড় মনুষ্য সৃষ্ট ম্যাসাকার এর আগে বাংলাদেশে কখনো ঘটেনি।
বন্যা-জলোচ্ছ্বাসের মতো নানা প্রাকৃতিক দুর্যোগ যে কোনো সময় ঘটতে পারে। সেসব ঘটছে হরহামেশাই। ভূমিকম্পে ভবন ভেঙ্গে পড়তে পারে। তাছাড়া, অসচেতন অবহেলাজনিত কারণেও নানা ধরনের দুর্ঘটনা ঘটাটা অস্বাভাবিক নয়। সেসব দুর্ঘটনায় মৃত্যু ঘটাটাও অসম্ভব নয়। কিন্তু রানা প্লাজা ধসে পড়েছে সচেতন অবহেলায় ও বেআইনীভাবে ভবন নির্মাণের পরিণতিতে। তাই এই ঘটনায় মৃত্যুকে দুর্ঘটনায় মৃত্যু বলা যায় না। এটি পরিষ্কারভাবে ছিল বুঝেশুনে সচেতন অবহেলার দ্বারা ঘটানো একটি ‘পাইকারী হত্যাকাণ্ড’। এটিকে ঠিক প্রচলিত অর্থে genocide তথা গণহত্যা বলাটা অনেকের বিবেচনায় আইনগতভাবে শুদ্ধ না হলেও, তাকে mass murder তথা ‘পাইকারী হত্যাকাণ্ড’ বলে আখ্যায়িত করাটা যথেষ্ট যুক্তিসংগত। অবশ্য genocideএর অর্থ যদি হয় একটি মানব অংশের (geno-) হত্যাকাণ্ড (cide-) (যেখানে homi-cide হলো মানুষ হত্যা), তাহলে সাভার ম্যাসাকারকে শ্রমিক শ্রেণির বিরুদ্ধে মালিক শ্রেণির পরিচালিত এক ধরনের টার্গেট করা সচেতন genocide বা গণহত্যা বলে চিহ্নিত করাটা খুব ভুল হয় না। বিশেষত যদি একাদিক্রমে গার্মেন্ট শিল্পে ঘটে যাওয়া ম্যাসাকারগুলোর পৌনপুনিকতাকে বিবেচনায় নেয়া হয় তাহলে এসব ঘটনাকে সহজ মুনাফার লোভে জেনেশুনে ঘটতে দেয়া শ্রমিক শ্রেণির বিরুদ্ধে গণহত্যা বলা যায় বৈকি!
ম্যাসাকারের পেছনে রানা প্লাজার মালিক স্থানীয় যুগলীগ নেতা সোহেল রানার অপরাধ সবচেয়ে বেশি বলে মনে করেন তথ্যাভিজ্ঞমহল। যেসব গুরুতর অভিযোগ রয়েছে, সেগুলো হলো— ১. যে জমিতে রানা প্লাজা নির্মিত হয়েছে তার একটি অংশ জনৈক হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তির নিকট থেকে সোহেল রানা জোর করে আত্মসাত্ করেছিল। ২. জমির মালিক হিসেবে দলিলে তার বাবার নাম থাকলেও, প্রকৃত কর্তৃত্বের বিচারে জমিটি ছিল সোহেল রানার সম্পত্তি। ৩. যে জমির উপর বিল্ডিংটি নির্মাণ করা হয়েছিল তার একটি অংশ ছিল গভীর পুকুর। মাটি বা বালু দিয়ে ভরাট না করে সে পুকুরটি ময়লা রাবিশ ইত্যাদি দিয়ে ভরাট করা হয়েছিল। ৪. বিল্ডিং-এর জন্য যথাযথ নকশা রাজউক থেকে অনুমোদন করা হয়নি। বিল্ডিং নির্মাণের জন্য কোনো স্ট্রাকচারাল প্ল্যান ছিল না। ৫. বিল্ডিং নির্মাণের আগে কোনো পাইলিং ও সয়েল টেস্টিং করা হয়নি। ৬. প্রয়োজনের চেয়ে হালকা নিম্ন মানের রড, সিমেন্ট, বালি ও অন্যান্য নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছিল। ৭. ৫তলা নির্মাণের জন্য পৌরসভা থেকে অনুমোদন নিয়ে তা নক্সা বহির্ভূতভাবে নির্মাণের পর, তার উপর অতি নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে যেনতেনভাবে অবৈধভাবে আরো ৪/৫ তলা নির্মাণ করা হয়েছিল। ৮. বিল্ডিংটি বাণিজ্যিক ভবন হিসেবে নির্মাণ করা হলেও সেখানে অসংখ্য ভাইব্রেটিং সেলাই মেশিন ও অন্যান্য যন্ত্রপাতি ও কয়েক হাজার শ্রমিকসহ ৫টি গার্মেন্ট কারখানা চালানোর জন্য ব্যবহার করা হচ্ছিল। ৯. বিল্ডিংয়ের ছাদে ও অন্যান্য তলায় ভারি জেনারেটর বসানো হয়েছিল। ১০. ২৩ এপ্রিল বিল্ডিংয়ে বিপজ্জনক ফাটল দেখা যায়! ইঞ্জিনিয়ার ও বিজিএমইএ এ বিষয়ে জানার পর চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা না করা পর্যন্ত দালানটিতে কাজ বন্ধ রাখতে বলে। দুপুরের পর শ্রমিকদের ছেড়ে দেয়া হয়। দোতলায় অবস্থিত ব্রাক ব্যাংক তার কাজ বন্ধ ঘোষণা করে এবং সেই দিনই ব্যাংকের অনেক জিনিসপত্র সরিয়ে নেয়। এতদসত্ত্বেও পরদিন শ্রমিকদের মেসেজ দিয়ে, মাইকে হুকুম দিয়ে, লাঠি দেখিয়ে ও মাসের বেতন আটকে দেয়ার ভয় দেখিয়ে কারখানার ভেতরে ঢোকানো হয়।
এই বিবরণ থেকে স্পষ্ট যে, দালান ধসে পড়তে পারে এমন কথা জেনেও ভবনের মালিক ও ৫টি গার্মেন্ট কারখানার মালিক বিল্ডিং খুলে দিয়ে ও কারখানা চালু করতে দিয়ে হাজার হাজার শ্রমিকের মৃত্যুর কারণ হিসেবে কাজ করেছে। তারা সবাই, এই পাইকারী হত্যাকাণ্ডের জন্য সর্বাংশে দায়ী।
সবাই জানে যে, ক্ষুধার্ত বাঘের খাঁচায় জোর করে জ্যান্ত মানুষ ঢুকিয়ে দিলে সে নির্ঘাত বাঘের পেটে যাবে। এভাবে কারো মৃত্যু ঘটানোর ব্যবস্থা করাটা যে একটি সচেতন হত্যাকাণ্ড তা নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে না। এভাবে, শত-শত হিংস্র ও ক্ষুধার্ত বাঘের খাঁচায় শত-শত মানুষকে জোর করে ঢুকানোর মতো, রানা প্লাজার পতন-প্রায় বিল্ডিংয়ে কয়েক হাজার শ্রমিককে জোর করে ঢুকিয়ে তাদের মৃত্যু অবধারিত করা হয়েছিল। বাঘের খাঁচায় জোর করে মানুষ ঢুকানোর মতো এ ঘটনাকেও তাই পাইকারী হত্যাকাণ্ড (mass murder) বলে সরাসরি চি?ি?হ্নত করতে কোনো দ্বিধা থাকতে পারে না।
সাভার ম্যাসাকার ছিল ধারাবাহিকভাবে গার্মেন্ট কারখানাগুলোতে একাদিক্রমে ভবন ধস, অগ্নিকাণ্ড, পদপিষ্ট ইত্যাদি কারণে ঘটে যাওয়া পাইকারী হত্যাকাণ্ডের তালিকায় সাম্প্রতিকতম ও ভয়াবহতম সংযোজন। সবক্ষেত্রেই হত্যাকাণ্ডের টার্গেট করা হয়েছে সমাজের একটি বিশেষ শ্রেণির মানুষকে। তারা হলো সস্তা মজুরিতে পাইকারীভাবে নিয়োগ পাওয়া গার্মেন্ট শ্রমিক। যেমন কিনা, দয়া করে তাদেরকে কাজ দিয়ে অনুকম্পা করা হয়েছে, এমনই অবহেলা ও তাচ্ছিল্যের আচরণ শ্রমিকদের প্রতি তাদের নিয়োগকর্তা মালিকদের। শ্রমিকরা যেন মানুষ না। তাদের একেকজনের বাজার দর তো দৈনিক ১০০ টাকা বা তার কিছু বেশি (নিম্নতম মজুরি যেহেতু ৩,০০০ টাকা)। ঝাঁকে ঝাঁকে রহিমা, মাজেদা, মকবুলের অঘটনে মৃত্যু হলে তাদের শূন্য স্থান পূরণের জন্য জনপ্রতি মাত্র ১০০ টাকা দিয়ে অসংখ্য সালেহা, আমেনা, জয়নাল পাওয়া যায়। তাই, তাদের মূল্য অতি তুচ্ছ। যা মূল্যবান ও গুরুত্বপূর্ণ তা হলো আরো বেশি বিদেশি অর্ডার আনা, আরো কম খরচে উত্পাদন করা, প্রকৃত মজুরি যতোটা সম্ভব কমিয়ে রাখা এবং মুনাফা কেবল বাড়ানো আর বাড়ানো। এজন্য নিরাপত্তার নিশ্চয়তা ছাড়াই কম খরচে নির্মিত ঝুঁকিপূর্ণ ভবনে কারখানার কাজ চালিয়ে দেয়া। অঘটন ঘটলে কুছ্ পরোয়া নেই। মরবে যারা তারা তো উত্সর্গযোগ্য (expendable)। নামমাত্র মূল্যের ‘শ্রমিক’। মৃত্যুর আগে তারা যে মালিকের বদান্যতায় কিছুদিন অল্প হলেও কাঁচা টাকার মুখ দেখতে পেল, সেটাই তো তাদের চৌদ্দগুষ্ঠীর ভাগ্য। অঘটন ঘটলে কয়েকদিন কিছু হৈ চৈ হবে। বীমার টাকায় লোক দেখানো ক্ষতিপূরণ দেয়া হবে। মালিকের গায়ে তেমন গুরুতর টোকা লাগবে না, কারণ তাকে বাঁচাতে মহাশক্তিধর বিজিএমইএ ও সরকার তো আছেই। তাই, জেনেশুনে শ্রমিকদেরকে মৃত্যুর ফাঁদে নিক্ষেপ করতে দ্বিধা কি? এভাবে শ্রমিক শ্রেণিকে টার্গেট করে তাদেরকে বিপজ্জনক মৃত্যু ফাঁদে ঢুকিয়ে হত্যা করা শুধু mass murder-ই নয়, সচেতনভাবে একটি বিশেষ সামাজিক শ্রেণির বিরুদ্ধে ধারাবাহিকভাবে তা পরিচালিত হওয়ায় তাকে এক ধরনের genocide বা গণহত্যা বলে আখ্যায়িত করা যায় বৈকি!
রানা প্লাজায় ফাটল দেখা দেয়ার পর ২৩ এপ্রিল তারিখেই সেই ভবন থেকে ব্র্যাক ব্যাংক সরিয়ে নিয়ে প্রতিষ্ঠানটির কাজ বন্ধের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সেই ভবনেই অবস্থিত ৪টি গার্মেন্ট কারখানার শ্রমিকদের বিপজ্জনক ভবনে ঢুকতে নিষেধ করা তো দূরের কথা, তাদেরকে ভয় দেখিয়ে জোর করে মৃত্যুকূপে ঢুকানো হয়েছিল। ব্র্যাক ব্যাংকের অফিসারদের জীবনের মূল্য আছে, কিন্তু গার্মেন্ট শ্রমিকরা তো ফেলনা মাল (!)।মৃত্যুর জন্য সমাজের বিশেষ একটি শ্রেণিকে টার্গেট করা হলে তাকে নিশ্চয়ই genocide বলা যায়।
সোহেল রানার মতো ব্যক্তির ও সাভার ম্যাসাকারের মতো ঘটনার উদ্ভব এদেশের সমাজে বিচ্ছিন্ন, ব্যতিক্রমী ও একেবারেই অপ্রত্যাশিত ব্যাপার নয়। আমাদের রাষ্ট্রব্যবস্থা ও সমাজে যে মানবিকতাহীনতা (dehumanization) দানা বেঁধেছে, সাভার ম্যাসাকারের মধ্য দিয়ে তা আরেকবার উলঙ্গভাবে প্রকাশ পেয়েছে। কিন্তু এই মানবিকতাহীন রাষ্ট্রব্যবস্থা ও সমাজ বাস্তবতার আরেক পিঠে সাভার ম্যাসাকার জন্ম দিয়েছে অপার মানবিকতার এক অপরূপ বিস্ফোরণ। উদ্ধার কাজে, চিকিত্সা সেবায়, ত্রাণে, সহায়তায়, সমবেদনা ও শুভকামনায় প্লাবনের মতো ছুটে এসেছে আপামর দেশবাসী, জাগ্রত হয়েছে কোটি জনতার মানবিকতা। একই সমাজে মানব ও দানব শক্তি পাশাপাশি অবস্থান করছে। দানব শক্তির আধিপত্যের ফলে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার সাধারণ চেহারাটা বর্তমানে দানবীয় রূপ ধারণ করে আছে। দানবের স্থলে মানব শক্তির আধিপত্য স্থাপন করতে পারলেই কেবল সাভার ম্যাসাকারের পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।
লেখক : সভাপতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
E-mail : selimcpb@yahoo.com