রঙে রঙিন চুল
প্রকাশ : ০৬ মে ২০১৩, ১৯:৪১
নারীর সৌন্দর্যের একটি আকর্ষণীয় দিক হচ্ছে চুল। সুন্দর চুল কে না পছন্দ করে। সেই চুল সুন্দর করতে, আরও কত চেষ্টাই না করা হয়। হাল ফ্যাশনে অনেকেই চুল কালার করছে। কালার তো করলেন ঠিকই। কিন্তু এত সুন্দর রঙিন চুল রঙিন রাখতে প্রয়োজন বাড়তি কিছু যত্নের। নয়তো আপনার পছন্দের রঙিন চুল নষ্ট হয়ে যেতে পারে। আবার ভুল পরিচর্যায়ও নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তাই রঙিন চুল কীভাবে যত্ন নেবেন সে বিষয়ে সঠিক ধারণা থাকা দরকার। আর দেরি নয়, চলুন জেনে নেওয়া যাক কেমন হবে রঙিন চুলের যত্ন।
গরমে ঘামের লবণ পানি এবং কড়া রোদে রং করা চুল সহজেই খারাপ হয়ে যায়। চুলের রং হালকা হয়ে যায়। এ ক্ষেত্রে রং করার আগেই আলট্রাভায়োলেট ফিল্টার আছে এমন পণ্য ব্যবহার করুন চুলে। এটি রোদের হাত থেকে চুলকে রক্ষা করবে। সাঁতার কাটার অভ্যাস থাকলে সাঁতারের পর চুল ভালো করে ধুয়ে নিতে হবে। রং করা চুলের ক্ষেত্রে বিশেষ ধরনের শ্যাম্পু পাওয়া যায়। বিশেষ ধরনের কন্ডিশনারও বাজারে পাওয়া যায়; যা চুলের রং ঠিক রেখে পরিষ্কার করে। রং করা চুলের বেলায় মোছার ক্ষেত্রে তোয়ালে হাতে নিয়ে হালকাভাবে মুছে নিন; জোরে ঘষবেন না। এতে চুলের কিউটিকল নষ্ট হয়ে যাবে, রং হালকা হয়ে যাবে। মাসে অন্তত একবার কন্ডিশনিং ট্রিটমেন্ট করান। চুলের রং ও স্বাস্থ্য ঠিক থাকবে।
যত্নটা সঠিকভাবে...
সপ্তাহে একবার ওয়ার্ম অয়েল ম্যাসাজ করুন। চুল ভালো থাকবে।
ব্লো ডাই বেশি করবেন না।
অতিরিক্ত হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না। চুল থেকে অন্তত ৩ ইঞ্চি দূরত্বে হেয়ার ড্রায়ার ধরে রাখুন।
বৃষ্টিতে চুল ভিজলে নিস্তেজ ও রুক্ষ হয়ে পড়ে। তাই বৃষ্টিভেজা চুল দ্রুত পানি দিয়ে ধুয়ে ফেলবেন।
ভেজা চুল আঁচড়াবেন না। কারণ এতে চুলে খুশকি হতে পারে।
তৈলাক্ত চুলে ঘন কন্ডিশনার ব্যবহার না করে হেয়ার রিনজ ব্যবহার করুন।
রইল কিছু পরামর্শ
রং করার আগে রূপ বিশেষজ্ঞের পরামর্শ নিন। চুলের ধরন বুঝে রং করা না হলে চুল পড়া, চুলকানি বা ত্বকে অ্যালার্জি হতে পারে।
চুলে হাইলাইটস করতে চাইলে দুই মাস আগ থেকে মেহেদি ব্যবহার বাদ দিন।
রং করা চুল স্প্রে করা থেকে বিরত থাকুন।
এক্সটেনশন করা চুল মোটা দাঁড়ের চিরুনি দিয়ে আঁচড়ান।
মডেল নীলা