স্টাইলশপ

পাশ্চাত্যের হাওয়ায় আর্টিস্টি

ফ্যাশনের ধ্বজা সব সময়ই আধুনিক শহুরে তরুণ-তরুণীরা বয়ে বেড়ায়। তাদের ফ্যাশন সচেতনতাই ফ্যাশনে বারবার এনেছে বৈচিত্র্য এবং ঘটিয়েছে নতুন ফ্যাশনের আগমন। তবে, ফ্যাশন বৈচিত্র্যের প্রকাশ তরুণ-তরুণীদের মাধ্যমে ছড়ালেও ফ্যাশনের সৃষ্টিশীলতা ও বৈচিত্র্যের মূল কারিগর ফ্যাশন হাউসগুলো। তরুণদের কাছে তেমনি জনপ্রিয় এক ফ্যাশন হাউস আর্টিস্টি। ঘুরে এসে লিখেছেন সাজেদুল ইসলাম শুভ্র ও ছবি তুলেছেন দীপঙ্কর দীপু নগরীর ফ্যাশন হাউসগুলো ফ্যাশন সচেতন তরুণ-তরুণীদের ভিড়ে সর্বদা কোলাহল মুখর। ফ্যাশন অনুরাগী তরুণ-তরুণীদের নিকট আর্টিস্টি কালেকশনের রয়েছে অন্য রকম সমাদর। চোখ ধাঁধানো ফ্যাশন বৈচিত্র্যের জন্য আর্টিস্টি কালেকশন তার গ্রাহকদের নিকট এক অবিচল আস্থার নাম। কামাল আতাতুর্ক এভিনিউ, গুলশান ২-এ আর্টিস্টির শাখাটি সাজানো হয়েছে শুধুই ছেলেদের ফ্যাশনে। ঢুকতেই চোখে পড়বে ফরমাল শার্টের সারি। রয়েছে ফরমাল টাই আর প্যান্টও। এগুলো সবই তরুণ কর্পোরেটদের উদ্দেশ্য করে তৈরি করা হয়েছে। রয়েছে ফরমাল সু-এর বিশাল সংগ্রহ। নিজস্ব এবং বাইরের, সব ধরনের সংগ্রহ রয়েছে এখানে, আপনার শুধু পছন্দ করে নিতে হবে। বরাবরই আর্টিস্টি পাঞ্জাবির জন্য সমাদৃত সবার কাছে। আর্টিস্টির বিশাল গ্যালারিজুড়েই নজরকাড়া সব পাঞ্জাবির আয়োজন। পাঞ্জাবি কালেকশনে রয়েছে আর্টিস্টি কোর্তা। এখানে বিভিন্ন ডিজাইনের শর্ট আর্টিস্টি কোর্তার দাম পড়বে ২ হাজার ৯৯৫ থেকে ৩ হাজার ৯৯৫ টাকা। আর্টিস্টি লং কোর্তা ৫ হাজার ৯৯৫ থেকে ৭ হাজার ৯৯৫ টাকা। সিল্ক, অ্যান্ডি কটনসহ বিশেষ কালেকশন হলো লিলেন সুতার ব্যাক টু ফিউচার। পায়জামাসহ যার দাম ৭ হাজার টাকা। এ পাঞ্জাবির বিশেষ বৈশিষ্ট্য হলো এটি এমনভাবে তৈরি হয়েছে যে, এতে ব্যাকটেরিয়া আক্রমণ করবে না। এর প্রতিটি পাঞ্জাবির সঙ্গে ম্যাচিং পায়জামা পাওয়া যাচ্ছে। রয়েছে কাবুলি পাঞ্জাবি ৩ হাজার ৫৯৫ থেকে ৫ হাজার ৫৯৫ টাকার মধ্যে। আর্টিস্টির এই শাখাতে ফরমালের বাইরেও রয়েছে নানান ধরনের ক্যাজুয়াল শার্ট, রয়েছে টি-শার্ট। সেগুলোর দাম মানের বিচারে সামঞ্জস্যপূর্ণ। আর আর্টিস্টিতে পাবেন আপনার পছন্দের অনেক পারফিউম, আলাদা এক কর্নারে সারিতে সারিতে সাজানো রয়েছে অনেকগুলো পারফিউম। তাদের শাখাগুলোর মধ্যে একমাত্র বসুন্ধরায় বাচ্চাদের আইটেম পাওয়া যায়, অন্য আর কোনো শাখায় বাচ্চাদের আইটেম পাওয়া যায় না। সবচেয়ে বড় শাখা বসুন্ধরা মেগা মলে যেসব পণ্য পাওয়া যায় সেগুলো হলো ছেলেদের শার্ট, প্যান্ট, টি-শার্ট, পাঞ্জাবি, শেরোয়ানি, ওয়ালেট, জিন্স, পারফিউম, বেল্ট, জুতা, টাই এবং বাচ্চাদের টপস, ফ্রগ, শর্টপ্যান্ট, স্কার্ট, থ্রিকোয়ার্টার প্যান্ট, জিন্স, কটন ও বাচ্চা ছেলেদের টি-শার্ট, শার্ট, সোয়েটার, ফুল প্যান্ট, জিন্স, কটন প্যান্ট, ফুল স্লিভ টি-শার্ট, শর্ট স্লিভ টি-শার্ট, থ্রিকোয়ার্টার প্যান্ট, স্লিপার, কনভারস। কর্পোরেট বা বড় ক্রয়ের জন্য তাদের যেকোনো শাখায় যোগাযোগ করলেই হবে। এখানে ১০০% মানি ব্যাক করা হয় এবং পণ্য যেকোনো শাখায় ফেরত বা পরিবর্তন করা যায়। তারা বছরে একবার মাত্র ছাড় দিয়ে থাকে, সেটা হলো সামার ডিসকাউন্ট। ছাড়ের পরিমাণ ৬০%।