ফুডজোন
ঘুরতে ঘুরতে চায়না খাবার
প্রকাশ : ০৬ মে ২০১৩, ১৯:৩৮
খেতে বসেছেন। হঠাত্ পায়ের নিচের কাঠের পাটাতন ঘুরতে শুরু করল। এই দেখলেন বাইরে এক দৃশ্য। একটু পরেই হয়তো বদলে গেল তা। মানে ঘুরছেন আপনি! কী, অবাক লাগছে? মেইনল্যান্ড চায়না রেস্টুরেন্টে খেতে গেলে এমন মজার অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হবে আপনাকে। আর ১৪ তলার ওপর থেকে ঢাকা শহর দেখার অভিজ্ঞতা তো থাকছেই। ঢাকা থেকে যেতে উত্তরা ৩ নম্বর সেক্টরের মূল সড়কের পাশেই ১৫ তলা এক দালান। এর ছাদেই মেইনল্যান্ড চায়না। নামের সঙ্গে মিল রেখে এখানকার খাবারও খাঁটি চীনা। তবে রেস্তোরাঁটির মালিকানা চীনা নয়, ভারতীয়। দেশের বাইরে ঢাকাতেই মেইনল্যান্ড চায়নার প্রথম আন্তর্জাতিক শাখা। এখানে বিভিন্ন ধরনের চাইনিজ খাবারের পাশাপাশি রয়েছে ঐতিহ্যবাহী চাইনিজ ডেকোরেশন ও ক্রোকারিজ। রেস্টুরেন্টের ব্যবহূত প্রতিটি সামগ্রী চৈনিক সভ্যতার আদলে। ভারতের নাগরিক অঞ্জন চ্যাটার্জি মেইনল্যান্ড চায়না রেস্টুরেন্টের প্রধান কর্ণধার। ঢাকা শাখার ম্যানেজারের দায়িত্বে রয়েছেন সত্যজিত্ দাস। গোলাকৃতি রেস্তোরাঁর ঠিক মাঝখানে ছয় ফুট লম্বা কয়েক জন প্রাচীন চায়নিজ যোদ্ধা পাহারা দেবেন পুরোটা সময়। তবে তারা আসল নন, ভাস্কর্য! অন্দরসজ্জা থেকে পরিবেশন—সর্বত্রই একটা বনেদি ভাব। গোলাকৃতি রেস্টুরেন্টটিতে চোখ বুলিয়ে ফেলতে পারবেন একনজরেই। একবারে ১২০ জন খেতে পারবেন। ঘূর্ণায়মান গোল অংশটিতে মোট আসন আছে ৭৬টি। ৪, ৬, ৮ ও ১০ সিটের টেবিল সব সময় সাজানো থাকে চাইনিজ ক্রোকারিজ দিয়ে। ঘূর্ণায়মান অংশের মাঝখানে এক ফুট উঁচু অংশে আছে আরও ২৪ জনের বসার জায়গা। এ ছাড়া গোল সার্কেলের শেষে প্রান্তে ২ সিটের টেবিল আছে ১০টি। খাবারের পাশাপাশি বাড়তি পাওয়া যাবে চৈনিক সংগীতের মূর্ছনা। এখানে রয়েছে ২৪ জন দক্ষ ওয়েটার। আরও আছে ৫ জন চাইনিজ ও ভারতীয় রান্নায় পারদর্শী শেফ। এই খাবারগুলো পুরোটাই চাইনিজ। ব্যবস্থাপক বলেন, ‘চায়নিজদের মূল রেসিপিগুলো আমাদের এই অঞ্চলের মানুষ ঠিক খেতে পারে না। তাই সবাই এটার সঙ্গে থাইসহ বিভিন্ন খাবার মিশিয়ে অন্য রকম করে ফেলে। আমরা চীনের বিভিন্ন প্রদেশের আলাদা আলাদা স্বাদ তুলে এনেছি এখানটায়, সামান্য এদিক-সেদিক করে। তবে একেবারে ভিন্ন স্বাদ মেশানো হয়নি। সে জন্যই অথেনটিক চায়নিজ খাবার বলছি আমরা।’ ঘূর্ণায়মান রেস্টুরেন্টে বসে রাতের ঢাকা দেখা আর অথেনটিক চায়নিজ খাবারের স্বাদ একসঙ্গে পেতে আজই চলে যেতে পারেন মেইনল্যান্ড চায়নায়।
এক নজরে
কোথায় :সিয়াম টাওয়ার, ১৫ তলা, প্লট-১৫, সেক্টর-৩, উত্তরা, ঢাকা।
কখন যাবেন :সপ্তাহে সাতদিনই দুপুর ১২ টা থেকে বিকাল ৪টা, সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা
কী খাবেন :এখানে উল্লেখযোগ্য কিছু খাবারের মধ্যে আছে—প্রন হারগাও, সানজি, সাঙসি ক্র্যাব মিট স্যুপ, পিপারি লেমন স্যুপ, ডার্ক মিট, চায়নিজ ক্যাবেজ থিক স্যুপ, ৪ ধরনের ট্রেজার সি ফুড স্যুপ, চিকেন থাইপে, জিয়াং চিকেন, রোস্ট ডার্ক ইন চিলি প্লাম সস, ম্যাংগলিয়ান গ্রিল ল্যাম্ব।
ব্যবস্থাপকের ভাষ্য :ঢাকার ম্যানেজার সত্যজিত্ দাস বলেন, ‘বাংলাদেশে যেমন বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের রান্না হয়, চীনের প্রতিটি রাজ্যের রান্না ঠিক বিভিন্ন স্বাদের। মেইনল্যান্ড চায়নায় পাওয়া যাবে চীনের বিভিন্ন রাজ্যের মজাদার খাবার।’