আলোকপাত
অস্থিতিশীল রাজনীতিতে জনগণ উদ্বিগ্ন
প্রকাশ : ০৫ মে ২০১৩, ২২:২৪
২০০৯ সালের ৫ জানুয়ারি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে বর্তমান সরকার। এই সরকারের ক্ষমতা গ্রহণের পর-পরই ২৫ ফেব্রুয়ারি ঘটে স্মরণকালের এক মর্মান্তিক হত্যাকাণ্ড। পরিকল্পিতভাবে বিডিআর বিদ্রোহে ৫৭ জন পদস্থ সামরিক কর্মকর্তার হত্যাকাণ্ড ঘটে। সরকারের যাত্রারম্ভেই এরকম একটি অশুভ ঘটনা বিবেকবান মানুষকে স্তম্ভিত করে তোলে। সরকার পরিচালনার প্রথম থেকেই লক্ষ্য করা গেছে তাদের মাঝে কোথাও সমন্বয়ের লেশমাত্র ছিল না। একবার এক মন্ত্রী বলে এক কথা আবার অন্য মন্ত্রী বলে আরেক কথা। শুধু মন্ত্রী পরিষদেও নয়, সরকারের প্রশাসনের বিভিন্ন সেক্টরেও তা প্রতীয়মান হয়েছে। যার ফলে বর্তমানে অনেকটা স্থবির হয়ে গেছে প্রশাসন। ঘুষ, দুর্নীতি আজ যে কোন সেক্টরে এমনভাবে বাসা বেঁধেছে যে, জনসাধারণ কোন কাজ করতে গেলেই হিমশিম আর নাকানি-চুবানি খেতে হয়। ঘুষ ছাড়া যেন এক টেবিল থেকে অন্য টেবিলে ফাইল চলে না। এই যদি হয় প্রশাসনের অবস্থা তাহলে জনগণ কোথায় যাবে, কোথায় গিয়ে আশার আলো দেখবে।
আর বর্তমান সময়ে খুন, গুম, হত্যা, নির্যাতন এত বেড়ে গেছে যে, মানুষের মনে সর্বক্ষণ আতঙ্ক আর অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মানবাধিকার, মৌলিক অধিকার, গণতন্ত্র আর আইনের শাসন চরমভাবে অধঃপতিত হচ্ছে। সেই সঙ্গে দলীয়করণের কারণে প্রশাসন, আইন বিভাগ হুমকির সম্মুখীন। একই কারণে সরকারের ছাত্র সংগঠনের চাঁদাবাজি, টেন্ডারবাজি এমনভাবে বেড়ে গেছে যে, কোন কাজই করা যাচ্ছে না।
এমনিতেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে জনজীবনে সীমাহীন দুর্গতি। গ্যাস, বিদ্যুত্ ও পানির অভাবে জনজীবন বিপর্যস্ত। তার মধ্যে ব্যাংক, শেয়ারবাজার, পদ্মা সেতু, ইউনিপে টু ইউ, হলমার্ক, ডেসটিনিসহ অসংখ্য সেক্টরে দুর্নীতির মাধ্যমে জনগণের অর্থ লুট স্পষ্ট হয়েছে। অথচ সরকার এ পর্যন্ত এর কোন হদিস খুঁজে পাচ্ছে না। ফলে দেশের অর্থনীতি হচ্ছে স্থবির। ব্যাংকিং খাত হচ্ছে দেউলিয়া। এমতাবস্থায় সরকার জনগণের নিকট থেকে অনেক দূরে সরে আসছে। জনগণ কি চায়, জনগণের সেন্টিমেন্ট কি সেদিকে সরকারের যেন কোন লক্ষ্যই নেই।
বিরোধী দলগুলো নির্বাচন নিয়ে যে দাবি দীর্ঘদিন যাবত্ করে আসছে সরকারের যেনো সেদিকে ভ্রূক্ষেপ নেই বললেই চলে। অথচ গণতান্ত্রিক দেশে বিরোধী দল হলো আরেকটি ছায়া সরকার। তারা সরকারের ভুলত্রুটি তুলে ধরবে এটাই স্বাভাবিক। কিন্তু বর্তমান সরকার নিজেদের আসন পাকাপোক্ত করবার জন্য মরিয়া হয়ে গেছে। তারা বিরোধী দলের দাবিকে পরোয়া না করে কিভাবে আবার ক্ষমতায় আসা যাবে সে চেষ্টায় ষড়যন্ত্রের জাল বুনছে। তারা বিরোধী দলের নেতাদের ধরে নিয়ে হামলা-মামলা দিয়ে নাজেহাল করছে। যেভাবে তাদের ধরে নিয়ে যাচ্ছে তাতে নিশ্চিত মানবাধিকার লংঘিত হচ্ছে। তারা নাকি ট্রাইব্যুনাল গঠন করবার পরিকল্পনা করছে। তাহলে কি তারা নেতাদের ধরে ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তি দেবে?
এই যে গত ক’দিন আগে হেফাজতে ইসলামের সম্মেলন হয়ে গেলো। এতো বড় সম্মেলন আর হয়েছে কিনা তা আমাদের সন্দেহ। আন্দোলন যেভাবে হচ্ছে এ থেকেই হয়তো নতুন নেতার সৃষ্টি হবে। নারীরা অবশ্যই কর্মে থাকবে কিন্তু আমরা কখনো বেপরোয়া হবো না। যেহেতু শতকরা ৮০% জন লোক আমাদের মুসলমান। সেজন্য ইসলামি মূল্যবোধকে অবশ্যই বিশ্বাস করতে হবে। একসঙ্গে কাজ না করে, আড্ডা আর বেহায়াপনা করা ঠিক নয়।
দেশ এক অনিশ্চিত অন্ধকারের দিকে যাচ্ছে। বিরোধীদল বলছে অবশ্যই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। এবং সে নির্বাচন হবে সুষ্ঠু ও সুন্দর। আবার সরকার বলছে দলীয় সরকারের অধীনে হবে নির্বাচন। এমন অবস্থার মধ্যে পড়ে দেশ কোথায় যাচ্ছে। তা যদি না হয় তাহলে ১/১১-এর দিকে দেশ এগিয়ে যাবে। গণতন্ত্র হবে ভূলুণ্ঠিত। তাই আমাদের রাজনীতিবিদদের উচিত সব দলের মধ্যে সংলাপের ব্যবস্থা করে সমঝোতার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পন্থা বের করা।
লেখক :আইনজীবী